'গুলতি দিয়ে পাখি শিকার করতাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
তামিমুল ইসলাম
তামিমুল ইসলাম
গত মার্চে ব্যাংককে এশিয়া কাপ আর্চারিতে দলগত রুপা জেতায় বড় ভূমিকা রেখেছেন। সামোয়াতে ১০ সেপ্টেম্বর যুব কমনওয়েলথ গেমসে রিকার্ভে ব্যক্তিগত সোনা জেতেন তামিমুল ইসলাম। বিকেএসপির কিশোরের চোখ এখন এসএ গেমসে। স্বপ্ন দেখছেন আর্চারিতে তাঁর হাত ধরে দক্ষিণ এশিয়ান গেমসেও উড়বে লাল-সবুজের পতাকা

*যুব কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পরের ঈদটা কেমন কেটেছে?
তামিমুল ইসলাম: খুব ভালো। একটা সোনা জিতে আমার পৃথিবীটাই অনেক বদলে গেছে। বিকেএসপির স্যার থেকে শুরু করে বন্ধুরা, বাড়ির সবাই অনেক আদর করছে। ঈদের ছুটিতে লালমনিরহাটে বাড়িতে গেলে বন্ধুরা বলল, তুই তো এখন স্টার হয়ে গেছিস। পত্রিকায় ছবি ছাপা হচ্ছে।
*আগামী জানুয়ারিতে হবে এসএ গেমস। এই পদকটা নিশ্চয় বাড়তি অনুপ্রেরণা জোগাবে?
তামিমুল: সামোয়াতে ভালো করায় সবাই বলছে আরও ভালো করতে হবে। প্র্যাকটিসে মনোযোগ অনেক বাড়িয়ে দিয়েছি এখন। সামোয়াতে ভারতের আর্চারকে হারিয়ে সোনা জিতেছি। আশা করি, এসএ গেমসেও সোনা জিততে পারব।
*যাওয়ার আগে কি ভেবেছিলেন সোনা জিতবেন?
তামিমুল: আমার কোচ নূর আলম স্যার, সাজ্জাদ স্যার বলেন বিশ্ব চ্যাম্পিয়ন যে হবে, সে দশে দশ স্কোর করবে, তুমিও তা পারবে। আমি তাই সাহসী হয়ে উঠেছিলাম। তা ছাড়া এশিয়া কাপে রুপা জেতার পর থেকেই মনে হচ্ছিল আরও ভালো করব।
*আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্চারদের ধারাবাহিকতা থাকে না। আপনি ধারাবাহিতা রাখতে পারবেন মনে করেন? এসএ গেমসের প্রস্তুতিই বা কেমন হচ্ছে?
তামিমুল: টঙ্গীতে আবাসিক ক্যাম্প চলছে। এখানে আছেন কোরিয়ান কোচ। আমরা দিন-রাত মিলিয়ে ৯ ঘণ্টা প্র্যাকটিস করছি। সরকার ভালো সুযোগ-সুবিধা দিলে অবশ্যই ধারাবাহিকতা রাখতে পারব বলে আশা করি।
*আপনি তো বিকেএসপিতে থাকেন। নিশ্চয়ই সেখানকার সর্বোচ্চ সুযোগ-সুবিধাই কাজে আসছে...
তামিমুল: হ্যাঁ তা আসছে। তবে বিকেএসপিতে উচ্চ মাধ্যমিকের পর আর আর্চারি খেলার সুযোগ নেই। তখন পাস করে বেরিয়ে আমি কোথায় খেলব? কোনো সার্ভিসেস টিম বা বাহিনীতে খেলতে হবে। সেখানে সব সুযোগ-সুবিধা তো নেই।
*তাহলে কি বিকেএসপি ছাড়লে আর্চারি চালিয়ে যেতে পারবেন না বলে শঙ্কা আছে মনে?
তামিমুল: আমাকে কেউ যদি নির্ভয় দেয় তুমি খেলে যাও তাহলেই পারব। এখানে সবচেয়ে বড় সমস্যা খেলার সরঞ্জাম নিয়ে।
*সেটা কেমন?
তামিমুল: বিকেএসিপেতে যে সরঞ্জাম দিয়ে খেলি সেটা পাস করার পর রেখে আসতে হবে। এটা আমার নিজের নয়। তা ছাড়া এগুলোর দামও অনেক। কেনার সামর্থ্য সবার থাকে না। আমি খেলি বিশ্বমানের ধনুকে। এর একটার দাম আড়াই লাখ টাকা। আর এক ডজন িতরের দাম ৫০ হাজার টাকা। মোট ৩ লাখ টাকা লাগে একজন আর্চারের িতর-ধনুকের জন্য।
*ব্যয়বহুল খেলা জেনেও আর্চারিতে কেন এলেন?
তামিমুল: আমার বাবা আজিজুল ইসলাম স্কুলের শিক্ষক। উনি চাইতেন আমি লেখাপড়াটা ভালোভাবে করি। কিন্তু পড়াশোনায় তেমন মনোযোগী ছিলাম না। শুধু গুলতি দিয়ে পাখি শিকার করে বেড়াতাম। এসব দেখে আব্বু একদিন বলেন, বিকেএসপিতে যাও। এরপর বিকেএসপিতে ট্রায়াল দিয়ে এক মাস ট্রেনিং করলাম। ওই সময় আমার খেলাটার প্রতি নেশা ধরে যায়।
*তাহলে তো মনে হচ্ছে অনেক দূর যেতে চান...
তামিমুল: অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন দেখি। থাইল্যান্ডে রুপা জিতে বাংলাদেশের পতাকা উড়তে দেখেছি। কিন্তু জাতীয় সংগীত বাজেনি। তখন থেকেই কমনওয়েলথ গেমসে জাতীয় সংগীত বাজানোর জেদ চেপেছে মনে। নূর আলম স্যারও বলতেন, ‘আমি যেটা পারিনি তুই সেটা করিস।’ স্যারের আক্ষেপটা ঘোচাতেই প্রতিটি গেমসে দেশের জাতীয় সংগীত বাজাতে চাই।