'চাইতাম, যেন টসে হেরে যাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনহাজুল আবেদীন
মিনহাজুল আবেদীন

*গ্যালারিভর্তি দর্শক থাকত তখন। সেই চাপ কীভাবে সামলাতেন?

মিনহাজুল: মনে আছে, সকাল সাতটা থেকে দর্শক লাইন ধরত বঙ্গবন্ধু স্টেডিয়ামের গেটে। ম্যাচে প্রচুর গালাগালি শুনতে হতো। মোহামেডানের অধিনায়ক থাকার সময় আমি তো মনে মনে চাইতাম যেন টসে হেরে যাই। কারণ ব্যাটিং-বোলিং যা-ই নিই, ম্যাচ হারলে সবাই আমাকেই গাল দেবে। পরের তিন-চার দিন সারা দেশের মানুষ শুধু ওই কথাই বলবে। তবে এসব আমাদের মানসিকভাবে অনেক শক্ত করে তুলেছিল।

*আর ক্লাব কর্মকর্তাদের চাপ?

মিনহাজুল: সেটাও ছিল। গালাগাল-বকাঝকা শুনতে হতো। সবচেয়ে বড় সমস্যা ছিল তখন আমরা কোচদের কাছ থেকে টেকনিক্যালি ভালো কোনো টিপস পেতাম না। তাঁরা একটা কথাই বলতেন, ধরে খেলো।

*স্লেজিং কেমন হতো?

মিনহাজুল: বেশ জোরেশোরেই হতো বলতে পারেন। তবে ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়কে আক্রমণ কমই করা হতো। প্রতিপক্ষ দল নিয়েই বেশি কথা হতো।

*আবাহনী-মোহামেডান দুই দলের হয়েই তো খেলেছেন আপনি। সবচেয়ে স্মরণীয় ম্যাচ বা স্মরণীয় ইনিংস কোনটা?

মিনহাজুল: ১৯৮৪-৮৫ মৌসুমে আমি প্রথম আবাহনী-মোহামেডান ম্যাচ খেলি। ওটা ছিল দামাল-সামার ক্রিকেটের ফাইনাল। আবাহনীর হয়ে ৫৯ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলাম, ওটাই স্মরণীয়। তবে মোহামেডানের অধিনায়ক হিসেবে একবার আবাহনীর বিপক্ষে একই ম্যাচে সেঞ্চুরি ও ৪ উইকেট নিয়েছিলাম।

*আবাহনী-মোহামেডান ম্যাচ নিয়ে মজার কোনো স্মৃতি?

মিনহাজুল: অনেক আছে। একটা বলি। তখন আমি মোহামেডানে। শ্রীলঙ্কান কয়েকজন ক্রিকেটারের সঙ্গে অর্জুনা রানাতুঙ্গারও সেবার খেলার কথা আমাদের ক্লাবে। কিন্তু রানাতুঙ্গা শেষ পর্যন্ত এল না। সমর্থকেরা সেটা জানতে পেরে সে কী ক্ষুব্ধ! সমানে ঢিল মারতে শুরু করল ক্লাবের দিকে।

*এখনকার আবাহনী-মোহামেডান ম্যাচের সঙ্গে তখনকার ম্যাচের কোন পার্থক্যটা বেশি চোখে পড়ে?

মিনহাজুল: এখন ক্লাবের সম্পৃক্ততা কম। তখন তো মোহামেডান ক্লাবেই প্র্যাকটিস হতো। প্র্যাকটিসে ক্লাব কর্মকর্তারা থাকতেন। আর এখন কেউ খোঁজই নেয় না খেলোয়াড়েরা কীভাবে থাকছে, কোথায় প্র্যাকটিস করছে।