'ঘুটঘুটে অন্ধকার আমার অপছন্দ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনা ইভানোভিচ
আনা ইভানোভিচ
২০০৮ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে স্বাদ পেয়েছিলেন গ্র্যান্ড স্লাম শিরোপার। এখনো সেটিই হয়ে আছে একমাত্র বড় সাফল্য। পরের ১৭টি গ্র্যান্ড স্লামের কোনোটিতে কোয়ার্টার ফাইনালেও উঠতে পারেননি। তারপরও আনা ইভানোভিচ টেনিসের বড় তারকা হয়েই আছেন। সম্প্রতি যুক্তরাজ্যের স্পোর্টস সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে উঠে এলেন টেনিসের বাইরের ইভানোভিচও

এ পর্যন্ত ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন কোনটি?

২০০৮ ফ্রেঞ্চ ওপেন জয়। এখনো মাঝে মাঝে ওটা দেখি আমি। এটা এমন একটা মুহূর্ত যা আমি কখনোই ভুলব না। ওই অভিজ্ঞতার প্রতিটি খুঁটিনাটি আমার মনে আছে।

প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছেন, এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে প্রতিভাবান কে?

সেরেনার (উইলিয়ামস) কথাই বলতে হবে। অনেক প্রতিভাবান আর শক্তিশালী ও, শীর্ষেও আছে অনেক দিন ধরে। মেয়েদের টেনিসে এমনটা খুব বেশি দেখা যায় না।

সেরেনার বিপক্ষে খেলার সবচেয়ে কঠিন দিকটা কী?

ভয়। ওর আত্মবিশ্বাস অনেক, খেলায় সবচেয়ে কঠিন সময়গুলোতে অসাধারণ সব শট খেলে। এ ছাড়া ওর সার্ভ বেশ জোরালো, খেলাটাও দারুণ।

অন্য কোনো খেলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ থাকলে সেটা কী হতো?

বাস্কেটবল। আমার বাবা এটা খেলতেন, আর আমিও বেশ লম্বা। তাই মনে হয়, আমি এটা পারতাম। খুব কম বয়সেই টেনিসের প্রেমে পড়ে গিয়েছিলাম। ছোট বেলায় তাই অন্য কিছু সেভাবে খেলাই হয়নি, ছুটির দিনে বিচ ভলিবল ছাড়া। আমি সম্ভবত বাস্কেটবলের চেয়ে ভলিবলেই বেশি ভালো, তাই ওটাই বোধ হয় বেছে নিতাম। 

এমন কোনো খেলা আছে যা দেখে ঘুম চলে আসে?

গলফ খেলাটাকে আমার একটু ধীরগতির মনে হয়।

কখনো কোনো তারকাকে দেখে স্তব্ধ হয়ে গেছেন?

জীবনে একবারই, কয়েক বছর আগে দুবাইয়ে এক চলচ্চিত্র উৎসবে যখন কেট ব্ল্যানচেটকে দেখলাম। এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম যে মুখ দিয়ে শুধু একটা কথাই বের হয়েছিল, আমি অস্ট্রেলিয়া খুব পছন্দ করি।

আপনার গোপন কোনো প্রতিভা কি আছে?

সত্যি বলতে নেই। যদি থাকত! আমি শিল্পী মানুষ নই, গাইতে বা নাচতে পারি না। লেখায় অবশ্য অতটা খারাপ নই, বেশ উপভোগও করি। তবে সেটা ঠিক প্রতিভা নয়।

এ ব্যাপারে আমাদের মত অবশ্য ভিন্ন, আনা। নিজের সম্পর্কে উদ্ভট কোনো গুজব পড়েছেন?

অনেক কিছুই পড়েছি, যেটা ছিল ভুল। একবার পড়লাম, আমার নাকি অনেকগুলো ঘোড়া আছে এবং স্পেনে একটা আস্তাবলও আছে। আমি ভাবছিলাম, ‘আচ্ছা! এটা সত্যি না।’ আমার কোনো ধারণাই নেই, এটা কোত্থেকে এল। সম্ভবত অন্য কোনো আনা ইভানোভিচ ছিল। আমি জীবনে কখনো ঘোড়ায়ই চড়িনি। যদিও একবার চেষ্টা করতে চাই।

আপনার কোনো ডাকনাম আছে?

সার্বিয়াতে মাঝে মাঝে আমাকে ‘ব্যানানা’ বলে ডাকে। কারণ এটা অনেকটা আমার নাম, আনার মতো। ‘ব্যানানা’তে যেমন আনা থাকে, তেমন।

আপনাকে তো সব সময় ভ্রমণ করতে হয়। এর সবচেয়ে ভালো এবং খারাপ দিক কী?

আমি বিভিন্ন দেশে ঘুরতে এবং ভিন্ন লোকজনের সঙ্গে পরিচিত হতে পছন্দ করি। প্রতিটি দেশেরই নিজস্ব ঐতিহ্য আছে, এই জিনিসটাই দেখতে ও শিখতে ভালোবাসি আমি। তবে বিমানবন্দর অনেক অপছন্দ করি। বড়গুলোই সবচেয়ে খারাপ, কারণ সবকিছুতেই এত বেশি সময় লাগে! আর প্রশ্ন আমার একেবারে অপছন্দ।

ভ্রমণের জন্য সবচেয়ে পছন্দের জায়গা কোনটি?

প্যারিস আর রোম অনেক ভালো লাগে, কারণ দুটিই অনেক ইতিহাস-সমৃদ্ধ। যে জিনিসটা আমার পছন্দ, তা হলো শহরগুলো অনেক প্রাণবন্ত। অনেক রোমান্টিকও।    

কোনো ভয় বা আতঙ্ক আছে?

ঘুটঘুটে অন্ধকার আমার অপছন্দ। যদি হোটেল রুমে একা থাকি, কালো পর্দাগুলো পুরোপুরি টেনে দিই না। রাস্তার আলো আসার জন্য একটু ফাঁক রাখি।

আপনাকে সবচেয়ে ভালো ব্যাখ্যা করে এমন তিনটি শব্দ?

বিশ্বস্ত, আবেগপ্রবণ এবং দৃঢ়প্রতিজ্ঞ।