'খারাপ সময় আসেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিউল ইসলাম
রবিউল ইসলাম

জাতীয় দলে নেই অনেক দিন। প্রিমিয়ার ক্রিকেট, জাতীয় লিগ ও বিসিএল মিলে গত ছয় মাসে ম্যাচ খেলেছেন মাত্র পাঁচটি। তাহলে কি হারিয়েই গেলেন রবিউল ইসলাম? ফিটনেস-সমস্যা কাটিয়ে তিনি অবশ্য আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে দারুণ প্রত্যয়ী
. দিনকাল কেমন কাটছে?
রবিউল ইসলাম: আপনাদের দোয়ায় ভালোই যাচ্ছে। তবে জাতীয় দলে খেলাটা মিস করি। রক্তে তো ক্রিকেট মিশে আছে।
. জিম্বাবুয়ে সিরিজের পর বিশ্বকাপ, এর পর পাকিস্তান সিরিজ...আপনি কোথাও ছিলেন না। এ নিয়ে কোনো হতাশা?
রবিউল: ওয়েস্ট ইন্ডিজ থেকে আসার পরই কাঁধের চোটে পড়ি। প্রিমিয়ার লিগে তাই দুই ম্যাচের বেশি খেলতে পারিনি। বিশ্বকাপে খেলার কথা আমার চিন্তায়ও ছিল না। তবে ইচ্ছা ছিল, প্রিমিয়ার লিগে ভালো কিছু করব। চোটের কারণে তা হলো না। চিকিৎসা, পুনর্বাসন শেষে পুরোপুরি ফিট হয়ে ফেরার পর জাতীয় লিগে চারটি ম্যাচ পেলাম। মাঝে বিশ্রাম নিতে হওয়ায় খেললাম দুটি ম্যাচ।
. বিসিএলেও তো খেললেন একটা ম্যাচই...
রবিউল: হ্যাঁ, দ্বিতীয় ম্যাচে টিম ম্যানেজমেন্ট আমাকে খেলায়নি। আর আমাকে ফিটনেসের কাজও করতে হচ্ছে। তবে শেষ ম্যাচটা খেলার ইচ্ছা আছে। দল ডাকলে যাব।
. এখন তাহলে কী করছেন?
রবিউল: তিন দিন ধরে একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করছি। ফিটনেসই এখন আমার মূল চিন্তা। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে তো বাদ পড়লাম ফিটনেসের কারণেই। ২৪ তারিখে বিসিএলের শেষ ম্যাচ শুরু হবে। সেটাতে খেললে ২২ তারিখ পর্যন্ত ফিটনেসের কাজ করে যাব। নয়তো এখানেই কাজ করব। ফিটনেস নিয়ে তিন সপ্তাহ কাজ করতে হবে। এরপর এইচপির দলে যদি থাকি, সেখানে অনুশীলন করব।
. পাকিস্তান সিরিজের খেলা দেখে কেমন লাগল?
রবিউল: মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পাইনি। টিভিতেই দেখেছি। ওয়ানডে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় দেখে খুব ভালো লেগেছে। বেশি উপভোগ করেছি টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বোলিংটা।
. আর টেস্ট ক্রিকেট? ওটাই তো বেশি মিস করার কথা আপনার...
রবিউল: তা তো অবশ্যই...মিস করেছি। আসলে ওয়ানডে, টি-টোয়েন্টি নিয়ে তো আমি চিন্তা করি না, চিন্তা করি টেস্ট নিয়ে। খুলনার ছেলে আমি, খুলনায় যেকোনো খেলাই আমি খুব উপভোগ করি। এ কারণে প্রথম টেস্টটা বেশি মিস করেছি।
. শাহাদাত চোটে পড়ায় ঢাকা টেস্টে বলতে গেলে এক বিশেষজ্ঞ পেসার নিয়েই খেলতে হলো বাংলাদেশ দলের। দূর থেকে দেখে কি মনে হয়েছে আপনি থাকলে দলকে কিছু দিতে পারতেন?
রবিউল: আমি লম্বা স্পেলে বল করতে পারি। আপনারাও দেখেছেন শ্রীলঙ্কা আর জিম্বাবুয়েতে সেটা করেছি। হয়তো প্রয়োজনের মুহূর্তে পাকিস্তানের বিপক্ষেও সেটা করতে পারতাম। তবে শহীদ তার সাধ্যমতো চেষ্টা করেছে। খুব ভালো বল করেছে ও।
. অনেকে বলে আপনি এখন আর ঠিক খেলার মধ্যে নেই। খেলার প্রতি মনোযোগ নাকি কম। এ ব্যাপারে কী বলবেন?
রবিউল: দেখেন, খেলোয়াড়দের জীবনে খারাপ সময় আসেই। তখন আপনি যা-ই করবেন, সবার খারাপ লাগবে। চোখে পড়বে। ভালো সময়ে অনেক খারাপ কিছু করলেও কারও চোখে পড়ে না। আমি অনেক দিন দলের বাইরে আছি, সময়টা নিজেও উপভোগ করছি না। হয়তো সে জন্যই...। সবাই যা ভাবছে, ব্যাপারটা আসলে তা নয়।