'খেলোয়াড়দের ওপর ছড়ি ঘোরাতে পছন্দ করি না'
>ইব্রাহিমোভিচের মতে, তিনি সর্বকালের সেরা কোচ। ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর সম্পর্কে বলেছেন, ‘মানুষ হিসেবে তিনি অসাধারণ।’ জন টেরির উপলব্ধি, ‘তাঁর দলে খেলার সময় নিজেকে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় বলে মনে হয়।’ এই তিন তারকার এমন উচ্ছ্বাস ও মুগ্ধতা যাঁকে নিয়ে, তিনি কার্লো আনচেলত্তি। তিনবার চ্যাম্পিয়ন ও একবার রানার্সআপ হয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সফলতম কোচ। কী তাঁর এই সাফল্যের রহস্য? ব্রিটিশ সাময়িকী স্পোর্ট-কে দেওয়া এই ইতালিয়ান কোচের সাক্ষাৎকারে পাওয়া যেতে পারে এই প্রশ্নের উত্তর—
* খেলোয়াড়ি জীবনে কোন কোচের কাছ থেকে সবচেয়ে বেশি শিখেছেন?
কার্লো আনচেলত্তি: ওই সময়ে তো আরিগো সাচ্চি ফুটবলের সবচেয়ে সৃজনশীল কোচ ছিলেন। ওঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তবে সাচ্চির আগে আমি আরও একজন ভালো কোচ পেয়েছিলাম—সভেন গোরান এরিকসন। কৌশলগত দিক থেকে তিনিও খুব ভালো ছিলেন। শুরুর দিকে নিলস লিয়েডহোমকে পেয়েছিলাম। মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো তাঁর কাছ থেকে শিখেছি। ওঁর একটা চমৎকার গুণ ছিল—খুব শান্ত থাকতেন, কখনো খেলোয়াড়দের ধমক দিয়ে কিছু বলতেন না। আমার চরিত্রের সঙ্গে বেশ মানানসই, তাই না?
* বড় তারকাদের সামলানোর ব্যাপারে আপনার সুনাম আছে। এটার রহস্য কী?

আনচেলত্তি: যদি খেলোয়াড়দের খুশি রাখতে চান, তাঁদের মাঠে নামিয়ে দিন। কিন্তু ২৫ জনকে তো নামানোর সুযোগ নেই। মাত্র ১১ জনকেই খেলানো যায়। তাহলে উপায়? এই ব্যবস্থাপনাটাই বড় ব্যাপার। আমি যদি ১১ জনকে খুশি করি, তার মানে বাকি ১৪ জন অখুশি থেকে যাচ্ছে। এখন যে খেলোয়াড় অখুশি, তাঁকে এমনভাবে উদ্বুদ্ধ করতে হবে, যাতে সে অনুশীলনে কঠোর পরিশ্রম করে এবং যা দেখে আমি নিজের মত বদলে পরের ম্যাচে তাঁকে সুযোগ দিই। এটাই মূল ব্যাপার।
* এই যে এত এত খেলোয়াড় বলেন, তারা আপনার অধীনে খেলাটা উপভোগ করেছেন, এটার পেছনে আরও বিষয় নিশ্চয়ই আছে...
আনচেলত্তি: আমি প্রতিটি খেলোয়াড়কে শুধু খেলোয়াড় নয়, মানুষ হিসেবে মূল্যায়ন করি। আমি চাই, ওরাও আমার সমকক্ষ হয়ে কথা বলুক। খেলোয়াড়ি জীবনে আমি অনেক কোচ পেয়েছি, যাঁরা আমাকে বলতেন—‘তুমি খেলোয়াড়, আমি কোচ। আমি যা বলি তাই হবে।’ আমি এটার পক্ষে নই। আমি খেলোয়াড়দের ওপর ছড়ি ঘোরাতে পছন্দ করি না। অনেক খেলোয়াড় কোচকে পাল্টা কিছু বলতে সাহস পায় না। এটা ভালো কিছু নয়। একজন খেলোয়াড়ের অবশ্যই আত্মবিশ্বাস থাকতে হবে, যাতে সে আপনাকে বলতে পারে—আপনার এই কৌশল বা এই ধরনটা আমার পছন্দ নয়। খেলোয়াড়েরা যদি পাল্টা কিছু না বলে, তাহলে আপনি বুঝবেন কী করে সমস্যা কোথায় কিংবা সে কেন প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না।
* রিয়াল মাদ্রিদে জিনেদিন জিদান আপনার সঙ্গে কাজ করেছেন। সেরা কোচদের একজন হওয়ার গুণ কি আছে তাঁর মধ্যে?
আনচেলত্তি: অবশ্যই। প্রথমত, ও কিন্তু একজন বড় ব্যক্তিত্ব, আলাদা একটা ক্যারিশমা তাঁর মধ্যে আছেই। খেলোয়াড় হিসেবে সে যা করেছে, সে জন্য ওর প্রতি সবার একটা বাড়তি শ্রদ্ধাও আছে। এ ছাড়া সে একাডেমির কোচ হিসেবে অভিজ্ঞতা নিয়েছে, এখন মূল দলের দায়িত্বে। আমি তো বলব, সে এখনই অনেক ভালো কোচ।
* ড্রেসিংরুমের নেতা হিসেবে যদি কারও নাম বলতে হয়, কার কথা বলবেন?
আনচেলত্তি: অনেক ধরনের নেতা আছেন। কেউ নিজের ব্যক্তিত্ব দিয়ে বাকিদের উদ্বুদ্ধ করতে পারে, যেমন—মালদিনি, রামোস। আবার কেউ বা কৌশলগত দিক থেকে নেতা এবং মাঠেও সামনে থেকে নেতৃত্ব দেয়। রোনালদো, কাকা, পিরলো, ইব্রাহিমোভিচরা এই দলে। আবার কেউ কেউ থাকে নীরব নেতা। উদাহরণ হিসেবে গাত্তুসোর নাম বলব। ও খুব বেশি কথা বলত না, কিন্তু তার শরীরী ভাষাটা নেতার মতো ছিল।
* ট্রফি তো অনেক জিতেছেন। আপনার চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা?
আনচেলত্তি: ২০০৩ চ্যাম্পিয়নস লিগ। ওই ফাইনালটা আমার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট ছিল। এর আগে আমি অনেকবার বিভিন্ন টুর্নামেন্টে কোচ হিসেবে শুধু দ্বিতীয় হয়েছি। ইতালিতে লোকজন বলাবলি শুরু করেছিল, আমি সারা জীবন শুধু রানার্সআপই হয়ে যাব। ওই ফাইনাল জেতার পর সেটা বদলেছে। যদিও ওল্ড ট্রাফোর্ডে জুভেন্টাসের বিপক্ষে ওই ম্যাচটা খুবই একঘেয়ে হয়েছিল। দুটো ইতালিয়ান দল খেললে যা হয় আর কী! (হাসি) গোলের কোনো সুযোগই তৈরি হয়নি। মিলান শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতেছিল।
* এত এত সাফল্যের পর আপনার পরের মিশন বায়ার্ন মিউনিখকে নিয়ে। আর কত দিন ফুটবলে থাকতে চান?
আনচেলত্তি: যত দিন আমি খুশি থাকছি, তত দিন। যেদিন অনুশীলনের জন্য মাঠে গিয়ে মনে হবে, আর ভালো লাগছে না, সোজা সভাপতিকে গিয়ে বলে দেব এবং বিদায় নেব। কিন্তু এখন পর্যন্ত আমার কাজটা আমি উপভোগ করছি। আমাকে একবার একজন কোচ বলেছিলেন, ফুটবল কোচের কাজটা পৃথিবীতে সেরা, যদি কোনো ম্যাচ না থাকত। কোনো চাপ থাকত না, প্রতিদিন শুধু অনুশীলন। সমস্যা শুধু ওই ম্যাচ নিয়ে। কোনো ম্যাচ না থাকলে এটা দারুণ একটা পেশা (হাসি)।