
এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ দল। ফাইনালে উঠেও না খেলেই ফিরে আসতে হয়েছে মেয়েদের। নেপালের ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়ে মৃত্যুকে যেন খুব কাছ থেকে দেখেছে বাংলাদেশ দলের মিডফিল্ডার সানজিদা আক্তার
. ভূমিকম্পের আগে তোমরা কী করছিলে?
সানজিদা আক্তার: প্রতিটি ম্যাচের আগে আমাদের কোচ স্যার (গোলাম রব্বানী) সবাইকে নিয়ে মিটিং করেন। ব্ল্যাকবোর্ডে আমাদের অনেক কিছু এঁকে দেখান, ল্যাপটপের মাধ্যমে প্রজেক্টরে খেলার ভিডিও ক্লিপস দেখান। ওই দিন (২৫ এপ্রিল) দুপুরে ওই ক্লাসে হঠাৎ দেখি আমরা দুলছি। কী হয়েছে, প্রথমে বুঝতে পারিনি।
. তারপর?
সানজিদা: তারপর অন্যদিকে তাকিয়ে দেখি পুরো ভবনটা দুলছে। হঠাৎ ল্যাপটপ বন্ধ হয়ে গেল। বিদ্যুৎ নেই। হোটেলের জানালার থাই গ্লাস ঝুরঝুর করে ভেঙে পড়ল। প্রতিটি রুমের টাইলস ভেঙে যায়। রুমের মধ্যে পানি ঢুকে পড়ে। তাড়াতাড়ি চিৎকার করে রুম থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম। হোটেলের ছয়তলায় ছিলাম আমরা। দৌড়ে গিয়ে সিঁড়ির পাশে দাঁড়ালাম। দুলুনি আরও বেড়ে গেল। মনে হচ্ছিল কাগজের মতো দুলছি। আর সবাই কোচ স্যারকে জড়িয়ে ধরে তখন চিৎকার করছি।
. এরপর তোমরা কোথায় গেলে?
সানজিদা: এরপর হোটেলের পাশেই পাহাড়ের ধারে একটা খোলা মাঠ ছিল। সেই মাঠে কম্বল মুড়ি দিয়ে সারা দিন বসে ছিলাম।
. ওই হোটেলে কি শুধু তোমাদের দলটাই ছিল?
সানজিদা: না। নেপাল, ভারত, ইরানও ছিল। কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য সকালেই ভারত ও ইরান বেরিয়ে যায়।
. হোটেলে কখন ফিরেছিলে?
সানজিদা: দুপুরে খেতে ঢুকেছিলাম। পরে দেখি আবারও হালকা নড়ছে। আবারও মাঠে ফিরে যাই। অনেক রাত পর্যন্ত মাঠেই ছিলাম। ভেবেছিলাম আর মনে হয় বাড়ি ফেরা হবে না। রাতে সবাই খুব কান্নাকাটি করেছি।
. তাহলে তো ঘুমাতেও পারোনি?
সানজিদা: রাতে খাওয়ার পর আমরা হোটেলের গ্রাউন্ডফ্লোরে শুয়েছিলাম। কিছুতেই ঘুম আসছিল না। তীব্র ঠান্ডা বাতাস বইছিল। আমাদের সঙ্গে ভারত, ইরান, নেপালের মেয়েরাও শুয়েছিল। আবার ভূমিকম্প হলে যাতে এক দৌড়ে বাইরে বেরিয়ে যেতে পারি এ জন্যই ফ্লোরে ছিলাম।
. তখন কি তোমাদের কেউ খোঁজ নিয়েছিল?
সানজিদা: ফেডারেশন থেকে বারবার ফোন করা হচ্ছিল। কিরণ আপা (বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার) ফোন করে আমাদের কী অবস্থা, কোথায় আছি, নিরাপদে আছি কি না জানতে চাচ্ছিলেন।
. ফেরার সময়ের অভিজ্ঞতা কী?
সানজিদা: আমরা বিমানবন্দরে আসছিলাম, তখন দেখি রাস্তা ফেটে দুভাগ হয়ে গেছে। খুবই বাজে অবস্থা।
. ফাইনালের ভেন্যু দশরথ স্টেডিয়ামও তো বিধ্বস্ত...
সানজিদা: আমরা দেখিনি, কিন্তু ওখানেই আমাদের একজন জানালেন স্টেডিয়ামের দুই গেট ভেঙে গেছে। গ্যালারি-মাঠেরও বাজে অবস্থা।
. ফাইনালটা আবার কবে হবে জানতে পেরেছ?
সানজিদা: এটা এএফসি পরে আমাদের জানাবে।
. এখন কি অনুশীলনের মধ্যেই থাকবে?
সানজিদা: হ্যাঁ। আমরা সবাই কিরণ আপাকে বলেছি আমাদের যেন একটা করে বল দেওয়া হয়। আপা দিতে রাজি হয়েছেন। বলেছেন অনুশীলন ছেড়ো না। যেকোনো মুহূর্তে ক্যাম্প ডাকা হতে পারে।
. ভেন্যুটা ঢাকায় হলে ভালো হয়, নাকি?
সানজিদা: আমরাই আপাকে বলেছি এখন যদি ফাইনালের ভেন্যুটা বাংলাদেশে হয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আপা বলেছেন এএফসির সঙ্গে এ ব্যাপারে নাকি কথা বলবেন।
. বিমানবাহিনীর উদ্ধারকারী বিমানে আসার অভিজ্ঞতাটা কেমন ছিল?
সানজিদা: উদ্ধারকারী বিমানে তো আগে উঠিনি। ওটা নাকি যুদ্ধবিমান। অনেক শব্দ হচ্ছিল। এখনো মাথা ভন ভন করছে।
. আতঙ্ক কি কেটেছে?
সানজিদা: এটা কাটিয়ে উঠতে সময় লাগবে। খেতে গেলেই মনে হচ্ছে ডাইনিং নড়ছে। বিছানা নড়ছে। স্বাভাবিক হতে একটু তো সময় লাগবেই। আল্লাহকে লাখ লাখ শুকরিয়া যে সুস্থভাবে দেশে ফিরে এসেছি। এত দিন সিনেমায় দেখেছি, টিভিতে দেখেছি। সেদিন বাস্তবেই সেটি দেখলাম। এটা যে কত ভয়াবহ ছিল বলে বোঝানো যাবে না। সারা জীবন এ ঘটনাটা মনে থাকবে।