'গোলটা মেয়েকেই উৎসর্গ করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির
নাসির

ফুটবলপাড়ায় তিনি ‘আর্মির নাসির’ বলেই পরিচিত। সেনাবাহিনী থেকে আসা এই ফুটবলার বাংলাদেশ দলের রক্ষণে বড় ভরসা। ঘরোয়া ফুটবলে কখনো পজিশন বদলে হয়ে যান স্ট্রাইকার। কাল বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালেও সবাই দেখেছে সেই নাসির উদ্দিন চৌধুরীকে। ম্যাচ শেষে ড্রেসিংরুমে পাওয়া গেল উচ্ছ্বসিত জয়ের নায়ককে
ডিফেন্ডার হয়েও আপনি গোল করে ফাইনালে তুললেন বাংলাদেশকে।এতটা কি আশা করেছিলেন?
নাসির উদ্দিন চৌধুরী: এই ম্যাচটি শুরুর আগে মনের মধ্যে এমন একটা স্বপ্ন পুষে রেখেছিলাম। ভেবেছিলাম, আমিই হব আজকের জয়ের নায়ক। সেই ইচ্ছাটা সত্যি হয়েছে বলে খুবই ভালো লাগছে। বেশি ভালো লাগছে এই ভেবে যে, গুরুত্বপূর্ণ সময়ে গোল করেছি, দল ফাইনালে উঠেছে।
প্রথম ম্যাচে তো কোচ আপনাকে বসিয়ে রেখেছিলেন।পরের দুই ম্যাচে পাওয়া সুযোগটির সর্বোত্তম সদ্ব্যবহার করলেন।এটা কি কোচের প্রতি জেদ থেকেই?
নাসির: আসলে বিষয়টা মোটেও এভাবে ভাবি না আমি। একজন কোচের অনেক রকম পরিকল্পনাই থাকে। যখন যাকে যেভাবে মাঠে নামালে দলের লাভ হবে তিনি তো সেটাই করবেন। আমার কাজ মাঠে সেরাটা দেওয়া। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি।

 ঘরোয়া ফুটবলেও মাঝেমধ্যেই এভাবে উঠে এসে কর্নার থেকে গোল করতে দেখা যায় আপনাকে।কীভাবে এটা করতে পারেন আপনি?

নাসির: আমি একসময় স্ট্রাইকার ছিলাম। সেনাবাহিনী দলে টানা ৯ বছর স্ট্রাইকার হিসেবে খেলেছি। মোহামেডানেও স্ট্রাইকার হিসেবে খেলেছি। সেই অভিজ্ঞতাই এখানে কাজে লাগাতে চেয়েছি আমি।

 তাহলে ডিফেন্ডার হিসেবে খেলছেন কেন এখন?

নাসির: আমি কিন্তু ফুটবলের জন্যই সেনাবাহিনীর চাকরি ছেড়েছি। সেনাবাহিনীতে মনের আনন্দে ফুটবল খেলতাম। তখন অনেকটা না বুঝেই খেলতাম। কিন্তু আমাকে খেলা শিখিয়েছেন মারুফ ভাই (কোচ মারুফুল হক), উনি আমাকে স্বপ্ন দেখিয়েছেন জাতীয় দলে খেলার। আজ আমি জাতীয় দলে খেলছি। মারুফ ভাই আমাকে রক্ষণে খেলতে উপদেশ দিয়েছিলেন। আর জাতীয় দলেও ডিফেন্ডার হিসেবেই বেশি স্বচ্ছন্দ বোধ করি আমি।

 এই জয়ের পর কি পরিবারের কারও সঙ্গে কথা হয়েছে?

নাসির: ম্যাচ শেষ হতেই বাবা-মা চট্টগ্রাম থেকে ফোন করেছিলেন। এ ছাড়া আমাকে শুভেচ্ছা জানিয়েছে আমার ছোট মেয়ে মাইশা। ওর জন্যও অন্তত একটা গোল করা খুব দরকার ছিল আমার।

 এর মধ্যে একটা গল্প আছে মনে হচ্ছে! একটু খুলে বলেন তো।

নাসির: খেলায় হারলে আমার মেয়ে মাইশা বলে, ‘আব্বু তুমি গোল খাইছ।’ আর যখন আমরা জিতি তখন বলে ‘তুমি গোল দিছ।’ ও তো বোঝে না কে গোল করে, আর কে করে না। কিন্তু আজ আমি সত্যিই গোল করেছি। আজ ওকে বলতে পারব, গোল দিয়েছি। এ জন্যই আমি একটু বেশি আনন্দিত। এই গোলটা মেয়েকেই উৎসর্গ করেছি।

 এবার একটু দর্শক সম্পর্কে বলুন।বঙ্গবন্ধু স্টেডিয়ামে উপচে পড়া দর্শক দেখে কি একটু হলেও চাপে পড়ে গিয়েছিলেন?

নাসির: কখনোই না। দর্শকেরাই আমাদের অনুপ্রেরণা। আমরা প্রথমে সালাউদ্দিন ভাইকে (বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন) কথা দিয়েছিলাম সেমিফাইনালে খেলব। সেই কথা রেখেছি। এরপর ১৬ কোটি মানুষকে কথা দিয়েছিলাম ফাইনালে উঠব। সেটাও করতে পারলাম।

 ফাইনালে তো ওঠা হলো।এবার...?

নাসির: আমরাই চ্যাম্পিয়ন হব। আমাদের এখন একটাই লক্ষ্য।