'কোচ হওয়ার কথা ভাবছি না'
>

তিনি এখন আকাশে উড়ছেন। ওড়ারই কথা। একই বছরে দু-দুটি বর্ষসেরার ট্রফি যে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে! প্রথমে ফ্রান্স ফুটবল-এর ব্যালন ডি’অর, তারপর ফিফার ‘দ্য বেস্ট’। সোমবার জুরিখের কনকনে ঠান্ডা রাতটাও তাই রোনালদোর উচ্ছলতায় উষ্ণ। বর্ষসেরা হওয়ার পর ফিফাডটকমের সঙ্গে সাক্ষাৎকারে খুলে দিয়েছেন মনের দুয়ার—
* আপনার ক্যারিয়ারের এত এত সাফল্যময় বছর, সেখানে ২০১৬ সালটা কোথায় থাকবে?
ক্রিস্টিয়ানো রোনালদো: যখন থেকে খেলা শুরু করেছি তারপর এটাই আমার সেরা বছর। এতে কোনো সন্দেহ নেই।
* অনেক ব্যক্তিগত ও দলগত পুরস্কার জিতেছেন, এর মধ্যে প্রথমবারই ফিফার দ্য বেস্ট হওয়ার অনুভূতিটা কেমন?
রোনালদো: হ্যাঁ, এটা এবারই প্রথম দেওয়া হলো আর আমিই প্রথম পেলাম। ট্রফিটা খুব সুন্দর, ভারী। আমার জন্য এটা দারুণ সম্মানের।
* বছরের পর বছর এই সাফল্যের রহস্য কী বলুন তো?
রোনালদো: কোনো রহস্য নেই (হাসি)। আমি আন্তরিকভাবে পরিশ্রম করি। আমি এমন একটা দলে খেলি যারা আমাকে এসব ট্রফি জেতার সুযোগ করে দিয়েছে। পর্তুগালের হয়েও ইউরো জেতাটা বিশাল ব্যাপার। আমি আবার বলব, এটা আসলে স্বপ্নের মতো বছর।
* চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জয়সূচক পেনাল্টিটা আপনার। ক্লাব বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক। কিন্তু ইউরোর ফাইনালটা একটু অন্য রকম। খেলা শুরুর অল্প সময় পরেই মাঠ ছাড়তে হয়েছিল। কেমন লাগছিল তখন?
রোনালদো: আসলে খুবই জটিল পরিস্থিতি ছিল সেটা। আমি ম্যাচটা শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারলাম না। খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমার মনে আছে, একবার ড্রেসিংরুমে গেলাম। কিন্তু সেখানে ভালো লাগছিল না দেখে আমার মাঠে চলে এলাম। আসলে কিছু বলার দরকার নেই আমার। সেদিন কী করেছি সেটা তো সবাই দেখেছে। ছবি তো আর মিথ্যা বলে না। আমি সত্যিই খুব নার্ভাস ছিলাম।
* কোচ ফার্নান্দো সান্তোসের পাশে কিন্তু আপনাকে নার্ভাস মনে হয়নি...
রোনালদো: দেখে মনে হয়নি হয়তো, কিন্তু আমি আসলেই নার্ভাস ছিলাম (হাসি)।
* কোচের পাশে আপনাকে তো খুবই সপ্রভিত লাগছিল। তার মানে কি আমরা ধরে নিতে পারি, ভবিষ্যতে রোনালদোকে কোচ হিসেবে দেখা যাবে?
রোনালদো: এটা বলা খুব কঠিন। খুবই কঠিন। ভবিষ্যতে কী হবে আমি জানি না। তবে এ মুহূর্তে আমি কোচিংকে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবছি না।
* ২০১৬ সালের অনেক সাফল্যের ভিড়ে যদি একটা মুহূর্ত বেছে নিতে হয়, কোনটাকে নেবেন?
রোনালদো: পর্তুগালের হয়ে ইউরো জয়। অন্য ট্রফিগুলোকেও অবহেলা করছি না। চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ সবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের ইতিহাসে প্রথমবারের মতো কিছু জেতা আসলেই বিশেষ।
* ২০১৭ সালে রোনালদোর মূল লক্ষ্য কী?
রোনালদো: গত বছর যা ছিল তা-ই। ট্রফি জেতা, অনেক গোল করা। দলগত ও ব্যক্তিগত পর্যায়ে যত বেশি পারা যায় ট্রফি জেতা।
* এ বছর তো কনফেডারেশনস কাপও আছে। ওই টুর্নামেন্টে পর্তুগাল আর রোনালদোর লক্ষ্য কী?
রোনালদো: এ বছর প্রথমবারের মতো পর্তুগাল কনফেডারেশনস কাপে খেলবে। এটা দারুণ ব্যাপার। আমার ক্যারিয়ারে এটির উল্লেখ থাকবে। ট্রফি জেতাটা তো স্বপ্নের মতোই ব্যাপার হবে। জানি এটা কত কঠিন ব্যাপার হবে। অনেক বড় বড় দল থাকবে। কিন্তু ফুটবলে অসম্ভব বলে কিছু নেই।