'ওদের চাপটা আমি নিয়ে নিয়েছি'

তাঁর অনেক সিদ্ধান্ত নিয়েই বিতর্ক হয়েছে। অনেক মতের সঙ্গে মেলে না অনেকের মত। যে জুবায়ের হোসেন তাঁর চোখে অমিত সম্ভাবনাময় এক লেগ স্পিনার, অনেকের চোখে সেই জুবায়ের এখনো জাতীয় দলে আসারই যোগ্যতা অর্জন করেননি!
চন্ডিকা হাথুরুসিংহেকে নিরন্তরই পাড়ি দিতে হচ্ছে এমন বাধা। অথচ গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ে সফর থেকে শুরু করে এখন পর্যন্ত তাঁর অধীনে একটার পর একটা সাফল্য পেয়ে যাচ্ছে বাংলাদেশ। কী এই সাফল্যের রহস্য? দলের চালিকাশক্তির অন্য অংশগুলোর সঙ্গে তাঁর মতের অমিলই বা কেন হয়! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেকটি সফল সিরিজ শেষে কাল বিকেলে টেলিফোনে
তারেক মাহমুদকে দেওয়া সাক্ষাৎকারে এসব নিয়েই কথা বলেছেন বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচ—
*আপনার সময়েই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দল অন্যতম সেরা মৌসুম কাটাল। নিশ্চয়ই খুব ভালো লাগছে...
চন্ডিকা হাথুরুসিংহে: আমার জন্য তো এটা খুবই সন্তোষজনক। পর পর তিনটি জিতলাম। এর কৃতিত্ব পুরো দলের। খেলোয়াড়দের, অন্যসব কোচিং স্টাফদেরও। এর আগে যেহেতু বাংলাদেশ দল এত সফল মৌসুম কখনো কাটায়নি, আমি আসলেই খুব খুশি।
*মৌসুমের শুরুতে কি ভাবতে পেরেছিলেন সামনে এতগুলো সাফল্য অপেক্ষা করছে?
হাথুরুসিংহে: আমার দিক থেকে সব সময়ই খেলোয়াড়দের ওপর আস্থা ছিল। তাদের মধ্যে কিছু করে দেখানোর প্রতিভা বা সামর্থ্য আছে। দরকার ছিল শুধু একটা বিশ্বাসের—আমরা কিছু করতে পারি। আমি বলব না যে, এ ধরনের অঘটন ঘটানোর আশা আমার মধ্যে একদমই ছিল না। একই সঙ্গে এটাও বলার উপায় নেই যে, আমি এত বেশি আশা করেছিলাম। সব সময়ই বিশ্বাস ছিল, আমরা এ রকম কিছু করতে পারি। তবে শেষ পর্যন্ত যেভাবে জিতলাম, যে কয়টা ম্যাচ জিতলাম...খুবই সন্তোষজনক।
*সাফল্যের পেছনে রহস্য কী? খেলোয়াড়দের কীভাবে অনুপ্রাণিত করছেন?
হাথুরুসিংহে: প্রেরণা এমনিতেই আসে। আমি সব সময়ই বলি, দেশের হয়ে খেলার চেয়ে বড় প্রেরণা কিছু নেই। আমার দৃষ্টিতে আসল ব্যাপার হলো নিজের ওপর আস্থা রাখা। তারা যে কাজটা করতে পারে, মনে সেই বিশ্বাসটা রাখা। আমার মনে হয় আমি এবং আমার কোচিং স্টাফের সদস্যরা ছেলেদের মনে সেই বিশ্বাস গেঁথে দিতে পেরেছি।
*বিশ্বকাপের পর থেকে এই পর্যন্ত আমূল বদলে গেছে বাংলাদেশ দল। খেলোয়াড়দের পারফরম্যান্সেও তা প্রমাণিত। তা এই পরিবর্তনে কোচ হিসেবে আপনার সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল?
হাথুরুসিংহে: (হাসি) আমি অবশ্যই আমার ভূমিকার কথা বলব না। এটা অন্যরা বিচার করবে। আমি আসার আগে এই ছেলেরাই দলের হয়ে খেলেছে। তবে আমি আসার পর কিছু গুরুত্বপূর্ণ জায়গায় কিছু নতুন খেলোয়াড় এসেছে। তাদের পারফর্ম করতে দেখাটা আনন্দদায়ক। আমাদের কাজ হলো, খেলোয়াড়েরা যেন তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, সেটা নিশ্চিত করা। আমি কিছু খেলোয়াড়ের জায়গা পরিবর্তন করার চেষ্টা করেছি। শুরুতে অনেকেই এসবের ওপর আস্থা রাখতে পারেনি। কিন্তু আমি বিশ্বাস করতাম তারা কাজটা করতে পারবে। সৌম্য সরকারকে দলে আনা, এর আগে চারে খেলে সফল হওয়া মিনিকে (মুমিনুল) তিন নম্বরে ব্যাট করানো...। আমি আসলে সার্বিক কম্বিনেশনের ওপরই জোর দিয়েছি বেশি।
*দল নির্বাচন নিয়ে মাঝেমধ্যেই কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছেন, এসব নিয়ে বিতর্কও হয়েছে। আপনি যাঁকে চাচ্ছেন, তাঁকে হয়তো নির্বাচকেরা চাচ্ছেন না, আবার নির্বাচকেরা যাঁকে চাচ্ছেন, তাঁকে হয়তো আপনি চাচ্ছেন না। এসব কীভাবে সামলেছেন?
হাথুরুসিংহে: নির্বাচকেরাও আসলে এর আগে এ রকম ধারাবাহিক সাফল্য দেখেনি। কাজেই কোনো কিছুর বিরোধিতা করা বা একমত না হওয়াটা তাঁদের দিক থেকে স্বাভাবিক ছিল। তবে পরবর্তী সময়ে তাঁরাও আমাকে অনেক সমর্থন করেছেন। কারণ আপনারা যেমন দেখেছেন আমার চিন্তাগুলো কাজ করছে, তাঁরাও সেটা দেখেছেন। বাইরে থেকে আসা আমার মতো একজন অখ্যাত বা ছোট প্রোফাইলের কোচের জন্য এ রকম কাজ সব সময়ই চ্যালেঞ্জিং। এমন কিছু যে হতে পারে, সেটা আমি আগেই ধারণা করেছিলাম।
*ব্যাটসম্যানরা বলেন, ব্যাটিংয়ে আপনি তাঁদের ইচ্ছেমতো শট খেলার স্বাধীনতা দিয়েছেন এবং সেটাই তাঁদের খেলা বদলে দিয়েছে। এ ধরনের চিন্তার পেছনে আসলে কী কাজ করেছে?
হাথুরুসিংহে: চিন্তাটা হলো, ওরা যেন খেলাটাকে ভয় না পায়। আমি মনে করি, আমি ভয় না পেলে আমার খেলোয়াড়েরাও ভয় পাবে না। যেটা করতে আপনি ভয় পান, সেটাই যদি আপনাকে করতে হয়, তাহলে আপনি সব সময় কাজটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে করবেন। এটাই আমার নীতি, বিশ্বাস। আমি চেষ্টা করেছি, ওদের ওপর থেকে চাপটা সরিয়ে নিজের ওপর নিয়ে নিতে। সেটাকেই হয়তো খেলোয়াড়েরা স্বাধীনতা হিসেবে নিয়েছে এবং মাঠের মাঝখানে গিয়ে চাপমুক্ত হয়ে খেলছে। ওদের ওপর প্রতিপক্ষ এমনিতেই অনেক চাপ সৃষ্টি করে। আমি চাই না, বাইরে থেকে আর কোনো চাপ আসুক।
*মুস্তাফিজ, লিটনের মতো তরুণ খেলোয়াড়দের টেস্ট দলে নেওয়ার সিদ্ধান্ত কতটা চ্যালেঞ্জিং ছিল?
হাথুরুসিংহে: আগেই বলেছি, পরের দিকে নির্বাচকেরা আমাকে অনেক সমর্থন করেছেন। কারণ তাঁরা দেখেছেন আমার চিন্তাগুলো কাজ করছে। কাজেই খুব একটা চ্যালেঞ্জিং ছিল না। আমি বলব, পুরো কৃতিত্বই এই তরুণ খেলোয়াড়দের। এ ছাড়া আগে থেকে দলে থাকা মুশফিক, রিয়াদ (মাহমুদউল্লাহ), তামিম, সাকিব, মাশরাফি, ইমরুলদেরও কৃতিত্ব দিতে হবে। দলের ব্যর্থতার সময়টাও তারা দেখেছে। তারা যে তাদের মানসিকতায় পরিবর্তন এনে নতুন করে ভাবতে শুরু করেছে, সেটাও অনেক বড় ব্যাপার।
*পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজের আন্তর্জাতিক অভিষেক হলো। তাঁকে হঠাৎ করে মাঠে নামিয়ে দেওয়ার পেছনে চিন্তাটা কী ছিল?
হাথুরুসিংহে: ম্যাচে তার ভূমিকা কী হতে পারে, সে ব্যাপারে আমার স্পষ্ট একটা পরিকল্পনা ছিল। পাকিস্তান সিরিজের আগে নির্বাচকদের বলেছিলাম, নেটে আমি আমার ব্যাটসম্যানদের বিপক্ষে দেশের সব বাঁহাতি বোলারদের বল করতে দেখতে চাই। কারণ পাকিস্তান দল তিন বাঁহাতি নিয়ে আসছে। এটা পুরোপুরিই কৌশলগত একটা ব্যাপার ছিল। এরপর মুস্তাফিজকে আমি নেটে বল করতে দেখলাম। একদিন সবুজ উইকেটের অনুশীলনেও বল করল। ব্যাটসম্যানদের জন্য রানের লক্ষ্য বেঁধে দেওয়ায় সেখানে বল করাটা খুব কঠিন ছিল বোলারদের জন্য। কিন্তু মুস্তাফিজ এতটাই ভালো বল করল যে, তার বিপক্ষে ব্যাটসম্যানরা রানের লক্ষ্য অর্জন করতে পারল না। তখনই আমার, অন্য কোচদের এবং অধিনায়ক মাশরাফিরও মনে হলো, তার মধ্যে বিশেষ কিছু আছে এবং আমরা তাকে দলে নেওয়ার চেষ্টা করলাম।
*প্রসঙ্গক্রমে আরেকজন বোলারের কথাও আসছে। লেগ স্পিনার জুবায়ের হোসেন ঘরোয়া ক্রিকেটে সফল না হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এসেই সাফল্য পেয়েছেন। তাঁকে দলে নিতেও আপনাকে অনেক লড়াই করতে হয়েছে...
হাথুরুসিংহে: আগে একটা কথা বলে নিই, ও কিন্তু এখনো ওর সেরা খেলাটা খেলেনি। জুবায়ের একদিন ম্যাচ উইনার হবে। আমাদের জন্য একদিন বিশেষ কিছু হবেই সে। আমি যখন ওকে প্রথম নেটে দেখলাম, মনে হলো এ রকম একজন লেগ স্পিনার কেবল শ্রীলঙ্কা বা অস্ট্রেলিয়াতেই থাকতে পারে। প্রথম শ্রেণির ক্রিকেট না খেলেও এত ভালো লেগ স্পিন করতে পারে, এটা আমার ধারণার বাইরে ছিল। তাহলে তাকে আমরা কেন সুযোগ দেব না? আমার কাছে কে কয়টা ম্যাচ খেলল সেটা গুরুত্বপূর্ণ নয়, সামর্থ্যটাই আসল।
*বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে অনেক সাফল্য পেলেন। কোনটিকে বেশি এগিয়ে রাখবেন?
হাথুরুসিংহে: আমি আসলে একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারব না। কারণ এই কয় মাসে আমরা যা করেছি, তা আগে কখনোই করিনি। সবগুলো সাফল্যই নতুন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা ছিল বিরাট ব্যাপার। কারণ আমাদের বেশির ভাগ ছেলেই অস্ট্রেলিয়ার ও রকম উইকেটে খেলে অভ্যস্ত নয়। ভারতকে হারালাম, এটার অনুভূতি তো সব সময়ই অন্য রকম। এরপর বিশ্বের সেরা দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ওয়ানডে সিরিজ জিতলাম। পাকিস্তানকেও আমরা ওয়ানডেতে ৩-০-তে হারিয়েছি। এসবের কোনোটার সঙ্গেই আসলে কোনোটার তুলনা চলে না।
*এক বছরের বেশি হলো বাংলাদেশ দলের কোচ হয়েছেন। এই সময়ে বিশেষ কোনো মুহূর্ত বা সিদ্ধান্তের কথা কি বলবেন, যা পরে খুব ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছে?
হাথুরুসিংহে: এ রকম তো অনেকই আছে, যা মানুষ জানে না। ড্রেসিংরুমে অনেক কিছুই হয়। কোনটার কথা বলব? বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে রুবেলকে খেলানোর সিদ্ধান্তের কথা বলতে পারি। কারণ ম্যাচের আধঘণ্টা আগেও আমরা চিন্তা করছিলাম রুবেলকে দলে নেব নাকি একজন অতিরিক্ত স্পিনার খেলাব। কিন্তু আমার রুবেলের ওপর বেশি আস্থা ছিল এবং সে ভালোভাবেই তার প্রতিদান দিয়েছে। ভারতের বিপক্ষে মুস্তাফিজকে খেলানোর কথাও বলতে হয়। এ রকম আরও অনেক ঘটনা আছে। বিশ্বকাপে সৌম্য সরকারকে ওপরের দিকে খেলানো...সাব্বির...আমি যখন আসি, তখন ও দলে ছিল না। আসলে কোনোটার চেয়ে কোনোটাকে এগিয়ে রাখা যাবে না। আমাদের এসব সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়েছে।
*টেস্ট এবং ওয়ানডেতে দুই অধিনায়কের নেতৃত্বে খেলছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সে এটার প্রভাব কতটুকু?
হাথুরুসিংহে: তারা দুজন দুই রকম অধিনায়ক, দল পরিচালনায় দুজনের ধরনও ভিন্ন। এটার অবশ্যই ভূমিকা আছে এবং সেটা দলের সাম্প্রতিক ফলাফল দেখলেই বোঝা যায়।
*আপনি যখন দায়িত্ব নিলেন, তখনকার ড্রেসিংরুমের সঙ্গে বর্তমান ড্রেসিংরুমের আবহে কী পার্থক্য দেখেন?
হাথুরুসিংহে: এটা খেলোয়াড়েরাই ভালো বলতে পারবে। কারণ ড্রেসিংরুমের আগের আবহটা তারা দেখেছে। আমি সেটা দেখিনি, কাজেই তুলনাও করতে পারব না। তবে আমার যেটুকু মনে হয়েছে, ড্রেসিংরুমে এখন তারা অনেক নির্ভার থাকে, নিজেদের ওপর আস্থা রাখে। আমি আসার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যে ড্রেসিংরুম দেখেছি, তার সঙ্গে এখনকার ড্রেসিংরুমের এটাই সবচেয়ে বড় পার্থক্য মনে হয়।