
* আপনি তো এই ফুটবলারদের বাছাইপ্রক্রিয়ার শুরু থেকেই যুক্ত। এই ফুটবলারদের নিয়ে বাফুফের ভবিষ্যৎ পরিকল্পনা কী?
বায়েজীদ আলম যোবায়ের নিপু: আমরা সাফ অনূর্ধ্ব-১৬ এবং এএফসির বাছাইপর্ব—এই দুটি টুর্নামেন্ট সামনে রেখে সেইলর অনূর্ধ্ব-১৫ ফুটবলের আয়োজন করি। সারা দেশের ৬১টি জেলার প্রায় ৩০০ ছেলেকে বাছাই করে স্কাউটিং করি। এরই ফল পাওয়া গেছে সাফে। এখানে বর্তমানে আছে ২৩ জন ফুটবলার। এর সঙ্গে আরও কিছু ফুটবলার নিয়ে ৪ বছরের একটা পরিকল্পনা আছে আমাদের।
* সাফের দলের ৪ ফুটবলার বেশি বয়সের কারণে এএফসির এই টুর্নামেন্টে খেলতে পারেনি। বাফুফে কি বিষয়টা জানত না?
নিপু: এএফসি আর সাফে দুই রকম নিয়ম আছে। এএফসির কর্মকর্তারা বয়স নির্ধারণে এমআরআই প্রযুক্তি ব্যবহার করে। সাফে সেটা করে না। সেই হিসাবেই ওরা বাদ পড়ে গেছে। এটা আমাদের জানা ছিল। কিন্তু কিছু করার ছিল না।
* তাহলে এই চারজনের বিকল্প ফুটবলার আগেই নিবন্ধন করাননি কেন?
নিপু: বিকল্প ফুটবলার নিবন্ধন করিয়েছিলাম। কিন্তু এরা ওদের মতো অতটা ভালো মানের নয়।
* অনূর্ধ্ব-১৬ ফুটবল ছাড়া বাফুফের উৎসমুখে কি আরও ফুটবলার আছে?
নিপু: আমাদের পাইপলাইনে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৭ দল আছে। সম্প্রতি কোরিয়াতে খেলে এসেছে অনূর্ধ্ব-১২ দল। তা ছাড়া আমরা এখন থেকে প্রতিবছর সেইলর অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট আয়োজন করব। পাইপলাইনে ফুটবলার আনার জন্যই টুর্নামেন্ট চালু করব। এমিলি চলে গেলে বিকল্প ফুটবলার যাতে আসে, সেই চেষ্টা করতে হবে। আমরা এখনো জাতীয় দলে এনামুলকে খেলাচ্ছি। আমাদের পাইপলাইনে তেমন ফুটবলার নেই বলেই বাধ্য হয়ে ওকে খেলাতে হচ্ছে।
* সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচে গোলরক্ষক ফয়সাল লাল কার্ড দেখায় সর্বনাশ হয়েছে দলের। আন্তর্জাতিক ম্যাচের নিয়মকানুন সম্পর্কে কি সচেতন করেছিলেন ফুটবলারদের?
নিপু: আমাদের ঘরোয়া টুর্নামেন্টে রেফারিং এমন কঠোর হলে হয়তো এমন ঘটনা কম ঘটবে। তবে আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে এসব খেলোয়াড়কে বারবার বোঝানো হয়। সমস্যা হলো ওদের যখন পেয়েছি তখন হাতে সময় খুব কম ছিল। তা ছাড়া ওরা তো আমাদের পাইপলাইনের ফুটবলার না। নানা জায়গার ফুটবলার। ওদের শিক্ষা, খেলার নিয়মকানুন ভালো জানা নেই। অল্প সময়ের মধ্যে আমরা সব শেখাতেও পারিনি। তা ছাড়া কোচ মাঠে কিছু বললেও ওরা মনে রাখতে পারে না। ওদের এসব শিখতে ২-৩ বছর সময় লাগবেই।
* এই দুই ম্যাচ থেকে বাংলাদেশের প্রাপ্তি কী?
নিপু: আমাদের এখন বেশি বেশি ম্যাচ খেলতে হবে। এর কোনো বিকল্প নেই। আমাদের ইয়ুথ ডেভেলপমেন্ট ট্রেনিং করাতে হবে। আমিরাতের কথাই ধরুন, এখানে আসার আগে ওরা ইতালিতে যে যুব টুর্নামেন্টে খেলেছে, তাতে অংশ নিয়েছে ২৭টি দেশ। তা ছাড়া তিন বছর ধরে ওরা একসঙ্গে আছে। এসবই ওদের উন্নতির মূলে। আমাদের ভালো মানের কোচও লাগবে। এরই মধ্যে বাফুফে সভাপতি ফিফা ও জাপানের কাছে কোচ চেয়েছেন। এশিয়ার মধ্যে ইয়ুথ ডেভেলপমেন্টে জাপান সেরা। শিগগিরই দুজন কোচ চলে আসবে। তখন আমাদের একাডেমি চলবে বিদেশি কোচ দিয়ে।