'চাপ দিতে চান না কোচ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ভুটানের কাছে জাতীয় দলের হারের পর নতুন কোচ অ্যান্ড্রু ওর্ডের অধীনে নতুনভাবে শুরু করছেন একঝাঁক ফুটবলার। কেমন হবে আগামী ১৯-২৩ জুলাই ফিলিস্তিনে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট? কাল বিকেএসপি থেকে ফোনে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য ঢেলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ক্যাম্পে থাকা জাতীয় দলের উইঙ্গার সোহেল রানা
সোহেল রানা
সোহেল রানা

lবিকেএসপিতে দুদিন কাটালেন ওর্ডের ক্যাম্পে। সবকিছু কেমন মনে হচ্ছে?
সোহেল রানা: এই দলের বেশির ভাগই নতুন খেলোয়াড়। কোচ মাত্রই শুরু করেছেন। এখনো তাঁর অনেক কিছুই করার বাকি। আস্তে-ধীরেই এগোচ্ছেন। সবাইকে দেখছেন। ঈদের পর মূল দলটা বাছাই করতে পারলে তখন হয়তো পরিকল্পনা সাজাতে পারবেন।

lকোচ শুরুতে কোন কোন দিকে জোর দিচ্ছেন বেশি?
সোহেল: ফুটবলের প্রাথমিক বিষয়গুলো নিয়েই কাজ শুরু করেছেন। যেমন রানিং, পাসিং, পজিশনসহ যেসব বিষয় আছে, সেসব দিকে নজর দিচ্ছেন। ঈদের পর আরও ভালোভাবে তিনি দেখার সুযোগ পাবেন। তবে তাঁকে দুই দিন দেখে আমার ভালোই লেগেছে।

lশুরুতে সব কোচেরই প্রশংসা করেন আপনারা। এই কোচও ব্যতিক্রম নন। তা ৩৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান এই কোচের কোন দিকটা আপনার ভালো লেগেছে?
সোহেল: ওর্ড বললেন, ‘দেখো, তোমাদের ওপর আমি কোনো চাপ সৃষ্টি করতে চাই না। কারণ চাপ দিয়ে কিছু আদায় করা যায় না।’ এটা আমার বেশি ভালো লেগেছে। কারণ, আমরা বুঝতে পারছি, যা করতে হবে মন থেকেই করা উচিত।

lপাইপলাইন না থাকায় নতুন করেই অনূর্ধ্ব-২৩ দল গঠন করতে হচ্ছে। ৩৬ জনের এই দলের বেশির ভাগই নতুন। আসলে কতটা নতুন? আপনি সবাইকে চিনতেন আগে?

সোহেল: এই ক্যাম্পে আসা অনেকে চ্যাম্পিয়নশিপ লিগে খেলেছে, অনূর্ধ্ব-১৯ দলের আছে কয়েকজন। প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ারও আছে। তবে বেশ কিছু খেলোয়াড় আছে, যাদের আমি এই প্রথম দেখলাম।

lফিলিস্তিনে বাংলাদেশ দলকে খেলতে হবে শক্তিশালী জর্ডান, ফিলিস্তিন ও তাজিকিস্তানের সঙ্গে। কী মনে হয় টুর্নামেন্টে কেমন করবে বাংলাদেশ? কোচ তো খুব একটা আশার কথা বলেনি...

সোহেল: কোচ বাস্তবতা বোঝেন। তাই আশার কথা বলছেন না। তবে আমরা চেষ্টা করব ভালো কিছু করতে। পজিটিভ ফল চাই। ভুটানের কাছে হারের পর এটিই আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশর প্রথম টুর্নামেন্ট। আমরা এমন ফুটবল খেলতে চাইব, সবাই যেন নতুন আশা দেখে।

lআপনি অনূর্ধ্ব-১৬, ১৭, ১৯, ২২ দলে খেলেছেন। জাতীয় দলে খেলছেন পাঁচ বছর ধরে। একটা কথা সবাই বলেন, ফুটবলাররা মন দিয়ে খেলেন না। আজকের এ অবস্থার জন্য ফুটবলাররাই অনেকটা দায়ী, আপনার কী মনে হয়?

সোহেল: কী আর বলব। কিছু বলার নেই। আমাদের অবস্থা ভালো নয়, আমরা অনেক নিচে নেমে গেছি। ভুটানের সঙ্গে আমরা ভালোভাবে খেলতে পারিনি, তাই দায় আমাদের নিতেই হবে।