'এ' ফর অ্যাডিলেড, 'বি' ফর ব্রিস্টল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ব্যাট কী দেবে এবার? মুশফিকুর রহিমের জন্য ইংল্যান্ড স্মৃতিকাতর করে তোলার মতো এক নাম
এই ব্যাট কী দেবে এবার? মুশফিকুর রহিমের জন্য ইংল্যান্ড স্মৃতিকাতর করে তোলার মতো এক নাম

বি, সি, এ, ডি। উলট-পুরাণের মতো উল্টো ইংরেজি বর্ণপরিচয় এ নয়। বাংলাদেশের ব্রিটিশ সাম্রাজ্যে ‘হানা’ দেওয়ার ইতিহাসটা যে এভাবেই লেখা হয়েছে। এবং হয়তো হবে!

‘বি’ দিয়ে বল আর ‘সি’ দিয়ে ক্রিকেটের এই খেলায় বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই জয় পেয়েছে ব্রিস্টল আর চট্টগ্রামে। যে দুই ভেন্যুর নামের আদ্যক্ষর বি আর সি। তৃতীয় জয়টি অ্যাডিলেডে। বাংলাদেশ এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে যে তিনটি জয় পেয়েছে, তিনটি ভেন্যুর আদ্যক্ষর এ-বি-সি। সামনেই ঢাকায় ম্যাচ। ‘সি’-এর পর তো ‘ডি’-ই হয়। ‘ই’ দিয়ে শুরু ইংল্যান্ড কি আর তা জানে না!

এফ: ফাস্ট বোলার। দুই দলের টেস্ট-ওয়ানডে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দুই দলের দ্রুতগতির বোলাররা। দুই দলের মোট উইকেট পড়েছে ৪৬৩টি। এর মধ্যে দ্রুতগতির বোলাররাই নিয়েছেন ২৮৯টি উইকেট। ৬২ শতাংশ উইকেট ফাস্ট বোলার বা পেসারদের দখলে। ‘এফ’-এ ফ্লিনটফও হয়। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ তিনবার ম্যাচসেরা ও একবার সিরিজ–সেরা হওয়া এই অলরাউন্ডার অবশ্য বিদায় নিয়েছেন আগেই।

জি: গ্রায়েম। সব ধরনের ক্রিকেট মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৩১ উইকেট নিয়েছেন গ্রায়েম সোয়ান। ফলে পেস ইংল্যান্ডের মূল শক্তি হলেও স্পিনে বাংলাদেশের বেশি উইকেট চলে যাওয়া বলে দিচ্ছে, একদিকে বেশি নজর দিতে গিয়ে বাংলাদেশ আবার ‘বেহুলার বাসর’ যেন না বানিয়ে ফেলে!

এইচ: পেস জুটি হিসেবে অবশ্য বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে সফল হার্মিসন ও হগার্ড। এই দুই ‘এইচ’-এর ক্যারিয়ারই অবশ্য শেষ।

আই: ইমরুল কায়েস। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন জয়ের দ্বিতীয়টিতে ম্যাচসেরা হয়েছিলেন ইমরুল। ২০১১ বিশ্বকাপে।

জে: জাভেদ ওমর। ইংল্যান্ড-বাংলাদেশ প্রথম মুখোমুখি হয়েছিল ২০০০ সালের নকআউট বিশ্বকাপে। নাইরোবির সেই ম্যাচে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ৬৩ রান ছিল জাভেদের। ২০০৫ সালে ইংল্যান্ডে প্রথম সফরেও টেস্ট সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৫৫ রান করেছিলেন এই ওপেনার।

কে: খালেদ। ২০০৩ সালে ইংল্যান্ড প্রথম বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলে। সেই সিরিজে বাংলাদেশের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ।

এল: লর্ডস। ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর এই ক্রিকেট-তীর্থেই। ২০১০ সালে ফলোঅন করতে নেমে বাংলাদেশ ৩৮২ রান তুলেছিল। পাঁচ বছর আগে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ প্রথম টেস্টও খেলেছিল এই লর্ডসেই।

এম: মাশরাফি। মাহমুদউল্লাহও। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের তিন জয়ের দুটিরই নায়ক এই দুজন। ‘এম’ দিয়ে মুশফিকও। ২০০৫ সালে এই ইংল্যান্ডের বিপক্ষেই যাঁর আন্তর্জাতিক অভিষেক। ১৬ বছরের কিশোর নেমে গেলেন লর্ডসে প্রথম টেস্ট খেলতে।

এন‍: নাফিস ইকবাল। ২০০৩ সালে ইংল্যান্ডের প্রথম বাংলাদেশ সফরে প্রস্তুতি ম্যাচে চমকে দিয়েছিলেন নাফিস। বিকেএসপিতে ১১৮ রানের ইনিংস খেলার পর ইংলিশ স্পিনার অ্যাশলি জাইলস ও গ্যারেথ ব্যাটিকে বলেছিলেন ‘অর্ডিনারি’।

ও: ওপেনিং। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট কিংবা ওয়ানডে দুটিতেই বাংলাদেশ সবচেয়ে বেশি রান এসেছে ওপেনিংয়ে। দুটি জুটিই ইমরুল-তামিমের। ওয়ানডেতে ৮ ইনিংসে ২৪৩ রান; টেস্টে সমান ইনিংসে ৫২৩ রান।

পি: পল কলিংউড। একই ম্যাচে সেঞ্চুরি ও ৬ উইকেট নেওয়ার কীর্তি আছে পল কলিংউডের। ২০০৫ সালে ট্রেন্ট ব্রিজে বাংলাদেশের বিপক্ষে তাঁর এই অর্জনটি বিশ্ব রেকর্ড। ভিভ রিচার্ডসের এক ম্যাচে সেঞ্চুরি ও ৫ উ​ইকেট আছে। তবে সেঞ্চুরি ও ৬ উইকেট শুধুই কলিংউডের।

কিউ: কুইকেস্ট। দুই দলের টেস্ট সিরিজে দ্রুততম সেঞ্চুরি তামিমের। ২০১০ সালে লর্ডসে ৯৪ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম।

আর: রাজ্জাক। ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট আবদুর রাজ্জাকের (১২টি)।

এস: সাকিব আল হাসান। সব ধরনের ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সাকিব (২৮টি)। টেস্টেও সবচেয়ে বেশি উইকেট তাঁর (১৭টি)। ‘এস’ ​দিয়ে স্ট্রাউসও। ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিশ্চিত করায় বড় ভূমিকা রাখা অ্যান্ড্রু স্ট্রাউস ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ১৫৪ ও ১৫২ রানের দুটি ইনিংস খেলেছেন। যেটি ওয়ানডেতে দুই দলের মধ্যে সর্বোচ্চ।

টি: ট্রট। দুই দলের লড়াইয়ে একটিই ডাবল সেঞ্চুরি হয়েছে। করেছেন জনাথন ট্রট। ২০১০ সালের লর্ডস টেস্টে।

ইউ: আম্পায়ার। এখনকার স্বনামধন্য আম্পায়ার আলিম দারের আম্পায়ার হিসেবে টেস্ট অভিষেক হয়েছিল ২০০৩ সালে বাংলাদেশ-ইংল্যান্ড ঢাকা টেস্টে।

ভি: ভন। টেস্ট সিরিজে দুই দলের অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি রান মাইকেল ভনের।

ডব্লু: ওয়ার্ল্ড কাপ। ওয়ানডেতে বাংলাদেশের তিন জয়ের দুটিই বিশ্বকাপে।

এক্স: অর্থ হয় ‘সাবেক’। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর টেস্ট অধিনায়কের পদও ছেড়ে দেওয়ার ঘোষণা দেন নাসের হুসেইন। সেবার বাংলাদেশ সফরটি ছিল সাবেক অধিনায়কের ভূমিকায় তাঁর প্রথম সফর।

ওয়াই: ইয়ার্ডি। ২০১০ সালে বাংলাদেশ বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই ছয়ে ব্যাট করে ১০ রান করে করেছিলেন ইংল্যান্ডের মাইকেল ইয়ার্ডি।

জেড: জিরো! নাসের হুসেইনের টেস্ট ক্যারিয়ারের ১৪ শূন্যের শেষটি বাংলাদেশের বিপক্ষে, ২০০৩ সালের ঢাকা টেস্টে।