'চেষ্টা করব সুযোগ কাজে লাগানোর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সাকলাইন সজীব
সাকলাইন সজীব

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলে ছুটিতে গিয়েছিলেন নিজ শহর রাজশাহীতে। আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হওয়ার পর হঠাৎই বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সাকলাইন সজীব। ঢাকায় আসার পথে এই বাঁহাতি স্পিনারের সঙ্গে যখন ফোনে কথা হলো, রোমাঞ্চটা বোঝা যাচ্ছিল। শুভাগত হোমের সঙ্গে কাল রাতেই ভারতে রওনা হওয়ার কথা ২৭ বছর বয়সী ক্রিকেটারের।

* খবরটা কখন শুনলেন? শোনার পর কেমন লেগেছে?
সাকলাইন সজীব: দুপুর ১১টার দিকে আমাকে জানানো হয়েছে। শোনার পরই রওনা দিয়েছি। তিন দিন সরকারি ছুটি থাকায় আজ (কাল) প্রচণ্ড ভিড়। টিকিট পাওয়া কঠিন হয়ে গিয়েছিল। আর এমন খবরে স্বাভাবিকভাবেই অন্য রকম ভালো লাগা কাজ করে।
* হঠাৎ ডাক পাওয়ায় কতটা বিস্মিত হয়েছেন?
সাকলাইন: অবাক বলতে, তখন বিসিএল খেলতে কক্সবাজারে ছিলাম। আমাকে বলা হলো প্রস্তুত থাকতে। বলা হলো, ভারতে যাওয়া লাগতে পারে কিংবা না-ও লাগতে পারে। সানির (আরাফাত) বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পরই জানানো হয়েছিল, আমাকে তৈরি থাকতে। এই কটা দিন ভেতরে-ভেতরে একটু আশা কিংবা উত্তেজনা তো তৈরি হয়েছিলই। এর পর যখন জানাজানি হলো, বাড়ির সবার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। ডাক পাওয়ার পর সবাই খুব খুশি হয়েছে।
* টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় মঞ্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার সুযোগ আপনার। একটু কি চাপও অনুভব করছেন?
সাকলাইন: সরাসরি বিশ্বকাপে খেলার চাপ থাকবেই। এই চাপ থেকে দূরে থাকা কঠিন। তবে আমার কাজ ভালো পারফর্ম করা, সেটাই করার চেষ্টা করব। এটা আমার জন্য প্লাস পয়েন্টও। অস্ট্রেলিয়ার পরই আমাদের প্রতিপক্ষ ভারত। ওরা বিশ্বের এক নম্বর দল। এমন দলের বিপক্ষে সুযোগ পেলে দারুণ কিছু করার চেষ্টা করব। ভারতের সঙ্গে পারফর্ম করাটা এমনিতে কঠিন। সব মিলিয়ে জাতীয় দলে সুযোগ পাওয়াটা আমার জন্য বড় পরীক্ষা। চেষ্টা করব, এই পরীক্ষায় ভালো করতে।
* ব্যস্ত ছিলেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিসিএল নিয়ে। চার দিনের ম্যাচ খেলে হঠাৎ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামাটা কি চ্যালেঞ্জিংও নয় আপনার কাছে?
সাকলাইন: অবশ্যই চ্যালেঞ্জিং। তবে বিসিএলের আগে গত নভেম্বর-ডিসেম্বরে রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলেছি। সেখানে কেমন করেছি, সেটা তো দেখেছেনই। আমার পারফরম্যান্স খুব একটা খারাপ হয়নি। কাজেই মানিয়ে নিতে তেমন সমস্যা হবে না।
* হঠাৎ করে হলেও জাতীয় দলে অবশেষে ডাক পেলেন। আরও আগেই কি আপনার ক্ষেত্রে এটি ঘটতে পারত না?
সাকলাইন: হয়তো জানেন, দু-তিন বছর আগেও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছি। তখন সাকিব, রাজ ভাই (আবদুর রাজ্জাক) জাতীয় দলে দারুণ ছন্দে ছিলেন। দলে ঢোকাটা আমার জন্য কঠিনই ছিল। পাকিস্তান দলে যখন ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিস নিয়মিত পারফর্ম করেছেন, তখন আকিব জাভেদের জায়গা পাওয়া কঠিন ছিল। আমার ক্ষেত্রেও এমনটাই হয়েছে। দলের সমন্বয়ের কারণেই হয়তো সুযোগ হয়নি। এখন যখন সুযোগ পেয়েছি, চেষ্টা করব সুযোগ কাজে লাগানোর।
* যদি সুযোগ পান, ব্যক্তিগত লক্ষ্য থাকবে কী?
সাকলাইন: লক্ষ্য একটাই, ভালো পারফর্ম করে দলে জায়গাটা শক্ত করা।
*খেলোয়াড় হিসেবে আদর্শ মানেন কাকে?
সাকলাইন: দেশে রাজ ভাইয়ের বোলিং ভীষণ ভালো লাগে। দেশের বাইরে ড্যানিয়েল ভেট্টোরি।