
উদ্বোধনী জুটিতে ২২৪ রানের নতুন রেকর্ড। সেঞ্চুরি করেছেন দুজনই। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনেও এলেন একসঙ্গেই। সংবাদ সম্মেলনে সেঞ্চুরিয়ান ইমরুল কায়েসের কথাবার্তার চৌম্বক অংশ
হঠাৎ সুযোগ পেয়েই সেঞ্চুরি...
ইমরুল কায়েস: সেঞ্চুরি যেখানে, যেভাবে পাই না কেন, এটা একটা বিশেষ অনুভূতি। টিভিতে খেলা দেখছিলাম, বাংলাদেশ ভালো খেলছিল। আমি আশা করিনি, সিরিজের মাঝপথে দলে সুযোগ পাব। চিন্তা করছিলাম, যদি আবার সুযোগ পাই সেঞ্চুরি করার চেষ্টা করব। সুযোগটা পাওয়ার পর ইচ্ছা ছিল ভালো কিছু করার।
তামিমের সঙ্গে জুটির রসায়ন
ইমরুল: আমি আর তামিম যখন ব্যাটিং করি, আমরা প্রচুর কথা বলি তখন। যখন দেখি ওর কোনো সমস্যা হচ্ছে, আমি গিয়ে বলি যে এমন কিছু সময় হতেই পারে। আবার আমার সমস্যা হলে ও বলে এমন কিছু। আজকে ব্যাটিংয়ে নামার আগে ও আমাকে বলেছিল চিগুম্বুরা কী বল করতে পারে, না পারে না। আমার কাজটা তাতে সহজ হয়েছে। পার্টনার যখন এভাবে কথা বলে, সবকিছুই সহজ হয়ে যায়।
ওপেনিং থেকে তিনে নেমে আবার ওপেনে ফেরা
ইমরুল: এই বছরে ওপেনিং আর ওয়ান ডাউন এটাই চলছে আমার। এমনিতে হয়তো ওপেনিং আর তিন নম্বরের মধ্যে পার্থক্য বেশি নেই। কিন্তু ওপেনিং ব্যাটসম্যানদের ওয়ানডাউন খেলতে একটু সমস্যা হয়ই। প্যাড পরে বসে থাকলে একটু অস্থির লাগে, কখন উইকেটে যেতে হয়। ওপেনিং জায়গাটাই আমার জন্য ভালো। তবে এটাও ঠিক করেছিলাম যে যেখানেই খেলানো হোক, মানিয়ে নেব।
তামিমের ৯৮ রানের সময় ভুল বোঝাবুঝি
ইমরুল: ও চাচ্ছিল দুই রান নিতে। আমি বলছিলাম, ‘দুই নিতে গেলে রানআউট হতে হবে।’ আমি তখনই বলেছি, এটা আমাদের জন্য ঝুঁকি ছিল। উইকেটে থাকলে ১ রান এমনিতেই চলে আসবে।
দলে জায়গা ধরে রাখার উপায়
ইমরুল: রান করতে হবে। মাঠে নামলেই পারফর্ম করতে হবে।
সেঞ্চুরিতে দলে থিতু হবেন কি না
ইমরুল: নাহ, এখনো নয়। সব সময় পারফর্ম করতে হবে টিকে থাকতে হলে। ২-৩ ম্যাচ খারাপ খেললেই আবার চাপে পড়ে যেতে হবে। এ জন্যই লক্ষ্য আছে যে সেট হলেই বড় ইনিংস খেলতে হবে। আজ মাঠে নামার সময়ও লক্ষ্য ছিল যে সময় নিতে হবে। সময় নিয়ে খেললে পরে রান পাই বা না পাই, সময় কাটানোটা পরে কাজে লাগবে।
মাত্র এক টেস্ট আগেই সেঞ্চুরি ছিল। তার পরও সেটিকে অনেক আগের কথা মনে হচ্ছে কি না
ইমরুল: আমি ওয়েস্ট ইন্ডিজে একটু খারাপ খেলছিলাম। ভাগ্যটা সাথে ছিল না। সময়টাও ভালো যাচ্ছিল না। অসুস্থতা ছিল। এখানে তাই চিন্তা ছিল, রান করতে হবে। সেঞ্চুরি ভাবিনি, কিন্তু রান করব ভেবেছি। রান না করলে দলে টিকে থাকা আসলে কঠিন।
দুজনের মধ্যে কার ইনিংসটি ভালো
ইমরুল: আমার মনে হয়, তামিমের ইনিংসটা।