'গোল করার ব্যর্থতায় ভুগলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমলেশ সেন
অমলেশ সেন

টানা দুই মৌসুম ট্রফি নেই আবাহনীর ঘরে। মাঠের দাপট কোথায় যেন হারিয়ে গেছে। তারই ধারাবাহিকতায় রানার্সআপ হয়ে এবারের প্রিমিয়ার লিগ শেষ করল আকাশি-নীলরা। চট্টগ্রামে কাল শেষ ম্যাচ খেলার পর টেলিফোনে ব্যর্থতার কারণ খুঁজলেন কোচ অমলেশ সেন
l লিগে রানার্সআপ হয়ে খুশি?
অমলেশ সেন: মোটেও না। আবাহনী রানার্সআপ হতে টিম করে না। এটা আমাদের জন্য হতাশার।
l কেন এ অবস্থা?
অমলেশ: তিন পর্বের লিগে দ্বিতীয় পর্বটা আমাদের খুব খারাপ কেটেছে। প্রথম পর্ব ভালোই ছিল। তৃতীয় পর্বও মোটামুটি ঠিক আছে। কিন্তু দ্বিতীয় পর্বে বেশ কয়েকটি ম্যাচে পয়েন্ট হারিয়ে আমরা পিছিয়ে পড়ি। এটার মূল কারণ আমাদের গোল করার ব্যর্থতা ছিল অনেক।
l যেমন...
অমলেশ: মরিসনের কথাই ধরুন। ঘানার এই ছেলেটা গত লিগে মোহামেডানের হয়ে ১২টি গোল করল, যা ছিল লিগে সর্বোচ্চ। আমরা ওকে অনেক আশা নিয়ে দল ভেড়ালাম, কিন্তু সে সময়মতো গোল পেল না। প্রথম পর্বে চার, তৃতীয় পর্বে নয় গোল ওর। দ্বিতীয় পর্বে গোল নেই। এটা অবিশ্বাস্য। দলের মূল স্ট্রাইকারের এমন অবস্থা হলে জেতা সত্যিই কঠিন।
l কিন্তু এটাও তো সত্য আপনারা অফ ফর্মের খেলোয়াড় নিয়েছেন দলে। যেমন ঘানার ঘরোয়ার্ড ইব্রাহিম...
অমলেশ: ইব্রাহিম আমাদের পুরোনো খেলোয়াড়। তবে এটা ঠিক, আগের চেয়ে ওর ফর্ম পড়তির দিকে। প্রত্যাশামতো ওর পারফরম্যান্স পাওয়া যায়নি। অন্যরাও দলের চাহিদা মেটাতে পারেনি সব সময়। ফলে আমাদের বেকায়দায় পড়তে হয়েছে।
l আপনি তো স্বাধীনতার পর থেকেই আছেন আবাহনীর সঙ্গে। কখনো এত অনুজ্জ্বল দেখেছেন এই দলটিকে?
অমলেশ: মাঠের খারাপ সময় আসে-যায়। এটা নতুন কিছু নয়। তবে এখন প্রতিদ্বন্দ্বিতা বাড়ার ফলে সাফল্য ঘরে তোলা আগের চেয়ে কঠিন। একটু ভুল করলেই অনেক পিছিয়ে পড়তে হয়। তার পরও আমাদের এ মৌসুমের সমস্যা হলো, খেলোয়াড়েরা সেরাটা দিতে পারল না।
l বিশ্বকাপের আগে ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি দায়িত্ব ছেড়ে গেলেন। আপনি আবার আপৎকালীন কোচের দায়িত্ব নিলেন। এই যে প্রায় প্রতিবছর কোচবদল, কোচিং-পদ্ধতি বদল—এসবের কোনো প্রভাব আপনি দেখেন?
অমলেশ: কোচ আসবে-যাবে, এটা স্বাভাবিক। আমি ওটাকে বড় করে দেখছি না। কথা হচ্ছে, খেলোয়াড়েরা খেলতে না পারলে কোচ কী করবেন! কোচ বাইরে থেকে পরিকল্পনাই শুধু দিতে পারেন, খেলতে তো হবে খেলোয়াড়দের। সেটাই পারেনি আমাদের খেলোয়াড়েরা। কিছু ম্যাচে আমরা জিততে জিততেও পয়েন্ট হারিয়েছি।
l আবাহনীর এই অন্ধকার সময় কবে কাটবে?
অমলেশ: আশা করি, আগামী মৌসুমে স্বরূপে দেখা দেবে আবাহনী। এ জন্য দরকার ভালো দল গড়া। আমার বিশ্বাস, পরের মৌসুমের জন্য আমরা পছন্দসই একটা দল গড়তে পারব। বিশেষ করে বিদেশি সংগ্রহ আরও বুঝেশুনে করা দরকার। বিদেশির ওপরই নির্ভর করে অনেক কিছু। এবার বিদেশিদের সার্ভিসটা সেভাবে পাইনি। আগামী মৌসুমে কর্মকর্তারা এটা মনে রেখে দল গড়বেন, এই বিশ্বাস আমার আছে।