>

আজ ছাঁটাই তো কাল বরণ। ফুটবল কোচের জীবনটাই বোধ হয় এমন। সেটিই যেন মনে করিয়ে দিলেন যোসেফ আপুসি। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডিতে ফিরে কাজও শুরু করেছেন এই নাইজেরিয়ান। ক্লাব মাঠে কাল বিকেলে অনুশীলনের পর কথা বললেন এসব নিয়েই
* গত লিগের মাঝপথ পেরিয়ে হঠাৎ আপনাকে বাদ দিয়ে মারুফকে কোচ করল শেখ জামাল। এবার মারুফকে বাদ দিয়ে আপনি। অনেকে মজা করে বলেন, এরপর কে?
যোসেফ আপুসি: প্রথমেই একটা সংশোধনী দিচ্ছি। গত লিগে কিন্তু শেখ জামাল ধানমন্ডি আমাকে বাদ দেয়নি। ইংল্যান্ডে আমার একটা কোচিং কোর্সের জন্য ছুটি ছেয়েছিলাম। কিন্তু ক্লাব প্রেসিডেন্ট মনজুর কাদের সাহেব ছুটি না দিয়ে বলেন, প্রয়োজনে চলে যেতে পারি। কোচিং কোর্সটাকেই আমি অগ্রাধিকার দিই। এ নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছিল। প্রেসিডেন্ট সাহেব একটু ক্ষুব্ধ ছিলেন।
* এ কারণেই প্রশ্নটা আসছে, লিগ শিরোপা প্রায় হাতের মুঠোয় এনেও ওভাবে বিদায় নিতে হয়েছিল আপনাকে। আবার তাহলে কেন এলেন?
আপুসি: প্রেসিডেন্টের ডাকেই এসেছি আবার। তিনি কদিন আগে ফোন করে বললেন, এক্ষুনি তোমায় ঢাকায় দেখতে চাই। ভারতে চার্চিল ব্রাদার্সে আমার এখন ফাঁকা সময়, তাই চলে এলাম। তা ছাড়া শেখ জামালে খেলোয়াড় হিসেবে এসে কোচ হয়েছি। আমি আসলে শেখ জামালের কোচ নই, এই পরিবারেরই সদস্য। ঢাকা আমার দ্বিতীয় বাড়ি।
* কোচ বিদায় স্বাভাবিক ব্যাপার, তার ওপর আপনার বিরুদ্ধে নানা অভিযোগ শোনা গিয়েছিল ক্লাব কর্তাদের মুখে...
আপুসি: আমাকে অভিযোগের ব্যাপারে কেউ তো কিছু বলেনি। কাজেই এ নিয়ে আমি কিছু জানি না। একটু জানি, আমি চলে যাওয়ার সময় দল ৭ পয়েন্ট এগিয়ে। কয়েকটা ম্যাচ বাকি। মারুফ তার ঠিক আগে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এসেছিল এই ক্লাবে। লিগের বাকি ম্যাচগুলোতে তিনি দল পরিচালনা করলেও খেলোয়াড় তালিকায় কিন্তু কোচ হিসেবে আমার নামই ছিল। দল প্রত্যাশিত শিরোপা ঘরে তুলেছে।
* শেখ জামাল তো ঘন ঘন কোচ বদল করে আসছে। আবার খুব অল্প সময়ের মধ্যে ফিরে যাওয়ার জন্য তৈরি তো আপনি?
আপুসি: এক শ ভাগ তৈরি। কাল সকালেও যদি চাকরি যায়, তৈরিই আছি। কোচরা সকাল-বিকেল চাকরি হারায়, যখন-তখন পায়ও। ছাঁটাইয়ের জন্য প্রস্তুত থাকে না যে কোচ, তিনি আসলে বোকার স্বর্গে বাস করেন। তাই চাকরি হারানো নিয়ে ভাবি না।
* তারপরও একজন কোচ নিশ্চয়ই চান লম্বা সময়। নইলে তাঁর জন্যও তো সমস্যা...
আপুসি: শেখ জামাল থেকে যাওয়ার পর চার্চিলের সঙ্গে তিন বছর মেয়াদি চুক্তি হয়েছে আমার। এক বছর পার হয়েছে সেখানে। শেখ জামালকে লিগে সহায়তা করতে দুই মাস সময়ের জন্য চার্চিল আমাকে ছেড়েছে। তবে শেখ জামালে লম্বা সময়ের জন্য কাজ করব না, কে বলতে পারে!
* চার্চিল তো আই লিগে খেলতে পারেনি। তা গোয়ার ঘরোয়া ফুটবলে দলটির অবস্থান কী?
আপুসি: ক্লাব সনদ-সংক্রান্ত কিছু মানদণ্ড পূরণ না হওয়ায় চার্চিল আই লিগে খেলতে পারেনি এবার। গোয়ার স্থানীয় লিগে তৃতীয় ও ওখানকার একটা টুর্নামেন্টে রানার্সআপ। ২০১৩-১৪ আই লিগে দলটি ছিল ১২তম।
* বাংলাদেশ-ভারত দুই দেশের ফুটবলেই কাজ করেছেন। কোনো পার্থক্য কি চোখে পড়েছে?
আপুসি: ভারত অনেক বড় দেশ। প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও অবকাঠামোয় তারা এগিয়ে। তবে বাংলাদেশের অনেক মেধাবী ফুটবলার আছে। শেখ জামাল ক্লাবের অবকাঠামোও দারুণ। কী সুন্দর মাঠ! এমন অবকাঠামা আরও থাকা দরকার।
* এবার লিগের প্রথম পর্ব শেষে শেখ জামাল ৩ পয়েন্টে এগিয়ে। পারবেন শিরোপা ধরে রাখতে?
আপুসি: ৩ পয়েন্ট এগিয়ে থাকা মানে অন্যদের চেয়ে ভালো দল শেখ জামাল। আমি খুবই আশাবাদী।