'ছোটবেলা থেকেই তো এই স্বপ্ন'

কদিন আগেই যোগ দিয়েছেন ইউরোপ-সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে। রিয়াল মাদ্রিদ টিভি ও রিয়ালমাদ্রিদডটকমকে দেওয়া সাক্ষাৎকারে কোস্টারিকান গোলরক্ষক
কেইলর নাভাসের উচ্ছ্বাস হয়তো সে কারণেই একটু বেশি
l এই কদিনে যা হয়ে গেল সেটাকে কীভাবে দেখছেন?
কেইলর নাভাস: আমি আসলেই খুশি। মুহূর্তগুলো দারুণ উপভোগ করছি। এ রকম কিছু জীবনে আসলে একবারই ঘটে!
l রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠে কেমন লাগছে?
নাভাস: দারুণ। অবিশ্বাস্যও। আগেই এটা শুনেছিলাম, কিন্তু নিজের চোখে দেখে আরও বেশি ভালো মনে হচ্ছে।
l দলটা?
নাভাস: বিশ্বের সেরা খেলোয়াড়েরা রিয়াল মাদ্রিদে খেলে। এর ঐতিহ্য ও সবকিছুর জন্যই এই ক্লাবের অংশ হওয়াটা সম্মানের। আমি এখানে এসেছি অনুশীলন করতে, সতীর্থদের জানতে, পরিশ্রম করতে ও সুযোগ কাজে লাগাতে।
l আপনি এমন একটা দলে এসেছেন যারা ইউরোপিয়ান ও কোপা ডেল রে চ্যাম্পিয়ন। রদ্রিগেজ ও ক্রুসের সঙ্গে এই দলে আপনাকে সব শিরোপার জন্য লড়তে হবে...
নাভাস: কোনো সন্দেহ নেই যে আমাদের এমন একটা দল আছে যারা সবকিছুই জিততে পারে। আমরা এটার জন্য কঠোর পরিশ্রম করব, এটা সম্ভব করার জন্য অবদান রাখার চেষ্টা করব।
l রিয়ালে মাদ্রিদে আসা কি আপনার কঠোর পরিশ্রমের ফসল?
নাভাস: আমার মা বলেন, আমার আট বছর বয়সের সময় নিজেই নিজের সাক্ষাৎকার নিতাম, ‘আমাদের সামনে এখন কেইলর নাভাস, রিয়াল মাদ্রিদের গোলরক্ষক’। আমি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিতাম। আমি ছোটবেলা থেকেই এই স্বপ্ন দেখে আসছিলাম। ভাবলে তো অনেক কিছুই মনে পড়ে। কখনোই হাল ছেড়ে দিইনি, কম কষ্ট তো করতে হয়নি। এটা যেন স্বপ্ন সত্যি হওয়া!
l রিয়াল মাদ্রিদের হয়ে যারা খেলতে চায়, সেই শিশু-কিশোরদের কী বলবেন?
নাভাস: আমি সবাইকে উৎসাহ দেব নিজের ওপর বিশ্বাস রাখতে, স্বপ্ন সত্যি করার জন্য যা করা দরকার তা-ই করতে। সে জন্য সে রকম ভালোবাসাও দরকার। আপনি যদি নিজের জন্য চ্যালেঞ্জ ঠিক করেন, তাহলে সেটা অর্জন করতে পারবেন।
l দর্শকে টইটম্বুর বার্নাব্যু কেমন হবে, সেটা কল্পনা করতে পারেন?
নাভাস: রিয়াল মাদ্রিদের বিপক্ষে এখানে খেলার সৌভাগ্য হয়েছে আমার। আমি জানি এখানকার সমর্থকেরা অবিশ্বাস্য। আশা করি, তাদের ভালোবাসার সম্মান আমরা রাখতে পারব।
l কোস্টারিকার জন্যও এটা বড় একটা দিন...
নাভাস: রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারা কম কথা নয়। আশা করি, কোস্টারিকার নাম আমি আরও উঁচুতে তুলে নিয়ে যেতে পারব।
l বিশ্বকাপটা তো ভালোই কেটেছে...
নাভাস: আমি আমার সতীর্থদের কাছে কৃতজ্ঞ, কারণ তারা দারুণ করেছে। দলও দুর্দান্ত খেলেছে। একটা ডেথ গ্রুপ থেকে আমরা এতদূর আসতে পারব, সেটা অনেকেই ভাবেনি। দেশের জন্য আমরা ইতিহাস তৈরি করেছি, এটা অসাধারণ। এই ব্যাপারগুলো আপনাকে আরও উদ্দীপ্ত করে, আপনি বিশ্বাস করতে শুরু করবেন আপনার যেকোনো চ্যালেঞ্জ জেতার ক্ষমতা আছে।
l দেশে আপনি ও রিয়াল মাদ্রিদকে নিয়ে উন্মাদনা কেমন...
নাভাস: কোস্টারিকায় রিয়াল মাদ্রিদের অনেক ভক্ত। এখন তো শুনছি বাকিরাও দল পাল্টে রিয়ালকে সমর্থন দিচ্ছে!
l আপনি কি মনে করেন বছরটা আপনার জন্য নিখুঁত গেছে?
নাভাস: অবিশ্বাস্য। আমি লেভান্তের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলাম। আমি ওদের প্রতি কৃতজ্ঞ। এখন আমি রিয়াল মাদ্রিদে, উদ্যমটা আমি ধরে রাখতে চাই।
l মাদ্রিদে খাপ খাওয়ানো কেমন হবে?
নাভাস: আমি তো স্পেনেই আছি। পাঁচ বছর আগে বাড়ি ছেড়েছিলাম। পরিবারের সঙ্গে অবশ্য নিয়মিত যোগাযোগ আছে। নিজের মানসিক স্থিতিশীলতা বজায় রাখাটা খুব দরকার।