'খেলাটা ছাড়তে কষ্ট হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ কুমার রায়
বিদ্যুৎ কুমার রায়

২৭ বছর ধরে ‘ভার’ তুলছেন। জাতীয় প্রতিযোগিতায় টানা ২৫ বার চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু আজ শুরু জাতীয় ভারোত্তোলনে নাম লিখিয়ে বিদ্যুৎ কুমার রায়ের মনে হলো, আর নয়, এবারই শেষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার অপেক্ষায় থাকা ৪৩ বছর বয়সী ভারোত্তোলক কাল দিয়ে দিলেন অবসরের ঘোষণা
বড় কোনো চোটে পড়েননি। নিশ্চয়ই আরও কিছুদিন খেলতে পারতেন?
বিদ্যুৎ কুমার রায়: টানা অনেক দিনই তো খেললাম। ভবিষ্যতে যারা আসবে তাদের সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত। তবে প্রিয় খেলাটা ছাড়তে খুব কষ্ট হচ্ছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ে নাম তোলার কী হলো?
বিদ্যুৎ: এখনো এটার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মাধ্যমে একবার কাগজপত্র জমা দিয়েছিলাম। কোনো সাড়া পাইনি। আবার নতুন করে কাগজপত্র জমা দিয়েছি। আসলে গিনেস রেকর্ড নিয়ে নিজেও অন্ধকারে আছি। বহু দেশে খেলেছি। আমার সঙ্গে যাঁরা খেলেছেন, তাঁদের অনেকের ছেলের সঙ্গেও খেলেছি। আমার ২৭ বছরের ক্যারিয়ার। হয়তো রেকর্ডটা হতেও পারে।
শেষ পর্যন্ত রেকর্ডটা যদি না হয়?
বিদ্যুৎ: না হলেও কোনো আক্ষেপ থাকবে না। কারণ আমার চেষ্টা আমি করেছি। আমার তৃপ্তি যে টানা ২৭ বছর খেলে গেলাম। এটাই বড় পাওয়া।
ময়মনসিংহের দুর্গাবাড়ীর আমিন ফার্মেসির ডাক্তার বাবু তাহলে আর ভারোত্তোলনে নেই!
বিদ্যুৎ: হ্যাঁ, ওখানে সবাই আমাকে বডিবিল্ডার বলেই চেনে। আর ফার্মেসিতে বসি বলে ডাক্তার বাবু বলে ডাকে। যদিও খেলোয়াড় হিসেবেই বেশি পরিচিতি আমার। খেলোয়াড় হিসেবে আমি যে সম্মান পেয়েছি তা ভুলব না। এলাকায় গেলে এখনো সবাইকে বলতে শুনি, ‘চলো, বিদ্যুতের দোকানে যাই। ওকে একটু দেখে আসি, ওর সঙ্গে কথা বলে আসি।’ এটা যে কত আনন্দের, তা বলে বোঝাতে পারব না।
আপনি কি ভারোত্তোলকই হতে চেয়েছিলেন?
বিদ্যুৎ: শুরুতে ভারোত্তোলক হওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু আমার শরীরটা বেশ শক্ত-সমর্থ ছিল। নিয়মিত জিমে যেতাম। আমার বড় ভাই নিরঞ্জন রায় ছিলেন ভারোত্তোলক। বাড়ির পাশের জিমনেসিয়ামে নিয়মিত ব্যায়ামচর্চার পাশাপাশি ভারোত্তোলনে অংশ নিতেন। বড় ভাইয়ের দেখাদেখি ব্যায়াম করতাম, কখনো লুকিয়ে, শখের বশে ভারোত্তোলন করেছি। একদিন সেখানে দেখি ভারোত্তোলনের প্রশিক্ষণ চলছে। আমার প্রথম ওস্তাদ ইব্রাহিম খলিল বললেন, তোর ফিগারটা ওয়েটলিফটিংয়ের জন্য ভালো। খেললে ভালো করবি। এর পর থেকেই শুরু করি।
অবসরের পর কী করবেন ভেবেছেন?
বিদ্যুৎ: ফেডারেশনের সঙ্গে যুক্ত হতে চাই। এ ছাড়া আমার সংস্থা ও ফেডারেশন যদি সুযোগ-সুবিধা দেয় তাহলে কোচিংয়ে আসতে চাই। আমি কোচ হতে আগ্রহী।
ভারোত্তোলনে এখনো হাতে গোনা পুরোনো কিছু সরঞ্জাম নিয়ে টানাটানি চলছে।
বিদ্যুৎ: এটা আমাদের আজীবনের সমস্যা। এর কোনো সমাধান নেই। ফেডারেশনে, জেলা পর্যায়ে কোথাও ভালো সরঞ্জাম নেই। ভালো সরঞ্জাম থাকলে আরও অনেকেই এই খেলায় আসত।
ক্যারিয়ারের শেষে এসে কোনো আক্ষেপ আছে?
বিদ্যুৎ: না। আমি জাতীয় ক্রীড়া পুরস্কার, ক্রীড়া লেখক সমিতির পুরস্কার, গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার জিতেছি। যে সংস্থায় চাকরি করি সেই আনসারও আমাকে পুরস্কৃত করেছে। অলিম্পিক বাদে সব বড় আন্তর্জাতিক গেমসে খেলেছি। আমার কোনো আক্ষেপ নেই।
ভারোত্তোলনে সারা বছর অনুশীলন চলে। সেই অনুপাতে কি আন্তর্জাতিক সাফল্য আসছে?
বিদ্যুৎ: সারা বছর অনুশীলন চলে বলেই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পদক আসে। সম্প্রতি আফ্রো-এশিয়া কাপে বাংলাদেশ দুটি রুপা জিতেছে। আমি জিতেছিলাম মাস্টার্স ক্যাটাগরিতে। ভারোত্তোলনে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বৃত্তি দেওয়া হয়। এ জন্য সবাই অনুশীলনে বাড়তি পরিশ্রম করে।