'চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়ব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
জুয়েল রানা
জুয়েল রানা
তারুণ্য নির্ভর মোহামেডানের অন্যতম ভরসা জুয়েল রানা। ঝিনাইদহের এই তরুণ সম্প্রতি জাতীয় দলেও আলো ছড়িয়েছেন। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ কোচ লোডভিক ডি ক্রুইফ। এবার মোহামেডানকে লিগ জেতানোর স্বপ্ন দেখাচ্ছেন এই ফরোয়ার্ড

আজ শুরু হচ্ছে ফুটবল লিগের দ্বিতীয় পর্ব। পয়েন্ট টেবিলের দুইয়ে মোহামেডান। লিগ শেষে নিজেদের কোথায় দেখতে চান? 

জুয়েল রানা: ফুটবলাররা সবাই ফিট আছি। যেহেতু লিগে আমরা দুইয়ে, তাই সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়ব। তা ছাড়া দ্বিতীয় পর্বে ভালো মানের বিদেশি নেওয়া হয়েছে। সম্প্রতি শেখ জামালের সঙ্গে প্রীতি ম্যাচে ড্র করে আমরা আরও বেশি আত্মবিশ্বাসী।
গত মৌসুমে ব্রাদার্সের হয়ে পেশাদার লিগ শুরু। এবার মোহামেডানে। বড় ক্লাবের জার্সি পরার আগে কেমন লাগছিল?

জুয়েল: ২০০৬ সালে গ্রাম থেকে প্রথম ঢাকায় আসি একটা স্কুল টুর্নামেন্টে খেলতে। সেবার এসেই মোহামেডান ক্লাব দেখতে গিয়েছিলাম। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল মোহামেডানে খেলব। আর এই ক্লাবে সই করে ভীষণ আনন্দিত ছিলাম আমি।

মোহামেডানের হয়ে খেলার আগে কোনো স্নায়ু-চাপ কাজ করছিল?

জুয়েল: খেলার আগের দিন অনুশীলনে কোচ জোসি ভাই বললেন ভালো করে খেলিস। আগেই জানতাম, মোহামেডান সমর্থকেরা গ্যালারিতে খুব চিৎকার-চেঁচামেচি করে। একটু টেনশনে ছিলাম। তবে প্রথম ম্যাচে বিজেএমসির বিপক্ষে গোল করার সুবাদে টেনশন দূর হয়ে যায়। 

লিগে ৯ ম্যাচে ৩ গোল আপনার। লিগ শেষে নামের পাশে কত গোল দেখতে চান?

জুয়েল: সর্বোচ্চ তিনজন গোলদাতার একজন হতে চাই।

আপনি ফুটবলে এলেন কীভাবে?

জুয়েল: আমি নিয়মিত স্কুল টুর্নামেন্ট খেলতাম। কিন্তু মাঝে খেলা বাদ দিয়ে দিয়েছিলাম। কারণ বাবা হাফিজুর রহমান গরিব কৃষক। নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। তাঁর কাছ থেকে লেখাপড়ার খরচটাই ঠিকমতো পেতাম না। এর ওপর ঝিনাইদহে অনুশীলনে যাওয়ার টাকা চাই কীভাবে? অন্য কোথাও ট্রায়াল দিলেও কেউ ডাকত না। হঠাৎ আমার জীবনটা বদলে দেন এলাকার এক বড় ভাই।

সেটা কীভাবে?

জুয়েল: ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারের এক মুঠোফোন কোম্পানির কাস্টমার কেয়ারের তুষার ভাই আমার খেলা দেখে একদিন ডেকে বলেন, ‘তুমি তো ভালোই খেল। ঝিনাইদহে অনুশীলনে যাও। আমি বললাম, আমার তো টাকাপয়সা নেই। প্রতিদিন ঝিনাইদহ যেতে-আসতে ৩০-৪০ টাকা লাগে। সেই টাকা কে দেবে?’

এরপর...

জুয়েল: এরপর ওই বড় ভাই আমার বুট, হুজ, জার্সি, স্যান্ডেল, গেঞ্জি সবকিছু কিনে দেন। যাতায়াতের টাকা দেন। আমি আবার অনুশীলন শুরু করলাম। এরপর জেলা দলে ডাক পাই।

ঢাকায় খেলার সুযোগ পেলেন কীভাবে?

জুয়েল: ঝিনাইদহে খেললেও ঢাকায় যোগাযোগ করতাম। একদিন খবর পাই দ্বিতীয় বিভাগের বিজি প্রেসে ট্রায়াল নেবে। কিন্তু আমার কাছে ঢাকায় আসার টাকা ছিল না। এক ভাই আমাকে গাড়িভাড়া দেন। প্রথমবার ট্রায়ালে বাদ পড়ি। পরেরবার টিকে যাই। সেবার ৭ ম্যাচে ৫ গোল করি। এরপর প্রথম বিভাগের দল মহাখালী ক্লাবে সুযোগ পেয়ে ৯ ম্যাচে ৮ গোল করি। সর্বোচ্চ গোলদাতা হই। পরের মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগে বারিধারা, অগ্রণী ব্যাংক ও ওয়ারী ক্লাব থেকে প্রস্তাব পাই। কিন্তু মতিঝিল ক্লাবপাড়ার ক্লাব বলে খেলি ওয়ারীতে।