'কিছু সুফল দিতেই এসেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
জন হুইটেল
জন হুইটেল
চার বছরের বর্ষপঞ্জি ঘোষণা করে বিদেশি বিশেষজ্ঞ আনছে বাফুফে। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পল স্মলির পর এবার এলেন ফিটনেস বিশেষজ্ঞ জন হুইটেল। বাংলাদেশ এর আগে এমন বিশেষজ্ঞ পায়নি। নতুন কর্মক্ষেত্রে নিজের কাজ নিয়ে কাল প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই ব্রিটিশ নাগরিক

* বাংলাদেশে আপনার কাজটা আসলে কী হবে?

জন হুইটেল: আমি স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করব এখানে। সেটা জুনিয়র ও জাতীয় দল সব পর্যায়েই। খেলোয়াড়দের ফিটনেস বাড়ানো হবে আমার বড় দায়িত্ব। ছোটবেলা থেকে ফিটনেস নিয়ে কাজ না করলে আসলে সমস্যা হয়। বাংলাদেশ সেটা এখন উপলব্ধি করছে বলেই আমাকে নিয়ে এসেছে।
* এর আগে কোথায় কাজ করেছেন?
হুইটেল: এশিয়ান ফুটবল কনফেডারেশনে (এএফসি) কাজ করেছি হেড অব ইয়ুথ হিসেবে। ওখানে ছিলাম ছয় বছর। নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশনে ন্যাশনাল ডেভেলপমেন্ট অফিসার ছিলাম তিন বছর। এ ছাড়া এশিয়ার উজবেকিস্তান, ইরান, চীনে কাজ করেছি।
* ফুটবল খেলেছেন কখনো?
হইটেল: ফুটবল আমি ছোটবেলায় খেলেছি। চেলসি ফুটবল একাডেমির শিক্ষানবিশ হিসেবে কিছু খেলা হয়েছে। এটা চুয়াত্তর থেকে আটাত্তরে।
* শুনলাম বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি আপনাকে নিয়ে এসেছেন। তাঁর সঙ্গে যোগাযোগটা কীভাবে?
হুইটেল: পলের সঙ্গে নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশনে একসঙ্গে কাজ করেছি। পল ওখানে বেশ কয়েক বছর ছিল। আমি তো এখন ওখানে পরিবার নিয়ে বসত গড়েছি।
* বাংলাদেশের ফুটবল নিয়ে আগে জানাশোনা ছিল?
হুইটেল: টুকটাক ছিল। এএফসিতে কাজ করার সুবাদে এ সুযোগটা আমার হয়েছে। তা ছাড়া কিছু ভিডিও দেখেছি।
* কী মনে হয় বাংলাদেশের ফুটবলে কোনো পরিবর্তন আনতে পারবেন?
হুইটেল: অবশ্যই পরিবর্তন আনা সম্ভব। এ জন্য গুছিয়ে কাজ করতে হবে। আমি যা জানি, সেটা এখানে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটা একেকজন খেলোয়াড়ের সঙ্গে আলাদাভাবে বসে হতে পারে, আবার গ্রুপ করেও হতে পারে। তবে মূল কথা হচ্ছে, আপনাকে নিরলসভাবে কাজ করতে হবে।
* আপনি কী মনে করেন, একজন ব্রিটিশ কিশোরের সঙ্গে বাংলাদেশের কিশোরের কী পার্থক্য?
হুইটেল: বড় পার্থক্য হলো, একজন ব্রিটিশ কিশোর ফুটবল নিয়ে খুব উৎফুল্ল থাকে। এখানে সেটার ঘাটতি আছে। বোঝাতে চাইছি, খেলা নিয়ে ব্রিটিশদের মধ্যে যে উত্তেজনা সেটা এখানেও ছড়িয়ে দিতে হবে। খেলার প্রতি কিশোরদের আগ্রহী করতে পারলে সেটা হবে বড় অগ্রগতি।
* আপনার তো পুষ্টি নিয়েও কাজ করার কথা। সেটা নিয়ে কিছু ধারণা দিন।
হুইটেল: হ্যাঁ, ফিটনেসের সঙ্গে পুষ্টিও এখানে আমার বড় একটা বিষয় হবে। অনূর্ধ্ব-১৬ মেয়েদের নিয়ে এরই মধ্যে কিছু কাজ শুরু হয়েছে। অন্য সব দলেই তা পর্যায়ক্রমে হবে। পুষ্টির ব্যাপারটা বৈজ্ঞানিকভাবেই দেখতে হয়। আশা করছি, বাংলাদেশ এর সুফল পাবে। সেটা দিতেই তো এসেছি।