'কুম্বলের চেয়ে ১ উইকেটও বেশি পেতে চাই না'
>

সবচেয়ে কম টেস্ট খেলে ২৫০ উইকেটের মাইলফলক কিছুদিন আগেই ছুঁয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের চোখ এখন আরও অনেক দূরের বাতিঘরে। বিশ্বের এক নম্বর টেস্ট বোলার ও অলরাউন্ডার ডেকান ক্রনিকল-এর সঙ্গে কথা বললেন নিজের ভূত-ভবিষ্যৎ নিয়ে...
* দীর্ঘ একটা মৌসুম শেষ হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজ দিয়ে। সমাপ্তিটা কীভাবে টানতে চান?
রবিচন্দ্রন অশ্বিন: আমি সিরিজটাকে ২০ দিনের একটি প্রোগ্রাম হিসেবে দেখছি। ২০ দিনের এই পরীক্ষায় আমাকে পাস করতে হবে। চোট নিয়ে একটু ভাবতে হচ্ছে। শেষ দুই সিরিজেও এটা আমার মাথায় ছিল। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সামর্থ্যের মাত্র ৬০-৭০ ভাগ দিতে পেরেছি। আমি আরও ভালো করার চেষ্টা করছি, চেষ্টা করছি শারীরিকভাবে আরও শক্তিশালী হওয়ার। স্পোর্টস হার্নিয়া (কুঁচকির একধরনের চোট) সহজে সারে না। আমার কাছে এটা বেশ বড় চ্যালেঞ্জ। আমি যতটা সম্ভব সুস্থভাবে সিরিজটা খেলতে চাই।
*অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার স্পষ্টভাবে জানিয়েছেন আপনার জন্য তাঁর বিশেষ পরিকল্পনা আছে...
অশ্বিন: বিশ্বাস করুন, ওর জন্য আমার কোনো পরিকল্পনা নেই। অস্ট্রেলিয়ার সবাই ভালো খেলোয়াড়। ওদের স্টিভেন স্মিথই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টেস্ট ক্রিকেট, টি-টোয়েন্টি কিংবা ওয়ানডের মতো নয় যে আপনি একটি পরিকল্পনা করেই তাতে সফল হবেন। এখানে পাঁচটি দিনই আপনাকে চেষ্টা করতে হবে ভারসাম্য ধরে রাখতে। ওয়ার্নার খুব বড় মাপের খেলোয়াড়, এক সেশনেই সে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তবে সে প্রথম দিনে যেভাবে খেলবে চতুর্থ দিনে সে রকম পারবে না। আমি মনে করি, ওকে থামানোর উপায় আমাদের ভালোই জানা আছে। টেস্ট ক্রিকেটে শুধু এক দিনের দুর্দান্ত সাফল্যে সব হয় না। এটা বেশ লম্বা একটা দৌড়, সিরিজের গতিপথ নির্ধারণে ভালো শুরুও ভূমিকা রাখবে।
* স্টিভ ওয়াহ একটা সময় মুত্তিয়া মুরালিধরনকে বোলিংয়ের ডন ব্র্যাডম্যান বলতেন। সেই তকমাটা এখন আপনাকে দিয়েছেন। নিজেকে কি মুরালির সমকক্ষ ভাবেন?
অশ্বিন: বাস্তবতা হচ্ছে, আমি এসব নিয়ে ভাবছি না। মুরালির ৮০০ উইকেটের কাছাকাছি যেতে পারাটাও বিশাল অর্জন হবে। ওখানে যেতে হলে আমার মানবীয় সীমাবদ্ধতাগুলো ছাড়িয়ে যেতে হবে। আমি একটু দেরিতে টেস্ট খেলতে শুরু করেছি, আর আমাকে সব সময় এই প্রতিকূলতার সঙ্গে লড়তে হচ্ছে। এ ছাড়া আমার মনে হয় না আমি অনিল কুম্বলের (৬১৯) চেয়ে ১ উইকেটও বেশি নিতে চাইব। এটা হলো কাউকে সম্মান দেখানো।
* আপনার নিজের দলের পূজারা যেমন, তেমনি বিপক্ষ দলের ওয়ার্নারও মনে করেন অফ স্পিনার অশ্বিনের মূল শক্তি ব্যাটসম্যানদের মতো ভাবতে পারার সামর্থ্য...
অশ্বিন: ছোটবেলায় আমি ব্যাটসম্যান ছিলাম, এটা বেশ সাহায্য করেছে। আমি ব্যাটসম্যানদের মনস্তত্ত্ব বুঝি। আমি খেলাটাকে খুব ভালোবাসি। সব সময়ই ক্রিকেট দেখি, একাডেমিতে কিছু ছেলেকে কোচিংও করাই। আমি এমন সব খেলাও দেখি যেগুলোর কোনো গুরুত্বই নেই। এ সবকিছুই আমাকে খেলাটাকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে সাহায্য করে। তবে অনেক সময় হিতে বিপরীতও হয়। ব্যাটসম্যানরা আমাকে নিয়ে বেশি সতর্ক থাকে ও সুযোগ নেওয়ার আগে দুবার ভাবে। ফলে হয় কী, অন্যদের চেয়ে তারা আমার বলে কম ঝুঁকি নেয়। আর তখন আমাকে একটু অন্য রকম ভাবতে হয়, ব্যাটসম্যানদের লোভ দেখানো আলগা বলগুলো আর করি না। গত দুই বছরে আমাকে অনেকবারই এ রকম করতে হয়েছে। আর এ কারণেই আমাকে কিছুটা একঘেয়ে মনে হয়।
*আপনার উইকেট নেওয়ার ধরনে বেশ মিল আছে। প্রথম উইকেটটা পেতে বেশ সময় লাগে, এরপর একসঙ্গেই অনেকগুলো উইকেট...
অশ্বিন: আপনি কোন স্পেলে বোলিং করছেন তার ওপর নির্ভর করে ব্যাপারটা। বেশির ভাগ সময় এমন সময় বোলিংয়ে আসি যখন ব্যাটসম্যানরা থিতু হয়ে গেছে। এ কারণেই একটু বেশি সময় লাগে। আর এখন ১০-১২ ওভারের স্পেল করার সুযোগ হয় না। দলে পাঁচ বোলার থাকায় ছোট ছোট স্পেলে বল করি। বিরাট (কোহলি) আমাকে এভাবেই ব্যবহার করতে চায়। এটাও বলা হয় ছন্দ পেতে আমার সময় লাগে। এ সময়ে ভারতের উইকেট খুব মন্থর। তাই আপনাকে ঠিক গতিতে বল করতে হবে। এটা শুধু বাতাসের সাহায্যেই নয়, অ্যাকশনের সাহায্যেও করতে হবে।
* ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্ট ও বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদ টেস্ট মিলিয়ে ৫০ ওভার কোনো উইকেট পাননি...
অশ্বিন: ভালো বোলিং করেছি কিন্তু উইকেট পাইনি, এমন কত স্পেলই তো আছে। তবে আমি চেষ্টা করে যাই। চেন্নাইয়ে ক্যাচ পড়েছে, কিছু বল ফিল্ডারের কাছে যায়নি, অনেকগুলো এলবিডব্লুর সিদ্ধান্তও আমার বিপক্ষে গেছে। এ রকম হয়ই। তবে স্বাদটা একটু তেতো।
*নিজের ব্যাটিং নিয়ে কিছু বলুন...
অশ্বিন: ব্যাটিং অর্ডারে এখনো ওঠানামা করছি। নির্দিষ্ট একটা জায়গা পেলে ভালো হয়।