'ক্রিকেট ছিল ওর প্রাণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরাইয়া খান
সুরাইয়া খান

আবদুল হালিম চৌধুরী (জুয়েল) ছিলেন আক্রমণাত্মক ওপেনার ও উইকেটকিপার। মুক্তিযুেদ্ধ ছিলেন বিখ্যাত ক্র্যাক প্লাটুনের অন্যতম সদস্য। অনেকগুলো সফল অপারেশনের পর রাজাকারদের হাতে ধরা পড়ে শহীদ হন পরে। কাল মিরপুরে শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশের প্রীতি ম্যাচ শেষে ভাইয়ের স্মৃতিচারণা করলেন শহীদ জুয়েলের বড় বোন সুরাইয়া খান
কীভাবে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন জুয়েল?
সুরাইয়া খান: আমরা তখন থাকতাম হাটখোলার দিকে। ২৫ মার্চ রাতেই জুয়েল বন্ধুদের নিয়ে হাটখোলা রোডে ব্যারিকেড দিয়েছিল। পরে পাকিস্তানিদের নৃশংসতা দেখে ওরা বন্ধুরা নানা আলোচনা করছিল যে মুক্তিযুদ্ধে যাবে। আমাদের বাসাতেই অনেকবার বসেছে। একদিন ওর একটা ছবি বড় করে এনে আম্মাকে দিয়ে বলল, ‘আমি যদি না থাকি তাহলে এটা রেখো।’ হঠাৎ একদিন আমাদের না বলে যুদ্ধে চলে গেল। বাসায় আসত মাঝেমধ্যে। চুল বড় বড়, দাড়িগোঁফে ঢাকা মুখ। বাজারের ব্যাগে বন্দুক-টন্দুক নিয়ে আসত। অস্ত্রশস্ত্র আমাদের বাসাতেই রাখত, এখান থেকে সবাইকে দেওয়া হতো।
যুদ্ধের সময়কার স্মৃতি কতটা মনে পড়ে?

সুরাইয়া: ফার্মগেটের অপারেশনটা যেদিন করেছে, সেদিন অনেক ভয় পেয়েছিল ও। কেমন যেন করছিল, অপ্রকৃতিস্থের মতো। আমাদের চার বোনকে বলল গ্রামের বাড়ি চলে যেতে। হয়তো ওর ভয় লাগছিল, ধরা পড়লে আমাদের বাড়িতে হানা দিতে পারে। আগস্ট মাসে অনেকটা জোর করেই বাড়ি পাঠিয়ে দিল আমাদের। আশুগঞ্জ পাওয়ার স্টেশন উড়িয়ে দেওয়ার অপারেশনে ওর হাতে একটা গ্রেনেড ফেটে যায়। তারপর ইস্কাটনে ক্রিকেটার আলমের বাসায় ছিল কিছুদিন, চিকিৎসা নিয়েছে। ৩০ আগস্ট আলমের বাসা থেকে বের হয়েছিল বাসায় গিয়ে মার সঙ্গে দেখা করবে বলে। পথে মগবাজারে আজাদের (শহীদ আজাদ) বাসায় গিয়েছে সন্ধ্যায়। আরও কজন মুক্তিযোদ্ধা বন্ধু ছিল ওদের। রাতে খাওয়ার পর যখন বের হয়ে আসবে, আজাদের মা বললেন, ‘এত দেরি হয়ে গেছে, রাতটা থেকেই যাও।’ ওই রাতেই রাজাকাররা ওদের ধরে নিয়ে গেল।
আপনারা তো খোঁজ পেয়েছিলেন তাঁর?
সুরাইয়া: খবর পেয়েছিলাম। রাতে রমনা থানায় রেখে যেত। দিনের বেলা ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে টর্চার করত। আবার রাতে নিয়ে আসত থানায়। এভাবেই চলত। বাবা অনেক ভোরে থানায় যেতেন, বাঙালি পুলিশরা দেখা করিয়ে দিত। বাঁচতে চেয়েছিল, খুব করে চেয়েছিল বাঁচতে। আমার বাবা-মা অনেক জায়গায় ছোটাছুটি করেছে বাঁচাতে। ১ তারিখে যে টর্চার করতে ক্যান্টনমেন্টে নিয়ে গেছে, এরপর আর রমনা থানায় আনেনি। ২ তারিখ ভোরে বাবা গিয়ে দেখা পাননি। এ জন্যই আমরা ধরে নিই, ২ তারিখেই ওকে হারিয়েছি। ১৬ ডিসেম্বর ওর বন্ধুরা ফেরার পর ক্যান্টনমেন্টসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছে। হয়তো ওই দিনই ওকে মেরে ফেলেছিল জানোয়ারগুলো।
মায়ের কাছে দেওয়া ওই ছবিটা ছাড়া আর কোনো স্মৃতিচিহ্ন আছে জুয়েলের?
সুরাইয়া: ছবি আছে কিছু। ওর ক্রিকেট ব্যাট এখনো আছে, আমরা রেখে দিয়েছি। অটোগ্রাফ দেওয়া একটা ব্যাট আছে, ওই সময় পাকিস্তান দল খেলতে আসত ঢাকায়, তাদের অটোগ্রাফ নেওয়া।
ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতেন নিশ্চয়ই অনেক!
সুরাইয়া: অনেক স্বপ্ন ছিল ওর। ছোটবেলা থেকেই খেলত ক্রিকেট, পড়াশোনায় মন ছিল না একটুও। তার পরও বিএসসিটা পাস করেছিল। কিন্তু ক্রিকেটই ছিল ওর প্রাণ। ওর হাতে যখন গ্রেনেড লাগল, তখন বারবার শুধু বলত, ‘এই হাতে কি আবার ব্যাট ধরতে পারব?’ পারত কি না আর জানতেও পারল না।
জুয়েলের নামে তো একটি স্ট্যান্ড আছে এই স্টেডিয়ামে, আর কোনো দাবি আছে আপনাদের?
সুরাইয়া: আমি আগেরবারও বলেছিলাম, ওর একটা ম্যুরাল যদি করা হতো স্টেডিয়ামে, তাহলে হয়তো ওর স্মৃতি টিকে থাকত। সব প্রজন্মের সবাই দেখত, জানত। ছবি তো সব সময় থাকে না।