
বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ আর ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল শুধুই হতাশার। এশিয়াডে কুয়েত, হংকংয়ের বিপক্ষে জেয় আর যা-ই হোক তৃিপ্তর কিছু নেই। সেদিক দিয়ে বাংলাদেশের কোচ হওয়ার পর কাল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয় দিয়েই প্রথম সাফল্য পেলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে এই জয়েও পুরোপুরি নিরুদ্বেগ নন শ্রীলঙ্কান কোচ
অবশেষে টেস্ট জয় দেখল বাংলাদেশ দল। কোচ হিসেবে আপনি কতটা আনন্দিত?
চন্ডিকা হাথুরুসিংহে: টেস্ট ম্যাচ জেতা সব সময়ই আনন্দের। খুশি না-অখুশি বলতে পারব না, তবে এটা সব সময়ই মনে সন্তুষ্টি আনে। আমরা তাদের চেয়ে ভালো খেলেছি বলেই জিতেছি। তবে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট হারানোর আগ পর্যন্ত ম্যাচে আমাদেরই কর্তৃত্ব ছিল। কিন্তু ওই অল্প একটু সময়ই আমাদের চাপে ফেলে দিল। এটাই একটু চিন্তার বিষয়। তবে তা থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারায় আমি খুশি।
চতুর্থ ইনিংসের পুরো ব্যাটিংই তো চিন্তার বিষয় হওয়ার কথা...
হাথুরুসিংহে: দুই দলের জন্যই এই উইকেটে ব্যাট করা কঠিন ছিল। বোলারদের কৃতিত্ব দিতেই হবে। খুবই ভালো বল করেছে তারা। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের কেউ কেউ যেসব বলে আউট হলো, সেগুলো খেলার মতো ছিল না। তবে আমি হতাশ প্রথম ইনিংসের তিনটি রানআউট নিয়ে। এসব অনূর্ধ্ব-১৩ ক্রিকেট খেলার সময়ই শিখে ফেলা উচিত। এটাই মূল চিন্তার বিষয়। খুবই বাজে ভুল ছিল ওগুলো। এ নিয়ে আমি কথা বলব। ওই আউটগুলো হজম করতে না হলে আমরা ১০০ থেকে ১৫০ রান লিড নিতে পারতাম। তখন ম্যাচটা অন্য রকমও হতে পারত।
দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট পড়ে যাওয়ার পরও কি মনে হচ্ছিল ম্যাচে আপনারাই জিতবেন?
হাথুরুসিংহে: হ্যাঁ, আমার তাই মনে হচ্ছিল।
বোলারদের প্রশংসা করলেন। ব্যাটসম্যানদের নিয়ে কী বলবেন?
হাথুরুসিংহে: আবারও বলছি, এই উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। অন্যদিকে আমাদের বোলাররা খুবই ভালো বল করেছে। ব্যাটসম্যানদের জন্য এখানে খেলাটা চ্যালেঞ্জ ছিল। আমার কাছে চিন্তার বিষয় মনে হচ্ছে, আমরা যেভাবে প্রতিপক্ষকে ম্যাচে ফিরতে দিয়েছিলাম, সেটা। কারণ ম্যাচটা ছিল আমাদের হাতে।
উইকেটে ব্যাটিং কঠিন ছিল বলছেন। তো এই উইকেটে আপনাদের পরিকল্পনাটা কী ছিল আসলে?
হাথুরুসিংহে: পরিকল্পনা ছিল আমাদের স্পিনাররা যেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের বিপক্ষে ভালো কিছু করে। তবে আমি নিজেও আসলে উইকেটে এতটা বৈচিত্র্যময় বাউন্স আশা করিনি। একটু অবাকই হয়েছি। আমাদের স্পিনাররা ওদের বিপক্ষে ভালো বল করবে, সে বিশ্বাস ছিল। কারণ আমাদের স্পিন আক্রমণ অনেক বৈচিত্র্যপূর্ণ।
পরের ম্যাচগুলোর জন্য এখন কতটা আত্মবিশ্বাসী?
হাথুরুসিংহে: এমন জয় তো আত্মবিশ্বাস বাড়াবেই। আপনি যখন জিতবেন, অন্য পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারবেন। সে জন্যই আমি বেশি খুশি।
তাইজুল ইসলামের পারফরম্যান্সকে কীভাবে মূল্যায়ন করবেন?
হাথুরুসিংহে: অসাধারণ। সে ৮ উইকেট নিয়েছে এবং এটা টেস্টে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং। তাঁর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল বলেই মনে হচ্ছে।
এশিয়ান গেমস টি-টোয়েন্টিতে দুটি ম্যাচ জিতে এসেছেন। জয়ের ধারা কি সেখান থেকেই শুরু হলো?
হাথুরুসিংহে: (হেসে) প্রতিটি ম্যাচই এক একটা চ্যালেঞ্জ। সামনে আরেকটা নতুন ম্যাচ। আশা করি, আমরা আমাদের প্রক্রিয়াটা ধরে রেখে তাদের ওপর এই চাপ রাখতে পারব এবং বাকি ম্যাচগুলোও জিতব।