'চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র লক্ষ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
অলিভার কার্টজ
অলিভার কার্টজ

*আর দুদিন পরই বাংলাদেশ দলকে নিয়ে হংকং যাচ্ছেন। এ সফরটা অবশ্য আপনার জন্য কঠিন হওয়ার কথা নয়। কারণ এশিয়ান হকি ফেডারেশন কাপে বাংলাদেশ গত দুবারের চ্যাম্পিয়ন। এবারও আমরা শিরোপাই আশা করব...

অলিভার কার্টজ: অবশ্যই চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র লক্ষ্য। কারণ এখানে আমরা ফেবারিট। আগে চ্যাম্পিয়ন হওয়ায় এখন আমাদের শীর্ষস্থান ধরে রাখা একরকম দায়িত্বই। সবাই সচেতন আছে, এটাই সবচেয়ে ইতিবাচক দিক। এখানে চ্যাম্পিয়ন হয়ে আমরা এশিয়া কাপে খেলার টিকিট পেতে চাই। বাংলাদেশের আপাতত লক্ষ্যও এশিয়া কাপে ওঠা।

*১৯ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের সঙ্গে। বাকি দুই প্রতিপক্ষ ম্যাকাও ও চীনা তাইপে। প্রস্তুতি কেমন নিলেন?

কার্টজ: দেশে প্রস্তুতির সময় তো আসলে বেশি পাওয়া যায়নি। তবে ইউরোপে বেশ কয়েকটা দিন ক্যাম্প করার ভালো ফলই আসবে সামনে। বিভিন্ন দেশের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলার ফলও পাব আশা করছি। এখন প্রতিযোগিতার মঞ্চে ছেলেরা ইউরোপের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলেই হয়।

*বাংলাদেশ দল বছর তিনেক পর এবার ইউরোপ সফর করেছে। আবার দেখা গেল দুই বছর যাবে না। এভাবে লম্বা বিরতি দিয়ে গেলে আসলে কতটা লাভ?

কার্টজ: নিয়মিত যেতে পারলে খুবই ভালো। কারণ আজকের হকি তো আগের মতো নেই। এখন গতি আর শক্তির খেলা। বাংলাদেশকেও এভাবে গড়ে তুলতে হবে। বছর চারেক আগে বাংলাদেশ প্রথম যখন ইউরোপে যায়, সেটির ফল কিন্তু বিশ্ব হকি লিগে পাওয়া গেছে। চীনকে হারিয়েছে বাংলাদেশ। অন্য ম্যাচেও ভালো করেছে। সেই শক্তিশালী অবস্থায় আবার নিয়ে যেতে হবে বাংলাদেশকে।

*তাহলে হংকংয়ে আমরা ইউরোপের পাওয়ার হকিই খেলতে দেখব দলকে?

কার্টজ: সেভাবেই আমি আর পিটার দলটাকে তৈরি করছি। আমার কথা, কোনো খেলোয়াড়ের ওপর এককভাবে নির্ভর করা চলবে না। আমি দলীয় খেলায় বিশ্বাস করি। পাসিং, গতি—এসব ঠিকঠাক হওয়া চাই। আমার দলে সে অর্থে তারকা থাকবে না। সবাই ভালো খেলবে এবং দিন শেষে সবার চেষ্টাতেই ফল আসবে বিশ্বাস করি।

*বাংলাদেশের সাম্প্রতিক সময়ের প্রবল প্রতিদ্বন্দ্বী ওমানের কোচ ছিলেন আপনি। এবং আপনার অধীনে ওমান বাংলাদেশকে হারিয়েছে। এখন আপনার অধীনে বাংলাদেশ আরও শক্তিশালী দলকে হারাতে পারবে মনে করেন?

কার্টজ: আমি দায়িত্ব নেওয়ার আগে ওমানের র‌্যাঙ্কিং ছিল ৩১, সম্প্রতি ছেড়ে আসার সময় ২১। আমার অধীনে ওমান তিনবার হারিয়েছে বাংলাদেশকে। বুঝতেই পারছেন ওমান কতটা এগিয়েছে। হংকংয়ের এই টুর্নামেন্টে ওমান নেই, ওরা আগেই এশিয়া কাপে উঠে গেছে। তবু ওরা থাকলে একটা টক্করই হতো বাংলাদেশের।

*আপনি জার্মানি দলে খেলেছেন বছর পাঁচেক। কেমন ছিল সেই দিনগুলো?

কার্টজ: দারুণ সময় কাটিয়েছি জার্মানির সঙ্গে। আমার সময় অনেক সাফল্যও এসেছে। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে সোনাজয়ী দলের সদস্য আমি।