
২০০৯ সাফ ফুটবলে আরও দুজনের সঙ্গে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ওই সময়ে জাতীয় দলে যেন স্বস্তির বাতাস হয়ে এসেছিলেন এনামুল হক। কিন্তু পর পরই চোটে পড়ে জাতীয় দলের বাইরে ছিটকে পড়লেন। চলতি মৌসুমে আবার উজ্জ্বল, ৩১ পেরোনো স্ট্রাইকার সাড়ে চার বছর পর সম্ভাবনা জাগিয়েছেন দলে ফেরার
. পুরোনো সেই এনামুলকেই মাঠে দেখা যাচ্ছে এবার। ফেরার গল্পটা একটু শুনি...
এনামুল হক: অনেক কষ্ট করেছি। একাকী অনুশীলন করেছি। কখনো হাল ছাড়িনি। আবার নিজেকে তুলে আনার প্রতিজ্ঞাই এত দূর টেনে এনেছে।
. একাকী অনুশীলনের কথা বললেন। সেটা কোথায় করেছেন?
এনামুল: ঢাকায় থাকলে তো করতামই। নওগাঁয় বাড়িতে গেলেও স্টেডিয়ামে অনুশীলন করেছি। তখন তো আমার অখণ্ড অবসর। বাড়িতে যাওয়া-আসা করতাম বেশি। ওখানকার স্টেডিয়ামটা অনেক সময়ই খেলার অনুপযোগী থাকে। ঘাস কাটার মেশিন রাখা আরেক জায়গায়। ডিসি-এসপি সাহেবের কাছে গিয়ে ওনাদের সহায়তায় মেশিনটা এনেছি মাঠে। ঘাস কেটেছি, অনুশীলন করেছি। বন্ধুরা ছিল পাশে।
. শুনেছি ওই সময় বিয়েও করেছিলেন। নিশ্চয়ই সময়টা উপভোগ করতে পারেননি?
এনামুল: তা আর কী বলব! ভালো লাগত না কিছু। রাতে ঘুম হয় না, এলোমেলো অবস্থা। শ্বশুরবাড়ির লোকজনকে কী বলব, নিজের কাছেই বিব্রত লাগত। তবে তাঁরা সব সময়ই পাশে ছিলেন।
. তাহলে আপনার এই ফেরার পেছনে কার অবদান সবচেয়ে বেশি?
এনামুল: আমার ছোট্ট ছেলেটির। ২০১৩ সালে মে মাসে জন্ম নিবিড়ের। ওকে দেখে অনুপ্রেরণা পেলাম অনেক। ছেলের জন্যই আসলে ফেরার প্রাণপণ চেষ্টা করছিলাম।
. আপনার লম্বা চুল মাঝখানে ছিল না। কেন?
এনামুল: পঞ্চম পেশাদার লিগে আবাহনীতে লিগের শুরুতেই হাঁটুতে চোট পেলাম। মৌসুমই শেষ! পরের মৌসুমে আবাহনীতেই বদলি হিসেবে মাত্র দু-তিনবার নামা হয়েছে। তখনই চুল কেটে নিজেকে বদলে ফেলেছিলাম।
. এখন তো আবার দেখা যাচ্ছে লম্বা চুলের সেই এনামুলকে, যাঁর মধ্যে একটা ঝলক আছে...
এনামুল: লম্বা চুলে আমাকে ভালো মানায়। তাই এটা রাখি। আসলে গত বছর মুক্তিযোদ্ধায় নাম লেখালে কোচ মানিক ভাই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ব্যবহার করেছেন আমাকে, মৌসুমে পাঁচটি গোলও করেছি। ওটাই অনেক আত্মবিশ্বাস দিয়েছে।
. জাতীয় দলের কোচ ডি ক্রুইফ আপনার প্রশংসা করেছেন। তাঁর সঙ্গে কথা হয়েছে?
এনামুল: কথা হয়নি। তবে পত্রিকায় ওনার কমেন্টস পড়েছি। এবার ফেডারেশন কাপে ৫ ও লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৬ গোল করেছি, কোচ নিশ্চয়ই এটা জানেন। বিশ্বাস আছে, ফেরার সুযোগ পেলে টিকে থাকতে পারব।
. জাতীয় দলে খেলাটা কতটা মিস করেন?
এনামুল: অনেক মিস করি। ২০০৯–এর ডিসেম্বরে ঢাকায় সাফ ফুটবলে মালদ্বীপের আশফাক, ভারতের সুনীল ছেত্রীর সঙ্গে সমান চারটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলাম। সেই স্মৃতি ফিরিয়ে আনতে চাই। আবার গোল করতে চাই জাতীয় দলের জার্সি গায়ে। সর্বশেষ যে জার্সি পরেছি ২০১০ গুয়াংজু এশিয়াডে।
. ফরাশগঞ্জের হয়ে আলো কাড়া, আবাহনীর জার্সিতে ২৪ গোল। তারপর এভাবে হারিয়ে যাওয়া আপনার নিজের কাছে কতটা হতাশার?
এনামুল: বলে বোঝানো যাবে না। কী ছিলাম, আর কী হয়েছি, এটাই ভাবতাম সব সময়। আবাহনীর হ্যাটট্রিক লিগ চ্যাম্পিয়নশিপে অবদান রাখা, চতুর্থ লিগে শেখ জামালে এসে ফেডারেশন কাপে সেরা খেলোয়াড়, ম্যান অব দ্য ফাইনাল, টুর্নামেন্ট-সেরা। ওই টুর্নামেন্টে ৬ গোল। সবই এখন অতীত। তবে অতীত ফিরিয়ে আনতে আমি এখন প্রস্তুত।