
গত দুটি এশিয়ান গেমসে সোনাজয়ী দলের সদস্য ছিলেন। ছিলেন ২০০৭ বিশ্বকাপজয়ী দলেও। ভারতের প্রথম প্রো-কাবাডি লিগে ৩২ বছর বয়সী রাকেশ কুমার সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে খেলেছেন পাটনা পাইরেটসের হয়ে। কাল ইনচনে ভারতীয় দলের অধিনায়ক কথা বলেছেন ভারতের কাবাডি আর তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে
ভারতে প্রো-কাবাডি লিগ শুরু হয়েছে। একটু কি বলবেন, এই টুর্নামেন্ট ভারতের কাবাডিকে কীভাবে উপকৃত করছে?
রাকেশ: অনেকভাবেই উপকৃত করছে। এখানে খেলেই আমরা এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিয়েছি, ফিট হয়েছি। আশা করছি, এই টুর্নামেন্টের মাধ্যমে ভবিষ্যতেও আরও নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে।
প্রো-কাবাডি লিগ থেকে এখন পর্যন্ত কতজন নতুন খেলোয়াড় উঠে এসেছে?
রাকেশ: এশিয়ান গেমসের দলে অন্তত আটজন নতুন খেলোয়াড় আছে, যারা প্রো-কাবাডি লিগ খেলে উঠে এসেছে।
এ ধরনের টুর্নামেন্ট কি কাবাডি খেলাকে পেশা হিসেবে নিতে তরুণদের উৎসাহিত করতে পারে?
রাকেশ: অবশ্যই। এই লিগ খেলার উপকার করবে, খেলোয়াড়দেরও উপকার হবে। বিশেষ করে নতুনরা বেশি উপকৃত হবে বলে আমার বিশ্বাস। কারণ তারা মনে করবে, কাবাডি খেলার জন্য এখন ভালো একটা প্ল্যাটফর্ম আছে। তারা আরও বেশি পরিশ্রম করে লিগে ভালো খেলতে চাইবে। আর লিগে যারা ভালো খেলবে, তারা পরে দেশের হয়ে খেলবে।
প্রো-কাবাডি লিগে আপনি ১২ লাখ ৮০ হাজার রুপি পেয়েছেন। এটাই সর্বোচ্চ পারিশ্রমিক। কাবাডি খেলে এত টাকা পাবেন, এই আশা করেছিলেন কখনো?
রাকেশ: (হাসি) আসলে টাকাটা বড় কথা নয়। আর মাত্র তো শুরু হলো। এত বড় একটা টুর্নামেন্ট যখন শুরু হয়েছে, ভবিষ্যতে নিশ্চয়ই ছেলেরা আরও অনেক টাকা পাবে। শুরুতে আমরা যা পেয়েছি তাতেই খুশি। এখন আমরা শুধু চেষ্টা করছি খেলায় উন্নতি আনতে।
ভারতে তো ক্রিকেট, ফুটবল, হকি, শ্যুটিংয়ের মতো জনপ্রিয় খেলা আছে। আপনার কি মনে হয় প্রো-লিগ চালু হওয়ায় কাবাডিও আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠবে?
রাকেশ: এর আগে আমরা এশিয়ান গেমস, বিশ্বকাপ কাবাডি খেলেছি। তার পরও আমাদের কেউ চিনত না। প্রো-কাবাডি যখন শুরু হলো, পুরো দেশ, পুরো বিশ্ব আমাদের সম্পর্কে জানতে লাগল। মেট্রোরেল বলুন বা বিমানবন্দর, যেকোনো জায়গায়ই যাই, মানুষ আমাদের চেনে। বলে এটা রাকেশ কুমার, এটা অনুপ কুমার। এঁরা কাবাডি খেলোয়াড়। ঠিকমতো চললে ভবিষ্যতে এই টুর্নামেন্ট আমাদের কাবাডিকেও নতুন করে চেনাবে।
কিন্তু ভারতে এত খেলা থাকতে আপনি কাবাডিতে এলেন কেন? কখনো কি ক্রিকেটার হওয়ার ইচ্ছা হয়নি?
রাকেশ: কাবাডি খেলাটা আসলে আমি আমার গ্রাম থেকেই পেয়েছি। দিল্লির বাইরে আমাদের গ্রাম, নিজামপুরে। সীমান্তের কাছাকাছি। ক্রিকেট, শ্যুটিং এসব খেলা তো আমাদের ওদিকে হয় না তেমন। একটাই খেলা আমরা খেলতে পারি, যে খেলাটা আমাদের মাটির সঙ্গে মিশে আছে—কাবাডি। আমি এই খেলার প্রতি স্কুলজীবন থেকেই ঝুঁকে পড়ি।
অন্য কোনো খেলা কখনো খেলেননি? ক্রিকেট, ফুটবল?
রাকেশ: আমি কখনো অন্য কোনো খেলা খেলারই চেষ্টা করিনি। শুধুই কাবাডি খেলেছি।
কাবাডিতে তো আপনি ভারতে বড় তারকা। অন্য খেলার তারকারা আপনাকে চেনেন?
রাকেশ: অবশ্যই চেনে। তবে সবাই তো আর চেনে না। বিরাট কোহলি আমাকে চেনে। বীরেন্দর শেবাগ চেনে। আমরা যখন আরও ওপরে যেতে থাকব, সবাই তত বেশি আমাদের চিনতে থাকবে, এটাই স্বাভাবিক।