'গোলরক্ষকেরা আগে থেকেই অবমূল্যায়িত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাবিয়ান বার্থেজ
ফাবিয়ান বার্থেজ

১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে লরাঁ ব্লাঁ চুমু খাচ্ছেন একজনের মাথায়, ছবিটা অনেকেরই হয়তো মনে আছে। ফ্রান্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের টেকো মাথার গোলরক্ষক ফাবিয়ান বার্থেজ ফুটবল ছেড়েছেন অনেক আগেই, রেসিং এখন তাঁর ধ্যানজ্ঞান। ২০১৩ সালে জিতেছেন ফ্রেঞ্চ জিটি চ্যাম্পিয়নশিপ। ফিফাডটকমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বললেন রেসিং থেকে শুরু করে গোলরক্ষকদের বিবর্তনসহ অনেক কিছু নিয়েই।
আপনি কি মনে করেন গত কয়েক বছরে গোলকিপিং অনেকটাই বদলে গেছে?
ফাবিয়ান বার্থেজ: মনে হয় না খুব একটা বদলেছে। ইউরোপের বড় লিগগুলোতে অনেক গোলরক্ষক আছে, যারা বল পায়ে ঠিক স্বচ্ছন্দ নয়। ম্যানুয়েল নয়্যার, থিবো কোর্তোয়া ও হুগো লরিস যথেষ্ট ওপরে উঠেই খেলে। কিন্তু অনেক গোলরক্ষকেরই সেই দক্ষতা নেই। আমার তো মনে হয় আমরা পেছন দিকেই যাচ্ছি। আশির দশকে গোলরক্ষকদের দানবাকৃতির হতে হতো। গোলের সামনে তাদের যতটা বেশি সম্ভব জায়গা দখল করে রাখতে হতো। আমরা বরং সেদিকেই খানিকটা সরে গেছি। ব্যক্তিগতভাবে আমি গোলকিপিংকে এভাবে দেখতে চাই না।
 বিশ্বকাপে জার্মানির হয়ে বড় ভূমিকা রেখেছিলেন নয়্যার। তিনি ব্যালন ডি’অর না জেতায় আপনি কি হতাশ?
বার্থেজ: খুব একটা অবাক হইনি। গোলরক্ষকেরা একটু আড়ালেই থাকে, এটাই সত্যি। খুব একটা পাদপ্রদীপে তারা আসে না। আমি অনেক কোচকেই বলতে শুনেছি, একটা দল গড়ার জন্য আগে একজন ভালো গোলরক্ষক ও ভালো স্ট্রাইকার দরকার। ওদের ঘিরেই আপনি দল সাজাতে পারবেন। গোলরক্ষকেরা অনেক আগে থেকেই অবমূল্যায়িত। ছোটদের কথাই চিন্তা করুন, তারা সবচেয়ে খারাপ ফুটবলারকেই গোলরক্ষক বানিয়ে দেয়।
 নিশ্চয়ই বলবেন না, আপনিও এভাবে শুরু করেছেন!
বার্থেজ: না, আমি অন্য পজিশনেও ভালোই খেলতাম। আর সবার ক্ষেত্রেই যে ব্যাপারটা এমন তা নয়। আশি ও নব্বই দশকে গোলরক্ষকদের জন্য কোনো কোচ ছিল না। ভেবে দেখুন, এই পজিশন নিয়ে কতটা উদাসীন ছিল সবাই। এই ধারাটাই কিন্তু চলে আসছে। মানুষ গোল দেখতে পছন্দ করে। গোলরক্ষকদের চেয়ে তারা স্ট্রাইকারদেরই পছন্দ করে।
 এই সময়ের গোলরক্ষকদের মধ্যে কাকে আপনার পছন্দ?
বার্থেজ: আমার লরিসকে খুব পছন্দ। সে একজন দারুণ গোলরক্ষকই শুধু নয়, একজন দারুণ মানুষও। কোর্তোয়াও আছে, আমার মনে হয় সে গ্রেট হতে যাচ্ছে। আর সেটা সে বেশ কয়েক বছরের জন্য ধরে রাখবে।
 ছোটবেলায় কাকে অনুকরণ করতেন?
বার্থেজ: জোয়েল ব্যাটস (১৯৮৩-১৯৮৯ পর্যন্ত ফ্রান্সের গোলরক্ষক)। তিনি আমার মতোই বাঁ পেয়ে ছিলেন। সবকিছু নিখুঁতভাবে করার চেষ্টা করতেন। অনেক সেট পিসও নিতেন। তিনি সব সময়ই আমার রোল মডেল।
 ক্যারিয়ারে কোন ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি গর্ব করেন?
বার্থেজ: পর্তুগালের সঙ্গে ২০০০ ইউরো সেমিফাইনাল আমার সবচেয়ে সুখের স্মৃতিগুলোর একটি। ম্যাচটা ছিল কঠিন, আমাদের ওপর ভীষণ চাপ ছিল। অতিরিক্ত সময়ে জিদান গোল্ডেন গোল করেছিল। ১৯৯৮ বিশ্বকাপ ফাইনাল বা ১৯৯৩ সালে মার্শেইয়ের হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল তো আছেই।
 সামনে ব্লাঁ, ডেসাইলি, থুরাম ও লিজারাজুর মতো ডিফেন্ডারদের পেয়ে আপনার কি নিজেকে অজেয় মনে হতো?
বার্থেজ: না, ও রকম কিছু নয়। আমাদের বোঝাপড়াটা খুব ভালো ছিল। ওটাই ছিল আমাদের শক্তি। আমরা একে অন্যের খেলা খুব ভালো পড়তে পারতাম, জানতাম কে কীভাবে খেলে।
 কোন ফরোয়ার্ড আপনাকে সবচেয়ে বেশি ভুগিয়েছে?
বার্থেজ: পলেতা ও রোনালদো। আন্তর্জাতিক ম্যাচগুলোতে খুব একটা এদিক-সেদিক হতো না, কিন্তু ক্লাব পর্যায়ে ব্যাপারটা ছিল অন্য রকম। আমার মনে আছে, ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটি ম্যাচের কথা। রোনালদো আমাকে খুবই ভুগিয়েছিল।
 আপনি তো এখন রেসিং ড্রাইভার। ফুটবল থেকে পাওয়া কোন শিক্ষা এখানে কাজে আসছে?
বার্থেজ: একজন ক্রীড়াবিদ হিসেবে আপনাকে সব সময় শুনতে হবে, দায়িত্ব নিতে জানতে হবে। খেলতে হলে এই গুণগুলো আপনার থাকা চাই। সেই সঙ্গে রিফ্লেক্স ও অনুমানশক্তি তো আছেই।
 গোলরক্ষক বার্থেজ ও চালক বার্থেজের মধ্যে মিল কোথায়?
বার্থেজ: দুজনই হিসাব করে ঝুঁকি নেয়। পেনাল্টি এলাকার মধ্যে আমি ভেবেচিন্তেই ড্রিবল করতাম। বক্সের বাইরে গেলেও আমি দুবার ভাবতাম। শুধু বিনোদনের জন্য আমি কিছু করিনি। রেসিংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আর নেশার ব্যাপারটা তো আছেই।
 কিন্তু দুটি থেকে একটাকে বেছে নিতে বললে?
বার্থেজ: হ্যাঁ, ড্রাইভিং আমার কাছে নেশার মতো, কিন্তু ফুটবল সবার আগে। ফুটবলই আমার জীবন।