
আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তাপের সঙ্গে বর্তমান ফুটবলাররা খুব কমই পরিচিত। তবে ব্যতিক্রমও আছে। আবাহনীর জার্সি গায়ে মোহামেডানের বিপক্ষে গোটা পঁচিশেক ম্যাচ খেলে ফেলেছেন প্রাণতোষ কুমার দাস। আজ আরেকটি আবাহনী-মোহামেডান ম্যাচ সামনে রেখে পেছনে তাকিয়েছেন আকাশি নীলের এই মিডফিল্ডার
আপনি তো আবাহনী-মোহামেডান ম্যাচ খেলতে খেলতে এটাকে ডালভাত বানিয়ে ফেলেছেন। আগের মতো উত্তাপ টের পান?
প্রাণতোষ কুমার দাস: পাই মানে! পুরোপুরিই পাই। বাইরে থেকে লোকে যত যাই বলুক, খেলোয়াড়েরা কিন্তু এই ম্যাচটি নিয়ে সিরিয়াস। দু-তিন দিন আগে ডাইনিংয়ে বসে আমরা কয়েকজন বলছিলাম, লিগে রেজাল্ট যা-ই হোক, মোহামেডানের সঙ্গে কিন্তু জিততেই হবে।
এমন প্রতিজ্ঞা খেলোয়াড়দের মধ্যে আগে বেশি ছিল বলেই শোনা যায়। সত্যিই কি এই ম্যাচটা জিততে খেলোয়াড়েরা এখনো মরিয়া থাকেন?
প্রাণতোষ: অবশ্যই থাকে। অফিশিয়ালরাও চান ম্যাচটি জিতুক দল। আর সব মেনে নিলেও মোহামেডানের সঙ্গে হারলে প্রশ্ন ওঠে। ক্লাব ম্যানেজমেন্ট এটা মানতে নারাজ। আরেকটি জিনিস দেখবেন, অন্য সব দলের সঙ্গে হার-জিতের খতিয়ান কিন্তু সেভাবে কেউ মনে রাখে না। কিন্তু আবাহনী-মোহামেডান ম্যাচে খতিয়ান থাকে। ম্যাচটার মর্যাদাই আলাদা।
শেষ কবে আবাহনী-মোহামেডান ম্যাচ খেলে পরিপূর্ণ আনন্দ পেয়েছেন?
প্রাণতোষ: আনন্দ সব সময়ই থাকে। তবে সময় তো বদলে গেছে। আমার শুরুর দিকেও মাঠ থাকত দর্শকে ভরা। মনে আছে, মিরপুরে আবাহনী-মোহামেডান ম্যাচে নিটল-টাটা জাতীয় লিগের সেমিফাইনাল। দুর্দান্ত ম্যাচ হয়েছিল। আসলে এখন আমি অভ্যস্ত হয়ে গেছি এখনকার নিরুত্তাপ পরিবেশের সঙ্গে। কম তো আর খেললাম না।
কটা খেলেছেন, যদি একটু মনে করতে পারেন...
প্রাণতোষ: পেশাদার লিগের সব কটি তো বটেই, তারও আগে দুটি লিগ খেলেছি আবাহনীতে। সঙ্গে নিটল-টাটা জাতীয় লিগ, সুপার কাপ ও অন্য টুর্নামেন্ট মিলিয়ে আমার ২৫টার মতো আবাহনী-মোহামেডান ম্যাচ হয়ে গেছে।
আবাহনীতে আসার আগে এই ম্যাচ আপনাকে কতটা দোলা দিত?
প্রাণতোষ: অনেক অনেক। মনে আছে, যখন আরামবাগে খেলতাম, গ্যালারিতে সেন্টু-মিন্টু এঁদের নামেও আওয়াজ উঠত। এখন আর তা নেই। খারাপ লাগে, কিন্তু কী করার আছে!
আপনি তো গত বারো-তেরো বছর ধরে কাছ থেকে দেখছেন সব। সেই উন্মাদনা হারিয়ে যাওয়ার কারণ কী?
প্রাণতোষ: অনেক কারণ আছে। লিগে এখন আর আবাহনী-মোহামেডানই মূল ম্যাচ নয়। শেখ জামাল, শেখ রাসেল আছে। এবার দারুণভাবে মুক্তিযোদ্ধাও লড়াইয়ে রেখেছে নিজেদের। লিগে এত প্রতিদ্বন্দ্বিতা আগে দেখিনি। একই সঙ্গে বলব, এখন আর সেভাবে তারকা নেই। আগে পাকির আলী, প্রেমলালদের মতো বিদেশিদের প্রতিও আকর্ষণ ছিল দর্শকদের, বর্তমান সময়ে সেটিও হারিয়ে গেছে।
এই ম্যাচটি নিয়ে আপনার অনেক স্মৃতিই আছে জানি। তার মধ্যে কোনটি বেশি মনে পড়ে?
প্রাণতোষ: ছোটবেলার অনেক স্মৃতিই চোখে ভাসে। তবে আমার এখন সবচেয়ে বেশি মনে পড়ে এই সেদিনের কথা। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে মোহামেডান আয়োজন করল প্রতীতি ফার্মা টুর্নামেন্ট, যেটির সেমিফাইনালে আবাহনী-মোহামেডান ম্যাচ পড়ে গেল আমার গায়েহলুদের দিন। কী করব ভাবতে ভাবতে শেষ পর্যন্ত গায়েহলুদই পিছিয়ে দিলাম। ম্যাচটা খেলেছি এবং জিতেই বাগেরহাটে বাড়ি গিয়েছি গায়েহলুদ করতে।
তারপর কী হলো, সতীর্থরা নিশ্চয়ই অনেক মজা করেছে এ নিয়ে?
প্রাণতোষ: তা তো করেছেই। সেদিন আবাহনীর খেলোয়াড়েরা ওই জয়টা উৎসর্গ করেছে আমাকে। অনেকে মজা করে বলেছে, ‘তোকে নয়, তোর গায়েহলুদের অনুষ্ঠানকেই উৎসর্গ করলাম আমরা।’