আগের দিন সংবাদ সম্মেলনেই বলে গেছেন, সাকিব আল হাসানের মতো একজন খেলোয়াড় দলে থাকলে অধিনায়ক কতটা নির্ভার থাকেন। কাল খুলনার সিটি ইন হোটেলে দেওয়া এই সাক্ষাৎকারে সতীর্থকে আবারও প্রশংসায় ভাসালেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম

সাকিব আল হাসানকে প্রথম দেখার স্মৃতিটা কি মনে করতে পারেন?
মুশফিকুর রহিম: ওকে বিকেএসপিতেই প্রথম দেখি। তবে ভালোভাবে দেখি সাকিব যখন প্রথম আমাদের সঙ্গে অনূর্ধ্ব-১৫ দলে আসে। মানজিৎ সিং নামে আমাদের একজন কোচ ছিলেন, আর ফাহিম স্যার ছিলেন। সাকিবকে ক্যাম্পে প্রথম দেখার একটা স্মৃতিই মনে পড়ে। ও যখন ব্যাটিং করত, শুধু ধুমধাম মারত। মানজিৎ স্যার শুধু বলতেন, ‘ও তো দেখি খালি ওপর দিয়ে খেলে।’ আমি বলতাম, ‘ওপর দিয়ে খেললে তো সমস্যা নেই। ও যদি রান করতে পারে...।’ স্যার ওপর দিয়ে শট খেলাটা পছন্দ করতেন না। আর ওই পর্যায়ের ক্রিকেটে তো সবাই-ই আমাদের বলত নিচ দিয়ে খেলো।
সাকিবের সঙ্গে প্রথম সফর...
মুশফিক: আমরা অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ভারতে যাই। ওটাই সাকিবের সঙ্গে আমার প্রথম সফর। ওই সফরে ও অনেক ভালো খেলে। তখন থেকেই সাকিব দাপটের সঙ্গে খেলত। তখন থেকেই বোঝা যাচ্ছিল সে একদিন বিশেষ কিছু করবে, বড় কিছু হবে।
সে সময়ের কোনো ঘটনা কি মনে পড়ে, যা দেখে মনে হয়েছিল সাকিব আসলেই একদিন অনেক বড় ক্রিকেটার হবেন?
মুশফিক: বিকেএসপিতে রিচার্ড ম্যাকিন্সের অধীনে হাই পারফরম্যান্স ক্যাম্পে আমরা ৩০-৩৫ জন একসঙ্গে ছিলাম। বাংলাদেশের বড় বড় কোচ, যেমন ফাহিম স্যার, ইমরান স্যার, রতন স্যার, ওয়াহিদ স্যার—সবাই ছিলেন আমাদের সঙ্গে। হকি টার্ফে আমাদের একটা খেলা হতো। ওখানে দুইটা বল থাকত। একটা রাবারের বল, যেটা অনেক সুইং করত। আরেকটা হকি বল। ওই মাঠে সোজা মারলেই চার বা ছয় হতো। তো সাকিব সেটার পুরো সদ্ব্যবহার করত। সেন্স কাজে লাগিয়ে যে কিছু করা যায়, সে ব্যাপারে ওই বয়সেই ওর কাছ থেকে শেখার অনেক কিছু ছিল। রিচার্ড ম্যাকিন্স বলেছিলেন, আমরা যে কয়জন খেলোয়াড় আছি, তাদের মধ্যে স্মার্ট খেলোয়াড় বলতে যদি কেউ থাকে সেটা সাকিব। সে সবকিছুর সঠিক ব্যবহার করতে পেরেছে।
আপনার দৃষ্টিতে অন্যদের তুলনায় সাকিব কোন দিক দিয়ে আলাদা?
মুশফিকুর রহিম: আমরা তখন থেকেই বুঝতাম সাকিবের মস্তিষ্কটা আলাদা। শুধু তো দক্ষতা থাকলে হয় না, সেটাকে ভালোভাবে কাজে লাগাতে হয়। ও সেটা খুব ভালো বোঝে, জানে কখন কী করতে হবে। কতটুকু প্রস্তুতি নিলে ভালো খেলবে। মস্তিষ্ক আর দক্ষতার এত দারুণ সমন্বয় খুব কম দেখা যায়। অনেক সময় দেখা যায়, মস্তিষ্ক ভালো, কিন্তু প্রতিভা থাকে না। বা প্রতিভা থাকলেও তা কাজে লাগানোর মতো মস্তিষ্ক থাকে না। দুটোর এত ভালো সমন্বয় খুব কম দেখা যায়। আমার মনে হয় বাংলাদেশে এ রকম একমাত্র ও-ই আছে। আমি আর কাউকে এমন দেখিনি।
সতীর্থ হিসেবে সাকিব কেমন?
মুশফিক: একেকজন মানুষ তো একেক রকম হবেই। যদি আমার কথা ধরেন বা দলের অন্য কারও কথা, আমরা সবার সঙ্গে মিশি, কথা বলি। এখন আমরা যদি অন্য কারও সঙ্গে দশটা কথা বলি, সাকিবের সঙ্গে সেখানে একটা কথা বললেই যথেষ্ট বা ও একটা কথা বললেই যথেষ্ট। বাকি নয়টা কথা বলার দরকার হয় না। সেদিক থেকে বলব সতীর্থ হিসেবে সাকিব সব সময়ই একটু অন্য রকম। তবে তা নেতিবাচক অর্থে নয়। হ্যাঁ, কেউ যদি প্রথম দেখে হয়তো ভাববে, ও একটু কম কথা বলে বা একটু রিজার্ভ। আসলে তা নয়। কথা বললে, এক-দুই দিন মিশলে ওকে পুরোপুরি বোঝা যায়। একটা পরিবারের সবাই তো আর এক রকম হয় না। তার মানে এই না, যে ব্যতিক্রম সে খারাপ।
দলে অনেক সময় অনৈক্যের কথা শোনা যায়। বিভেদ ছড়ানোর ক্ষেত্রে কেউ কেউ সাকিবেরও নাম বলে। আসলে কি ব্যাপারটা ঠিক?
মুশফিক: আমার মনে হয় না এসব ঠিক। কই আমরা যখন ভালো খেলি, তখন তো এ রকম কোনো কথা হয় না! খারাপ খেললেই এসব কথা হয়। সত্যি বলতে কি আমরা সব সময় এক রকমই থাকি। বরং খারাপ খেললে আমরা আরও বেশি একসঙ্গে থাকি এবং আরও বেশি চেষ্টা করি কীভাবে ভালো খেলা যায়। আর সাকিবও খুব ভালো একজন টিমমেট।