এখন কুয়ালালামপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার ক্রিকেট কোচ। তবে দীর্ঘদিন ছিলেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্বে। কয়েক বছর আগে আবদুর রাজ্জাকের বোলিং অ্যাকশন শোধরানোর দায়িত্ব বর্তেছিল তাঁর ওপর। সেই অভিজ্ঞতা থেকেই মোহাম্মদ সালাউদ্দিন বললেন সদ্য নিষিদ্ধ হওয়া অফ স্পিনার সোহাগ গাজীর পুনর্বাসন-প্রক্রিয়া নিয়ে

সোহাগের পুনর্বাসন-প্রক্রিয়ায় সহায়তা করতে বিসিবি কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে?
মোহাম্মদ সালাউদ্দিন: হ্যাঁ, আকরাম ভাই (বিসিবি ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান আকরাম খান) আমাকে ফোন করেছিলেন আজ (কাল)। আমি তো কালই (আজ) মালয়েশিয়া চলে যাচ্ছি। কখন সময় দিতে পারব সেটা তাঁকে জানিয়েছি। এখন সিদ্ধান্ত নেবে বিসিবি।
সোহাগ গাজী কি আপনার সঙ্গে যোগাযোগ করেছেন?
সালাউদ্দিন: হ্যাঁ, আজই ওর সঙ্গে দেখা হয়েছে, কথাও হয়েছে। আমি তাকেও আমার অবস্থানটা বুঝিয়ে বলেছি, কিছু নির্দেশনা দিয়েছি। যাঁর সঙ্গে ও কাজ করবে তাঁর ওপর আস্থা থাকাটা খুব জরুরি। যদি সেই আস্থা না থাকে তাহলে কিন্তু প্রক্রিয়াটা এগোবে না। আর একটা ব্যাপার হচ্ছে, তাড়াহুড়ো করা যাবে না। এটা এমন একটা বিষয়, যেখানে তাড়াহুড়া করতে গেলে হিতে বিপরীত হতে পারে। আমি সেটাও তাকে বলেছি। তবে ওকে সাহায্যই করতে পারলে আমার ভালোই লাগবে।
তাঁর মানসিক অবস্থাটা কেমন মনে হয়েছে?
সালাউদ্দিন: ও তো এমনিতে খুব আত্মবিশ্বাসী। ফেরার জন্য এটা খুব জরুরি। তবে ব্যাপারটা যেহেতু টেকনিক্যাল, শুধু আত্মবিশ্বাস থাকলেই হবে না। অ্যাকশন বৈধ করার জন্য অনেক কাজ করতে হয়। এখানে আত্মবিশ্বাস আর টেকনিক দুটির সমন্বয় বেশি গুরুত্বপূর্ণ। বোলিং অ্যাকশন ঠিক হলো কিন্তু পারফরম্যান্স হারিয়ে গেল—তাতে তো লাভ নেই। পুনর্বাসনের মূল লক্ষ্য হওয়া উচিত বোলারের কার্যকারিতা ঠিক রেখে অ্যাকশনটা বৈধ করা। এটা মাথায় রেখেই কাজ করতে হয়।
বোলিং অ্যাকশন বদলালে এই ঝুঁকিটা কতটুকু থাকে?
সালাউদ্দিন: এটা তো থাকেই। আবার উল্টোটাও হয়। রাজ্জাকের ক্ষেত্রে যেমন উল্টোটা হয়েছিল। অ্যাকশন শুধরে ফেরার পর প্রথম কয়েকটা সিরিজ ও তো খুব ভালো বল করেছে। সোহাগের ক্ষেত্রেও এটা হতে পারে। আবার ও যদি তাড়াহুড়া করে শুধু অ্যাকশন ঠিক করে ফেরে, পারফরম্যান্সটা হারিয়ে যায়, তাতে লাভ হবে না।
আপনি যখন রাজ্জাককে নিয়ে কাজ করেছিলেন তখন নাকি তাঁকে খুলনায় নিয়ে গিয়েছিলেন আলাদা করে অনুশীলনের জন্য। এটা কেন?
সালাউদ্দিন: এটা ওর ভালোর জন্যই করেছিলাম। এখানে (ঢাকায়) সবার সঙ্গে থাকলে অনেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেন। সংবাদমাধ্যম আসে। কত দিন লাগবে, কবে ফিরবেন, ফিরতে পারবেন কি না—এসব প্রশ্ন। এতে করে একটা মানসিক চাপের মধ্যে থাকতে হয়। আমি মনে করি পুনর্বাসনের প্রথম কটা দিন আসলে আলাদাই অনুশীলন করা উচিত। তাতে মানসিকভাবে ভালো থাকা যায়।
রাজ্জাকের পর সোহাগ। ওদিকে আল আমিনের পরীক্ষা বাকি আছে। এটা কি আমাদের জন্য সতর্কবার্তা?
সালাউদ্দিন: অবশ্যই। ঘরোয়া ক্রিকেট থেকেই আরও সতর্ক হওয়া উচিত। না হলে আন্তর্জাতিক ক্রিকেটে এই দুর্ভোগ বাড়বে।
আমাদের কি সেই সতর্কতা আছে?
সালাউদ্দিন: আসলে না। ঘরোয়া ক্রিকেটেও এ রকম ত্রুটিপূর্ণ অ্যাকশনের অনেক বোলার আছে। তাদের প্রতি এখনই নজর দিয়ে শোধরানো উচিত। একটা ছেলে কয়েক বছর খেলে তারপর সর্বোচ্চ পর্যায়ে আসে। জাতীয় দলে আসা পর্যন্ত তার পেছনে অনেক বিনিয়োগ থাকে। কিন্তু কয়েকটা সিরিজ খেলার পরই তাকে নিয়ে যদি সমস্যায় পড়তে হয়, তখন তো সেটা দেশের জন্য বড় ক্ষতি। তৃণমূল পর্যায়ে এই সতর্কতা থাকলে এ সমস্যার মুখোমুখি হতে হবে না।