>

জন্ম আর বেড়ে ওঠা করাচিতে হলেও ১৯৮০ সালে মাস্কটে থিতু হয়ে জড়িয়ে যান ওমানের ক্রিকেটের সঙ্গে। একসময় ছিলেন টেকনিক্যাল অ্যাডভাইজার, এরপর ছয় বছর নির্বাচকের দায়িত্ব পালন করে তিন বছরেরও বেশি হলো জামিউল জাইদিই ওমান জাতীয় দলের ম্যানেজার। একই বছরে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে খেলাটাকে ওমানের ক্রিকেটের জন্য নতুন দিনের সূচনা মনে করেন তিনি—
আপনাদের দলের বেশির ভাগ খেলোয়াড়ই ভারতীয় বা পাকিস্তানি বংশোদ্ভূত। ওমানের ক্রিকেটার নেই কেন?
জামিউল জাইদি: এখানে আসা ১৫ জনের দলে ওমানের খেলোয়াড় আছে একজন, সুফিয়ান মেহমুদ। ও অলরাউন্ডার। এ ছাড়া রিজার্ভ বেঞ্চে আছে ইউসুফ রহিম বক্স। বাকি সবাই ভারত আর পাকিস্তানের। তবে ওমানের ক্রিকেটাররাও এখন উঠে আসছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করার পর ওমানে ক্রিকেটের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে।
ওখানে ক্রিকেটের সুযোগ-সুবিধা কেমন?
জাইদি: সুযোগ-সুবিধা দিনে দিনে মাশাআল্লাহ বাড়ছে। আগে আমরা অ্যাস্ট্রোটার্ফে খেলে অভ্যস্ত ছিলাম। তবে তিন বছর হলো মাস্কাটে সবুজ উইকেটে খেলছে ছেলেরা। মাস দুয়েকের মধ্যে আমরা এ রকম আরও একটা মাঠ পাব। আগের মাঠে ফ্লাডলাইটও আছে। প্রচন্ড গরমের কারণে আমাদের অনুশীলন করতে হয় ভোরে অথবা সন্ধ্যার পর।
ঘরোয়া ক্রিকেট নিশ্চয়ই হয়। সে সম্পর্কে একটু বলুন...
জাইদি: আমাদের বড় লিগ একটাই। ৫০ ওভারের ম্যাচের প্রিমিয়ার লিগ হয় মাস্কাটে। এ ছাড়া ‘এ’ ডিভিশনের খেলা হয় ৩০ ওভারের, নিচের দিকে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্টও হয়। সব মিলিয়ে এ মুহূর্তে ওমানে ঘরোয়া দল আছে ৯২টি। শুধু মাস্কাটেই ৩০০-৪০০ ছেলে ক্রিকেট খেলে।
মাস্কাটের বাইরে আর কোথায় খেলা হয় ওমানের?
জাইদি: মাস্কাটেই বেশি খেলা হয়। তবে সোহার ও সালারা শহরেও ক্রিকেট হচ্ছে।
ক্রিকেট নিশ্চয়ই এখনো পেশা হয়ে ওঠেনি আপনাদের দেশে। তো খেলার বাইরে খেলোয়াড়দের আয়ের উৎস কী?
জাইদি: সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে। কেউ আইটি বিভাগে আছে, কেউ দোকানে কাজ করছে, কেউবা অন্য চাকরি করছে।
খেলার জন্য কিছু দেন আপনারা ক্রিকেটারদের?
জাইদি: অবশ্যই। ২৫-২৬ জন খেলোয়াড়ের সঙ্গে আমাদের চুক্তি আছে। এ, বি ও সি—এই তিন শ্রেণিতে মাসিক বেতন পায় ক্রিকেটাররা। চুক্তি শেষ হলে সেটা আবার নবায়ন হয়।
সাধারণ মানুষের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহ কেমন?
জাইদি: এত দিন তেমন একটা আগ্রহ ছিল না। খুব বেশি দর্শক আসত না ক্রিকেট খেলা দেখতে। তবে দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললে নিশ্চয়ই আগ্রহ বাড়বে, মানুষ টেলিভিশনে খেলা দেখবে। তা ছাড়া ওমানে উপমহাদেশের প্রচুর মানুষ আছে। তারা ক্রিকেটের প্রতি আগ্রহী।
এশিয়া কাপে আপনাদের লক্ষ্য কী?
জাইদি: এই টুর্নামেন্টে এবার আমাদের অভিষেক হবে। আমাদের মূল লক্ষ্য হলো ভালো খেলার চেষ্টা করা এবং কিছু ম্যাচ জেতা। মূল পর্বে যেতে পারলে তো আরও ভালো লাগবে।
এরপর তো টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে ওমান। বাছাইপর্বে বাংলাদেশের সঙ্গেও খেলা আছে আপনাদের...
জাইদি: আমরা এটা নিয়েই বেশি রোমাঞ্চিত। সামনের প্রতিটা দিনই আমাদের জন্য কঠিন। আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার।