>

প্রায় তিন বছর পর কাল শুরু হয়েছে ঘরোয়া হকির নতুন দলবদল। কিন্তু গ্রেডিং নামের অদৃশ্য শেকলে বাঁধা পড়ায় এবারের দলবদলে পারিশ্রমিক নিয়ে সন্তুষ্ট নন খেলোয়াড়েরা। তারপরও শেষ পর্যন্ত মাঠে খেলা গড়াচ্ছে, এটি ভেবেই স্বস্তি পাচ্ছেন জাতীয় দলের অধিনায়ক ও উষার মিডফিল্ডার সারোয়ার হোসেন
* তিন বছর পর দলবদলের কাঙ্ক্ষিত সেই ক্ষণটা এসেছে। খুশি লাগছে না?
সারোয়ার হোসেন: দলবদলটা দারুণ উপভোগ করছি আমরা। এত খেলোয়াড় ফেডারেশনে এসেছে, কত নতুন মুখ, দলবদল এলে সবার সঙ্গে দেখা হয়। হকি অঙ্গনে যত খেলোয়াড় আছে সবাই দলবদলের সময় এখানে আসে। কর্মকর্তারাও আসেন। দলবদল না থাকলে বুঝতেই পারতাম না কে হকি খেলে, কে খেলে না। তা ছাড়া সব ক্লাবেরই একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে দলবদল ঘিরে। যদি প্রতিবছর দলবদল হতো তাহলে সেই পরিকল্পনাগুলোও বাস্তবায়ন হতো। আমাদের হকিও অনেক এগিয়ে যেত।
* এবার খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়ার জন্য গ্রেড করা হয়েছে। এটি কীভাবে নিচ্ছেন?
সারোয়ার: গ্রেডিংয়ের আওতায় আছি বড় চারটি ক্লাবের ১২ জন খেলোয়াড়, যারা বিভিন্ন সার্ভিসেস দলে খেলছি। তিনটি গ্রেড হয়েছে— ‘এ’ ক্যাটাগরিতে ৩ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ২ লাখ এবং ‘সি’ ক্যাটাগরিতে দেড় লাখ টাকা। যদিও বলা হচ্ছে অন্যদের জন্য পারিশ্রমিক উন্মুক্ত, কিন্তু সেটা হচ্ছে কই? জাতীয় দলের সেরা খেলোয়াড়েরা যেখানে সর্বোচ্চ ৩ লাখ টাকা পাচ্ছেন, অন্যদের কেন ক্লাব কর্মকর্তারা বেশি দামে নিতে যাবেন? এক অর্থে এই গ্রেডিংয়ের কারণে তাই সব খেলোয়াড় অদৃশ্য শেকলে বাঁধা পড়েছে। এই চর্চা থেকে বের হওয়া দরকার। হকির স্বার্থে আমাদের ছাড় দিতে হচ্ছে। কিন্তু এটা চলতে থাকলে একসময় কেউ হকি খেলতে চাইবে না।
* তাহলে সিদ্ধান্তটা আপনারা মানলেন কেন?
সারোয়ার: না মেনে কী করব? ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর চাকরিতে ঢুকেছি। কিন্তু এই সুযোগ নিয়ে আমাদের সঙ্গে অবিচার করা হচ্ছে। তারপরও এটা সাময়িক মেনে নিয়েছি, কারণ মাঠে খেলার সুযোগটা অন্তত মিলছে।
* খেলা বন্ধ থাকা পেছনের সময়টা কীভাবে কাটত?
সারোয়ার: খুবই খারাপ গেছে সময়টা। তখন মনে হতো হকি খেলে ভুল করেছি। কখনো খেলা ছেড়ে দেওয়ার চিন্তাও মাথায় আসত।
* গতবার উষায় খেলেছেন উন্মুক্ত পারিশ্রমিকে। এবার সার্ভিসেস দলের হয়ে, গ্রেডের আওতায় খেলবেন। মাঠে কতটা অনুপ্রাণিত থাকবেন?
সারোয়ার: একজন খেলোয়াড় যখন মাঠে নামে তখন এসব চিন্তা করার সময়ই থাকে না। যে দলেরই হই না কেন তখন একটাই পরিচয়—আমি একজন খেলোয়াড়। ওই সময় আমার কর্তব্যই থাকে শতভাগ উজাড় করে খেলার।
* লিগে পাঁচ বিদেশি খেলোয়াড়কে খেলানোটাকে কীভাবে দেখছেন?
সারোয়ার: এটাকে ঘরোয়া লিগ না বলে আন্তর্জাতিক লিগ নাম দেওয়া উচিত। ফেডারেশনের উচিত ছিল দেশের খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া। সেটা হয়নি। মাঠে বিদেশি যে ৫ জন খেলবেন দেখা যাবে তারাই সবকিছু নিয়ন্ত্রণ করছে। আমরা সুযোগ না পেলে পারফরম্যান্স দেখাতে পারব না। সবাই বলবে, তুমি আগে ভালো খেলতে, এখন তো খেলো না। নিজেদের প্রমাণের জায়গাটা কমে যাবে। সবচেয়ে বড় প্রভাব পড়বে জাতীয় দল গড়ার সময়। তখন খেলোয়াড় খুঁজে পাওয়া যাবে না। দেশ-জাতির স্বার্থে বিদেশি কোটা তিনজন হওয়া উচিত।
* উষা তো গতবার যুগ্ম চ্যাম্পিয়ন ছিল। এবার কী লক্ষ্য আপনাদের?
সারোয়ার: এবার এককভাবে চ্যাম্পিয়ন হতে চাই। আমাদের দলে এবার জাতীয় দলের ৮ জন খেলোয়াড়। আশা করি, আমরা এবারও চ্যাম্পিয়ন হব।