>

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। তবে কাল ধর্মশালায় আজকের ম্যাচ নিয়ে যতটা নয়, তার চেয়ে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে নিয়েই বেশি কথা বলতে হলো বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে
* তাসকিন-আরাফাত সানি সন্দেহজনক অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছেন। ব্যাপারটা কীভাবে দেখছেন?
হাথুরুসিংহে: আমাদের দুজন বোলারকে নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এখন আইসিসির যে নিয়ম আছে, সেটার মধ্য দিয়ে যেতে হবে দুজনকে।
* এটা দলের ওপর কতটা প্রভাব ফেলতে পারে?
হাথুরুসিংহে: আপনি কীভাবে নিচ্ছেন, সেটাই আসল ব্যাপার। বোলার হিসেবে তাদের বিশ্বাস রাখতে হবে, তারা যেটা করছে সেটাই ঠিক। আমরা মনে করি, এত উদ্বেগের কিছু নেই। গত কিছুদিনে তারা কম ক্রিকেট খেলেনি। আমরা আসলেই বিস্মিত। তবে আমার মনে হয় না, এই পর্যায়ে এসে এটা কোনো প্রভাব ফেলবে।
* আপনি কি মনে করেন তাঁদের অ্যাকশনে সমস্যা আছে?
হাথুরুসিংহে: না, একদমই না।
* আইসিসির এই সময়ে অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলাটাকে কীভাবে নিচ্ছেন?
হাথুরুসিংহে: ওঁদের যদি আমাদের বোলারদের নিয়ে প্রশ্ন থাকে, তাহলে আমাদেরও ওঁদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন আছে। আমার মনে হয় না কাজটা ঠিক হয়েছে। গত ১২ মাস তো ওরা একই রকম বল করে আসছে। এই আম্পায়াররা যেহেতু তাদের (তাসকিন-সানি) ম্যাচে আগেও দায়িত্ব পালন করেছেন, কে জানে...কাল নিশ্চয়ই ওরা অন্য কোনোভাবে বল করেছে।
* মুস্তাফিজুরকে কেমন মনে হচ্ছে?
হাথুরুসিংহে: সে এখনো শতভাগ ফিট নয়। কাল (আজ) তাকে আরেকবার আমরা দেখব। সে খেলার জন্য তৈরি কি না, এই পরিস্থিতিতে আমরা এখনই সে রকম কিছু বলতে পারছি না।
* দলের ব্যাটিং নিয়ে কি খুশি?
হাথুরুসিংহে: খুব একটা নয়। আরও বেশি রান করতে পারলে আমি খুশি হতাম। কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে নিয়ে একটু উদ্বেগ আছে। আমরা জানি তারা আরও ভালো কিছু করতে পারে। তবে আশার কথা, আমরা লড়াই করার মতো স্কোর করতে পারছি। দলের ছয়-সাতজন ব্যাটসম্যানের সবাইকে জ্বলে উঠতে হবে এমন কথা নেই। তবে আমাদের সৌভাগ্য, যারা ভালো করছে তারা বড় রান পাচ্ছে। আশা করি, বাকিরাও খুব শিগগির নিজেদের খুঁজে পাবে।
* আবহাওয়া নিয়ে কি কোনো উদ্বেগ আছে?
হাথুরুসিংহে: কিছুটা তো আছেই। গত ম্যাচে শিশিরও একটু প্রভাব ফেলেছিল। সেটাও আমাদের মাথায় রাখতে হবে।
* ফসকে যাওয়া ক্যাচগুলো নিয়ে কি একটু অস্বস্তি আছে?
হাথুরুসিংহে: ভালো একজন ফিল্ডারের হাত ফসকে গেলে সেটা অবশ্যই তার জন্য আক্ষেপের। কেউ ক্যাচ ধরতে না পারলে অবশ্যই সেটা নিয়ে আমি ভাবব। কিন্তু এ থেকে শিক্ষা নিতে না পারলেই আমি সেটাকে সমস্যা মনে করব।
* শেষ ম্যাচটা কি স্বস্তি এনে দিয়েছে দলকে?
হাথুরুসিংহে: জয় তো জয়ই, তবে ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি ছিল। আমি ছেলেদের কাছ থেকে আরও ভালো কিছু আশা করি। এটাও মাথায় রাখতে হবে, মাত্র আড়াই দিন আগে আমরা ঢাকায় ম্যাচ খেলেছি। এর পর গোটা একটা দিনের ভ্রমণ, উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া—এসব ব্যাপার তো আছেই। আমরা তো মানুষ, যন্ত্র নই। সব সময়ই আমাদের উন্নতির জায়গা আছে।
* আয়ারল্যান্ডকে কেমন দেখছেন?
হাথুরুসিংহে: আয়ারল্যান্ড খুবই পেশাদার দল। তবে গত ম্যাচে তারা একটা হোঁচট খেয়েছে। টি-টোয়েন্টিতে অবশ্য যেকোনো কিছুই হতে পারে। আমরা নিজেদের খেলা খেলতে পারলে অবশ্যই জয়ের আশা করতে পারি। দুই দলের জন্যই কন্ডিশন একটা চ্যালেঞ্জ।
* মন্থর পিচ কি বাড়তি সুবিধা দেবে?
হাথুরুসিংহে: দেশে আমরা একটু দ্রুতগতির উইকেটে খেলেছি, তাই আমাদের খাপ খাইয়ে নিতে হচ্ছে। আর ওরাও এখানে ১০ দিন ধরে খেলছে, আমার মনে হয় না এটা আমাদের বাড়তি সুবিধা দেবে।