'ক্যালিসকে আমি ভয় পেতাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
কেভিন পিটারসেন
কেভিন পিটারসেন
জন্মভূমি দক্ষিণ আফ্রিকা ছেড়ে ক্রিকেট ক্যারিয়ার গড়তে বেছে নিয়েছিলেন ইংল্যান্ডকে। সেই ইংল্যান্ড-অধ্যায় প্রায় অতীত, কেভিন পিটারসেন এখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে টি-টোয়েন্টির ফেরিওয়ালা হয়ে খেলে বেড়াচ্ছেন বিশ্বের নানা প্রান্তে। ভবিষ্যতে জন্মভূমির হয়ে খেলার ইচ্ছে তাঁর আছে, তবে আপাতত ফ্র্যাঞ্চাইজি লিগে অন্তত একটি শিরোপা জেতাই লক্ষ্য। ইয়াহুকে দেওয়া সাক্ষাৎকারে পিটারসেন কথা বলেছেন নিজের সেরা দল, বর্তমানের সেরা দল নিয়েও—

* গত কয়েক বছর বিশ্বের নানা প্রান্তে ক্রিকেট খেলে বেড়াচ্ছেন, উপভোগ করছেন এটি?

কেভিন পিটারসেন: দারুণ উপভোগ করছি। আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে মজার কিছু সময় কাটালাম এই কয় বছরে। একজন খেলোয়াড় ও ক্রিকেটারের জীবনটা খুব সহজেই একঘেয়ে হয়ে উঠতে পারে। কিন্তু যা-ই করুন না কেন, আপনাকে উচ্চাকাঙ্ক্ষী হতে হবে। এটা আপনার মানসিক উন্নতির জন্যও ভালো।
* কাউন্টিতে যে দায়িত্ব নিয়ে খেলেন, সেই দায়িত্ববোধ এসব প্রতিযোগিতায়ও আপনার মধ্যে কাজ করে? কারণ প্রতিবার মাত্র কয়েক সপ্তাহের জন্য খেলতে যান।
পিটারসেন: অবশ্যই। বিভিন্ন প্রতিযোগিতায় আমি যেহেতু ‘আইকন’ খেলোয়াড় থাকি, সে জন্য ভালো খেলার একটা বাড়তি দায়িত্ব অনুভব করি। ইংল্যান্ডের হয়ে চার নম্বরে যখন নামি, দলকে জেতানোর একটি তাড়না থাকে। তেমনি বিভিন্ন টি-টোয়েন্টি দলের হয়েও খেলার সময়ও সেটা সত্যি। যত দিন এটা থাকবে তত দিন আমি উপভোগ করে যাব।
* আপনি তো এখনো প্রচুর রান করছেন, আর কত দিন খেলবেন, সেটি নিয়ে ভেবেছেন কখনো?
পিটারসেন: হ্যাঁ, আমি যত দিন পারি খেলে যাব। যত দিন এটা উপভোগ করব, তত দিন খেলব।
* আপনি দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছে প্রকাশ করেছিলেন...
পিটারসেন: হ্যাঁ, এটা ঘটতেও পারে। কে জানে! দেখতে হবে আমি যখন যোগ্য হব (দক্ষিণ আফ্রিকা দলে ডাক পাওয়ার জন্য) তখন আমার কী অবস্থা এবং আসলেই সেটি কাজ করে কি না। নিজেকে এখনো বয়স্ক মনে করি না আমি এবং এখনো দলে অবদান রাখার ক্ষমতা আছে, তাহলে কেন নয়?
* এটা তো পুরোই অন্য রকম যাওয়া হবে, তাই না?
পিটারসেন: ঠিক তা নয়। আমি ২০ বছর দক্ষিণ আফ্রিকায় ছিলাম। গত ছয় সপ্তাহে আমি তিনবার দক্ষিণ আফ্রিকায় গেছি, কিছুদিন পর আবার যাব। এটি তো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ।
* আপনি ইংল্যান্ডের সফল এক ব্যাটসম্যান ছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলাটা একটু অন্য রকম হবে না?
পিটারসেন: আমি তো বিশ্বের নানা লিগে খেলছি, তাই এটা এমন ভিন্ন কিছু হবে না। এটা তো ক্রিকেটই।
* ইংল্যান্ডে ডাক পাওয়ার কোনো সুযোগ আছে?
পিটারসেন: আমার কোনো ধারণা নেই বন্ধু, আমার কোনো ধারণা নেই (হেসে)।
* মানুষ আপনার আত্মবিশ্বাস নিয়ে কথা বলে অনেক। কেউ পছন্দ করে, কেউ আবার ভয়ও পায়। আপনার কি ধারণা, আত্মবিশ্বাসী লোকজনকে ভয় পাওয়াটা অনেক বেশি ইংলিশ মানসিকতা?
পিটারসেন: হ্যাঁ, আসলেই তাই। শুধু ইংলিশরাই নন, সব মানুষই এমন। কিন্তু যখন সামনাসামনি কারও সঙ্গে কথা বলেন তখন কিন্তু এই আত্মবিশ্বাস খারাপ লাগে না। এই যে ম্যানচেস্টার ইউনাইটেড ইব্রাহিমোভিচকে নিল। সে দারুণ আত্মবিশ্বাসী, কারণ সে অনেক শিরোপা জিতেছে এবং জানে কী করতে হবে। আমার ধারণা, আত্মবিশ্বাসী কিংবা উদ্ধত মানুষ পত্রিকাগুলোকে অনেক শিরোনাম দেয়। যেদিন তারা ভালো করে না, সেদিনটা নিয়েই তাদের ভয়।
* এমন কিছু কি আছে, যা জিততে চান?
পিটারসেন: আমি কিছু টি-টোয়েন্টি প্রতিযোগিতা জিততে চাই। এই শীতেই তিনটি ফাইনাল খেলেছি, কিন্তু সবগুলো হেরেছি। ফ্র্যাঞ্চাইজি-যাত্রায় একটা প্রতিযোগিতা জিততে চাই আমি।
* প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে কঠিন ছিলেন কে?
পিটারসেন: জ্যাক ক্যালিস ছিল সেই খেলোয়াড়, যাকে আমি আদর্শ মানতাম এবং ভয় পেতাম। আপনি তার চেয়ে ভালো কোনো অলরাউন্ডার খুঁজে বের করুন তো! জ্যাক যেকোনো কিছু করতে পারত। এবং সে এমন একজন, তার সঙ্গে খেলার সময় আপনি জানতেন ভরসা রাখার মতো কেউ একজন আছে।
* আপনার খেলা সেরা দল কোনটি?
পিটারসেন: আমি ঠিক জানি না সেরা দল বলা যায় কি না, কিন্তু সবাইকে চমকে দিয়ে অঘটন ঘটানো এবং দুর্দান্ত এক দল হয়ে ওঠা—এসব বিচার করলে ২০০৫ সালের অ্যাশেজের দলটি। ওই গ্রীষ্মটা ছিল ‘স্পেশাল’। ক্যাম্পের মধ্যে আমরা আঁচ করতে পারছিলাম, স্মরণীয় কিছু একটা ঘটানোর সুযোগ আছে আমাদের। ক্যাম্পের বাইরেও ব্রিটেনের মানুষ ক্রিকেটকে এমনভাবে গিলছিল যেটি গত কয়েক দশকে দেখা যায়নি।
ওই দল ও গ্রীষ্মটা বিশেষ ছিল আরেকটি কারণে, ভবিষ্যতের পথও তৈরি করেছে এ দল। অন্য খেলায় সোনালি দিন এসেছে, সেখান থেকে সবকিছু আবার স্বাভাবিকও হয়ে গেছে। কিন্তু ইংলিশ ক্রিকেট এরপর শুধু এগিয়েছে। মানুষের আগ্রহও কখনো কমেনি।
* বর্তমানে বিশ্বসেরা দল কোনটি?
পিটারসেন: অনেকগুলো দলই আইসিসি র্যাঙ্কিংয়ে বেশ কাছাকাছি আছে। পাঁচ দলের যে কেউই নিজেদের সেরা দাবি করতে পারে। দক্ষিণ আফ্রিকা একটু নিচে থাকায় আমি একটু হতাশ, কিন্তু ওরা দল পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, সব দলেই এমনটা হয়।
* এ মুহূর্তে ইংল্যান্ড কতটা ভালো?
পিটারসেন: ওরা সেরা হয়ে ওঠার পর্যায়েই আছে। ওদের এখন এমন একজনকে দরকার যে ওপেনিংয়ে অ্যালিস্টার কুকের সঙ্গী হতে পারে। বেশ কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সেটি নিতে পারেনি। ইংল্যান্ড যদি এই শূন্যতা পূরণ করতে পারে তাহলে সন্দেহাতীতভাবেই বিশ্বের সেরা দল হয়ে যাবে। কারণ এ দলের বোলাররা মানসম্পন্ন এবং মিডল অর্ডার প্রয়োজনের চেয়েও বেশি রান করে!