জিম্বাবুয়ের হয়ে খেলেছেন, নেতৃত্বও দিয়েছেন দীর্ঘদিন। পরে প্রধান নির্বাচক, বোর্ডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান। বছর দুয়েক ধরে অবশ্য ক্রিকেটে নেই। এবার বাংলাদেশে এসেছেন ধারাভাষ্য দিতে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অ্যালিস্টার ক্যাম্পবেল কথা বললেন জিম্বাবুয়ে ক্রিকেটের দুরবস্থা নিয়ে

: এবার নিয়ে কতবার এলেন বাংলাদেশে?
অ্যালিস্টার ক্যাম্পবেল: ১৯৯৮ নকআউট বিশ্বকাপে প্রথম এসেছিলাম। এরপর খেলা আর ধারাভাষ্য মিলিয়ে ৫-৬ বার তো হয়েছেই। ব্যবসায়িক ব্যস্ততায় প্রথম দুই টেস্টে থাকতে পারিনি। ভালো লাগছে, বাংলাদেশে সব সময় ভালো লাগে।
: জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে আবার ধর্মঘটের খবর শোনা গেল...
ক্যাম্পবেল: এটি খুবই হতাশাজনক। যত দূর জানি, এবারের ঝামেলাটা টাকাপয়সা নিয়ে নয়। প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আরও বেশিসংখ্যক ক্রিকেটারকে চায় চুক্তিতে। যেটাই হোক, ক্রিকেটারদের উচিত হয়নি আচমকা ধর্মঘটের পথে যাওয়া। ওয়েস্ট ইন্ডিজেও যেটা হলো, সফর থেকে চলে যাওয়া বা না-খেলা কখনোই সমাধান নয়। আশা করি, সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে।
: জিম্বাবুয়ে ক্রিকেটে অস্থিতিশীলতা নতুন নয়। যখন ক্রিকেট প্রশাসনে ছিলেন, কতটা কী করার চেষ্টা করেছেন?
ক্যাম্পবেল: ব্যবসায়িক ব্যস্ততার কারণে দুই বছর আগে ক্রিকেট কমিটির চেয়ারম্যানের পদ ছেড়েছি। আমার মূল লক্ষ্য ছিল জিম্বাবুয়েকে টেস্ট ক্রিকেট ফিরিয়ে আনার মতো পরিস্থিতি সৃষ্টি করা। সেটা আমি ও আমরা পেরেছিলাম। কিন্তু এর ধারাবাহিকতা থাকেনি। কোচরা চলে গেছেন, অনেক ক্রিকেটার গেছে, যাচ্ছে। টাকার সমস্যা তো সব সময়ই ছিল। জীবনের সব ক্ষেত্রেই নিয়ম হলো এগিয়ে যাওয়া। কিন্তু জিম্বাবুয়ের ক্রিকেট একদম থমকে আছে।
: ভাবলে নিশ্চয়ই খুব খারাপ লাগে?
ক্যাম্পবেল: তা তো লাগেই। এভাবে চলতে থাকলে আইসিসি, বিশ্ব ক্রিকেট সম্প্রদায় প্রশ্ন তুলতে শুরু করবে আমরা টেস্ট খেলার যোগ্য কি না। সহযোগী দেশগুলোর বিপক্ষে লড়তেও হিমশিম খেতে শুরু করবে দল। পরিকল্পনার কোনো ছাপ দেখছি না। এভাবে চলতে থাকলে বছর দুয়েকের মধ্যে কেনিয়ার দশা হয়ে যেতে পারে জিম্বাবুয়ের।
: জিম্বাবুয়ে ক্রিকেটের সমস্যাগুলো কোথায়?
ক্যাম্পবেল: সবচেয়ে বড় সমস্যা টাকা। টাকা ছাড়া তো কিছুই সম্ভব নয়। স্পনসর, বড় বড় করপোরেট হাউসকে ক্রিকেটে আকৃষ্ট করতে হবে। তৃণমূল পর্যায়ে ক্রিকেট উন্নয়নে জোর দিতে হবে, এখন যেটা প্রায় হারিয়েই গেছে। ক্রিকেট বাদ দিয়ে শিশু-কিশোরেরা ফুটবল, বাস্কেটবলে ঝুঁকছে। ঘরোয়া ক্রিকেট-কাঠামোও শক্ত করতে হবে। ঢাকা প্রিমিয়ার লিগের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগও নেই আমাদের দেশে।
: প্রতিভাবান ক্রিকেটাররা চলে যাচ্ছেন, এটাও তো একটা সমস্যা?
ক্যাম্পবেল: আমাদের গ্যারি ব্যালান্স এখন ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলছে। এড রাইন্সফোর্ড, অ্যান্থনি আয়ারল্যান্ড, কাইল জার্ভিস, গ্রায়েম ক্রেমারকে হারিয়েছি। যারা আছে, তাদের মধ্য থেকেও সেরা দলটা গঠন করা যায়নি। শন উইলিয়ামস সম্ভবত এখন আমাদের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান, ব্যাটে-বলে এখানে খুবই কার্যকর হতো। কিন্তু শৃঙ্খলার কারণে ওকে আনা হয়নি। আমার কাছে অবিশ্বাস্য লেগেছে। কোচদের কাজের মূল ব্যাপারটিই হলো ম্যান-ম্যানেজমেন্ট। ধরে নিলাম উইলিয়ামস নিয়ম ভেঙেছে, খুন তো আর করেনি! কোচের দায়িত্বই এসব সামলানো। আমাদের মতো সীমিত প্রতিভার ক্রিকেট দেশে যাদের পাওয়া যায়, তাদের সর্বোচ্চ ব্যবহার তো করতে হবে।
: কোচরাও তো জিম্বাবুয়েতে থাকছেন না। হিথ স্ট্রিক এখানে। গ্রান্ট ফ্লাওয়ার পাকিস্তানে, অ্যান্ডি ফ্লাওয়ার ইংল্যান্ডে...
ক্যাম্পবেল: এখানেও আবার চলে আসছে টাকার প্রসঙ্গ। আমরা আমাদের কোচদের রাখতে পারিনি। বর্তমান দলে...শুধু দলে নয়, বোর্ড-প্রশাসন-টিম ম্যানেজমেন্ট, সব মিলিয়ে শুধু ডগলাস হোন্ডো ছাড়া আর কারও টেস্ট অভিজ্ঞতা নেই। ভাবা যায়! এমনকি নির্বাচকদের কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি! শুধু কোচিং বই পড়ে, ম্যানুয়াল দেখে তো কোচিং করানো যায় না। কোনো ক্রিকেটার যদি কোনো কিছু নিয়ে সমস্যায় পড়ে, হাতে-কলমে সমাধান দেখিয়ে দেওয়ার মতো অভিজ্ঞ কেউ নেই! এখানে গ্রান্ট ফ্লাওয়ার থাকলে বলতে পারত বাঁহাতি স্পিন এভাবে খেলতে হয়, আমি এভাবে সামলেছি। এই কোচিং স্টাফের কে বলবে!
: আপনাদের সময় জিম্বাবুয়ের কাছে পাত্তা পেত না বাংলাদেশ। এখন তো চিত্রটা বদলে গেছে...
ক্যাম্পবেল: এখানে আসার পথে বিমানে আমি এটাই ভাবছিলাম, বাংলাদেশের এগিয়ে যাওয়ার ভূমিকা বেশি নাকি আমাদের পিছিয়ে যাওয়া! বাংলাদেশ অবশ্যই এগিয়েছে। সাকিবের মতো একজন ক্রিকেটার আছে ওদের, মুশফিক-তামিম আছে। আমাদেরও একসময় ফ্লাওয়ার ভাইরা, স্ট্র্যাং ভাইরা, হুইটাল, জনসন, গুডউইন, স্ট্রিক, আরভিন অনেক বিশ্বমানের ক্রিকেটার ছিল। কিন্তু এখন সেই মানের ক্রিকেটার কোথায়!