>

অভিষেক টেস্টের ১৫ বছর পূর্তি আজ। ২০১০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ দলের হয়ে প্রথম টেস্ট খেলতে নামার সময় টেস্ট ক্রিকেট নিয়ে কী স্বপ্ন ছিল অধিনায়ক নাঈমুর রহমানের চোখে? বোর্ড পরিচালক হয়ে সেই স্বপ্নের কতটা পূর্ণতা পাচ্ছে বলে মনে হচ্ছে? সেসব নিয়েই কথা বলেছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক
*বাংলাদেশের অভিষেক টেস্টের ১৫ বছর পূর্তি কাল (আজ)। ১৫ বছর পর এখন সেই টেস্টের কথা মনে পড়লে কোন স্মৃতিটা আগে আসে?
নাঈমুর রহমান: অভিষেক টেস্টে যে অধিনায়ক থাকব, এটা তো আসলে আগে থেকে ভাবিনি। বিশ্বকাপের পর থেকে ভাবনাটা আসে। যেহেতু প্রথম টেস্ট, টসটাই সবচেয়ে স্মরণীয়। তারপর কী ঘটবে, তা তো তখনো জানতাম না। তবে টস যে আমি করতে পারব, এটুকু গ্যারান্টি ছিল।
*সেদিনের অনুভূতিটা কি মনে আছে? খুব রোমাঞ্চিত ছিলেন নিশ্চয়ই...
নাঈমুর: আসলে ওই সময়টা একদমই অন্য রকম ছিল, বেশি আবেগময় ছিল সবকিছু। ঘটনাগুলো, মুহূর্তগুলো সবই ছিল নতুন। কোনো একটা মুহূর্তকে আলাদা করা কঠিন। প্রতিটি ঘটনাই বিশেষ কিছু ছিল। প্রধানমন্ত্রী মাঠে এলেন, ক্রীড়ামন্ত্রী আমাদের আগে এসে স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে থাকলেন।
*অভিষেকের ১৫ বছর পর যেখানে থাকার কথা, বাংলাদেশের টেস্ট ক্রিকেট কি সেখানে আছে?
নাঈমুর: টেস্ট জাতির যে সংস্কৃতি থাকে, সেটা আমরা এখনো তৈরি করতে পারিনি। ওয়ানডের ফলাফলের কথা বিবেচনা করলে অন্য অনেক দেশের চেয়ে আমরা অনেক দ্রুতগতিতে এগিয়েছি। কিন্তু টেস্ট বা দীর্ঘ পরিসরে উল্লেখযোগ্য উন্নতি আমি দেখি না। কিছু টেস্টে হয়তো ভালো ফলাফল করেছি। কিন্তু অবকাঠামো ও সুযোগ-সুবিধার আরও উন্নতি হওয়া উচিত ছিল। আমরা এখন শুধু টি-টোয়েন্টি বা ওয়ানডের ফলাফলে সন্তুষ্ট থাকি। আমরা যারা সংগঠক হিসেবে বোর্ডে আসি, তাদের চিন্তাভাবনাও ওয়ানডেকেন্দ্রিক। চিন্তাটা ক্রিকেটকেন্দ্রিক হওয়া উচিত।
*টেস্ট সংস্কৃতি বলতে ঠিক কি বোঝাচ্ছেন?
নাঈমুর: একটা টেস্ট খেলুড়ে দেশে প্রথম শ্রেণির ক্রিকেট বা প্রথম শ্রেণির ক্রিকেটারদের যেভাবে মূল্যায়ন করা হয়, সেই জায়গায় এখনো আমরা যেতে পারিনি। হয়তো আমরা এখনো ওই মানের হইনি। তবে ওই জায়গায় যাওয়ার লক্ষ্যটা তো থাকতে হবে! তাদের ধরতে চাইলে আমাদের সুযোগ-সুবিধা তাদের চেয়ে ভালো হতে হবে।
*আপনি তো খেলোয়াড়ি জীবন শেষ করে এখন বিসিবির পরিচালক, একটা গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বেও আছেন। এসব সমস্যার সমাধান হচ্ছে না কেন?
নাঈমুর: বিভিন্ন বিষয়ে আমাদের সুপারিশ কিন্তু সব সময়ই থাকে। আমরা চাই এই জায়গাগুলোতে উন্নতি আনতে। এফটিপিতে যখন ম্যাচগুলো ঠিক হয়, তখন আমরা টেস্ট ম্যাচের সংখ্যা বাড়ানোর কথা বলি। কিন্তু জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দল যেখানে আমাদের দুই টেস্টের বেশি দিচ্ছে না, সেখানে আমরাই আবার অনেক সময় টেস্টের সংখ্যা কমিয়ে ফেলছি। এগুলো সাংঘর্ষিক।
*ঘরোয়া ক্রিকেটের মাঠ, উইকেট নিয়ে তো এখনো অভিযোগ শোনা যায়। এই অভিযোগ সেই শুরু থেকে...
নাঈমুর: কারণ হলো, গ্রাউন্ডস কমিটিকে আমরা কখনো টেকনিক্যাল একটা কমিটি হিসেবে ভাবি না। এখানে আমরা কখনোই কোনো টেকনিক্যাল লোক পাইনি, যারা উইকেট বুঝবে, কোন উইকেটে কী ধরনের ফল হবে, এটা বুঝবে।
*গ্রাউন্ডস কমিটিকে তো আপনারাও সেসবের চাহিদা দিতে পারেন?
নাঈমুর: টুর্নামেন্ট কমিটি ও ক্রিকেট অপারেশনস কমিটি থেকে এক ধরনের চাহিদা দিয়েছি। আমি বলতে পারি, আমি চাহিদা দেওয়ার নেওয়ার পর গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের সঙ্গে কী ধরনের উইকেট চাই তা নিয়ে কথাও বলেছি।
*সে চাহিদা কি পূরণ হয়েছে?
নাঈমুর: না, যতজন ম্যাচ রেফারি বা খেলোয়াড়দের সঙ্গে আমি কথা বলেছি, তাতে বলা যায় হয়নি। দলের গঠন দেখলেও বোঝা যায় কী হচ্ছে। সেই ব্যাটসম্যানরা আগের মতোই প্রচুর রান করছে। আর বাস্তবতা হলো বোর্ডে আমরা তিনজন জাতীয় দলের সাবেক অধিনায়ক আছি। বলার সময় সবাই স্পোর্টিং উইকেটের কথাই বলি। কিন্তু প্রিমিয়ার লিগে সুজন ভাই (বোর্ড পরিচালক খালেদ মাহমুদ) যখন প্রাইম ব্যাংকের দল করেন, তখন কিন্তু ঠিকই ছয়টা-সাতটা স্পিনার দলে রাখেন!