
শ্রীলঙ্কার চাকরিটা ‘যাই যাই’ করছিল। এর মধ্যেই পেয়ে গেলেন আরও ভালো প্রস্তাব, সেটাও আবার নিজের পুরোনো কর্মক্ষেত্রে। কাল বিসিবি কার্যালয়ে চুক্তি সই করে দারুণ উচ্ছ্বসিত রুয়ান কালপাগে। বাংলাদেশের নতুন সহকারী ও স্পিন কোচ শোনালেন তাঁর রোমাঞ্চ ও চ্যালেঞ্জের কথা
বাংলাদেশে ফিরতে পেরে কেমন লাগছে?
রুয়ান কালপাগে: দারুণ, খুব ভালো লাগছে। পরিচিত অনেক মুখ আবার দেখছি। আগে যাদের সঙ্গে কাজ করেছি, ওদের সঙ্গে আবার কাজ করতে পারব। এর মধ্যে নতুন ছেলেরাও এসেছে। ভালো লাগছে।
আগের মেয়াদে (২০০৮-১০) ছিলেন একাডেমির হাইপারফরম্যান্স কোচ। এবার জাতীয় দলের দায়িত্ব, নিশ্চয়ই ভীষণ রোমাঞ্চিত?
কালপাগে: রোমাঞ্চকর, তবে চ্যালেঞ্জিংও। ক্রিকেটে এখন যেকোনো পর্যায়ে কোচিং করানোই বড় চ্যালেঞ্জ। প্রত্যাশা অনেক বেশি থাকে। জাতীয় পর্যায়ে তো বটেই। এখন তিনটি সংস্করণ হওয়ায় কোচদের দায়িত্বের পরিধিও বেড়ে গেছে। বেড়েছে চাপ। প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ।
সেই হাইপারফরম্যান্স দলের অনেকেই তো এখন জাতীয় দলে খেলছেন...
কালপাগে: ইমরুল কায়েস, শামসুর রহমান, রুবেল হোসেন, নাসির হোসেন...শ্রীলঙ্কা দলের সঙ্গে যখন সিরিজ খেলতে বছরের শুরুতে এখানে এলাম, সেই বাংলাদেশ দলের ৭-৮ জনই ছিল আমার সেই হাইপারফরম্যান্স দলের।
কোচ হিসেবে নিশ্চয়ই সেটি দারুণ তৃপ্তিদায়ক?
কালপাগে: তৃপ্তিদায়ক তো অবশ্যই। তবে যারা দলে আছে, ওদের জন্য তৃপ্তি যেমন আছে তেমনি না থাকাদের জন্য খারাপ লাগাও আছে। নাঈম ইসলামকে দলে না দেখে খারাপ লেগেছে। কয়েকজনকে জিজ্ঞেসও করলাম যে নাঈম কেন নেই। শুনলাম ধারাবাহিক পারফর্ম করতে পারেনি, সম্প্রতি ‘এ’ দলের হয়েও খুব ভালো করতে পারেনি সে।
এতজন পুরোনো ছাত্রকে পাওয়ায় কাজটা অনেক সহজ হওয়ার কথা আপনার?
কালপাগে: অবশ্যই। এমনিতেই আমাদের সংস্কৃতি কাছাকাছি, বুঝতে সময় বেশি লাগে না। আর আগে দুই বছর কাজ করেছি বলে ওদের প্রতিভা, সামর্থ্য, ধরন সম্পর্কে জানা আছে আমার, ভেতর-বাহির সব জানি। ওরাও আমাকে চেনে, আমার কাজের ধরন জানে। সেটা অবশ্যই সাহায্য করবে। তবে নতুনদের সঙ্গে কাজ করতেও মুখিয়ে আছি আমি।
শ্রীলঙ্কায় ভারপ্রাপ্ত সহকারী কোচ ছিলেন, নিজ দেশে ছেড়ে বাংলাদেশে আসতে ইচ্ছে হলো যে!
কালপাগে: সহকারী কোচের দায়িত্ব স্থায়ী ছিল না। নিশ্চয়তা ছিল না, আর বাংলাদেশে নতুন চ্যালেঞ্জ নিচ্ছি। এই ছেলেদের অনেককে চিনি আমি। ওদের সঙ্গে কাজ করা, চন্ডিকার সঙ্গে কাজ করার তাগিদও ছিল।
বাংলাদেশের আসার পেছনে আপনার পুরোনো সঙ্গী চন্ডিকা হাথুরুসিংহের নিশ্চয়ই বড় ভূমিকা?
কালপাগে: চন্ডিকা আমার সঙ্গে কথা বলেছে, এখানে আসতে উদ্বুদ্ধ করেছে। ও আর আমি দীর্ঘদিনের বন্ধু। আমাদের সম্পর্ক খুব ভালো। অস্ট্রেলিয়ায় থাকার সময়ও নিয়মিত যোগাযোগ ছিল আমাদের। ১৪ বছর ধরে আমি কোচিং করাচ্ছি। এ বছরটা আমার সেরা বছর। শ্রীলঙ্কা দলের সহকারী কোচ হলাম। এখন বাংলাদেশের সহকারী কোচ ও স্পিন কোচ। আবার চন্ডিকার সঙ্গে কাজ করার সুযোগ হলো।
আপনাকে আনার কথা ছিল ফিল্ডিং কোচ হিসেবে। সহকারী বা স্পিন কোচের দায়িত্বে সাফল্য কতটা আশা করা যায়?
কালপাগে: লোকে হয়তো ফিল্ডিং কোচ হিসেবেই বেশি চেনে আমাকে। তবে ১৪ বছরের কোচিং ক্যারিয়ারে আমি সবকিছুই করেছি নানা সময়ে। ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত শ্রীলঙ্কার জাতীয় স্পিন কোচ ছিলাম। রঙ্গনা হেরাথকে নিয়ে কাজ করেছি তখন। সুরাজ (রণদিভ), (অজন্তা) মেন্ডিস, সাচিত্রা (সেনানায়েকে), এমন অনেকেই বলা যায় আমার হাতে গড়া। তা ছাড়া ফিল্ডিং কোচ হলেও এ বছরের শুরু থেকে অনানুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা দলের স্পিন কোচ ছিলাম আসলে আমিই। আশা করি, এখানেও সফল হব।