'ছয় নম্বর হতেও পারে...'

দীর্ঘদিন ইতালি ও জুভেন্টাসের গোলবার আগলাচ্ছেন পরম নির্ভরতায়। সর্বকালের সেরা গোলরক্ষকদের ছোট্ট তালিকাতেও নাম থাকবে এই ৩৬ বছর বয়সীর। জুভেন্টাসের হয়ে ৫০০তম ম্যাচ খেলার আগে সম্প্রতি ফোর ফোর টু-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইতালির বিশ্বকাপজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ভক্তদের অনেক কৌতূহল মিটিয়েছেন। সাক্ষাৎকারজুড়ে ছড়িয়ে ছিল তাঁর খুনসুটি আর দুর্দান্ত রসবোধ!
এটা কি সত্যি, আপনি মিডফিল্ডার হিসেবে খেলা শুরু করেছিলেন? শেষ পর্যন্ত গোলরক্ষক হলেন কীভাবে?
জিয়ানলুইজি বুফন: হ্যাঁ, সত্যি। আমার মনে হয় প্রত্যেক শিশুই ফুটবল খেলা শুরুর পর গোল ঠেকানোর চেয়ে গোল করতেই বেশি ভালোবাসে। আমিও কিছুদিনের জন্য স্ট্রাইকার ছিলাম। ভালোই লেগেছিল। কিন্তু হঠাৎ করেই গোলরক্ষক হয়ে গেলাম। আমার বাবা আমাকে গোলরক্ষক বানাতে কিছুটা চেষ্টা করেছিলেন বটে, তবে আমিও ওই সময় ক্যামেরুন গোলরক্ষক টমাস এনকোনোর মতো হতে চেয়েছিলাম। প্রথমে কিছুটা দ্বিধা ছিল, তবে ১৯৯০ বিশ্বকাপই আমাকে এই পথে এনেছে। ওই ক্যামেরুন দলটি ছিল দুর্দান্ত, আর এনকোনো ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য।
২০০১ সালে ৪৫ মিলিয়ন ইউরোয় আপনার জুভেন্টাসে যোগ দেওয়ার সময় অনেক কথা হয়েছিল। চুক্তির অঙ্কটি শুনে আপনার অনুভূতি কেমন ছিল?
বুফন: এটা ছিল দারুণ প্রশান্তির। লোকজনের কথাকে আমি কোনো সমস্যা মনে করিনি। জুভেন্টাস আমাকে নিতে চেয়েছিল, ভেবেছিল এই বুফন একজন বিস্ময়কর খেলোয়াড়! এ জন্যই আমাকে নিতে তাঁরা এত অর্থ ব্যয় করেছিল। যদি তাঁরা ৪৫ মিলিয়নের পরিবর্তে ৫ মিলিয়ন খরচ করত, তাহলে হয়তো এত শোরগোল হতো না। কিন্তু বাজারই খেলোয়াড়ের মূল্য নির্ধারণ করে। একজন ভালো গোলরক্ষক একটি দলের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক যেমন গুরুত্বপূর্ণ একজন স্ট্রাইকার। ৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে আমি কি জুভেন্টাসে যোগ দিতাম? হ্যাঁ।
আপনার ক্যারিয়ারে সেরা সেভ কোনটি? সম্ভবত ২০০৬ বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে এক হাতে ফিরিয়ে দেওয়া জিদানের ওই শটটি, তাই না?
বুফন: সেরা? উমমম...জিদানের বিপক্ষে ওইটা? হ্যাঁ, ওটা সম্ভবত আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেভ। কিন্তু আমি ঠিক নিশ্চিত নই, ওইটাই সেরা কি না... (ভ্রু কুঁচকে) আমি আসলেই জানি না। তবে হ্যাঁ, নিঃসন্দেহে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।
আপনাকে দেখে মনে হয় না কাউকে ভয় পান, তবে কোন খেলোয়াড়ের মুখোমুখি হতে কম পছন্দ করেন বা করতেন?
বুফন: আমি খেলেছি এমন খেলোয়াড়দের মধ্যে নিঃসন্দেহে ব্রাজিলের রোনালদোই সেরা। দুর্দান্ত, চ্যাম্পিয়ন খেলোয়াড়! আর ইতালিয়ান? তিনি সম্ভবত ইতালিয়ান ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন—রবার্তো বাজ্জো।
ইউরো ২০১২ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পেনাল্টি শুটআউটের আগে কয়েন টসের সময় স্টিভেন জেরার্ডের গালে আলতো করে একটি চড় বসিয়েছিলেন। আপনি কি তখন সত্যিই এ রকম নির্ভার ছিলেন? নাকি সেটি প্রতিপক্ষের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াই? পেনাল্টি কিক নেওয়ার সময়ও এমন নির্ভার থাকবেন কি?
বুফন: না, না। আমি ইংল্যান্ডের বিপক্ষে মোটেও নির্ভার ছিলাম না। এবং আমি কখনোই টাইব্রেকারে যাওয়া ম্যাচে স্বচ্ছন্দে থাকতে পারি না। দেখুন, আপনি পেনাল্টিতে গেলে ৫০ ভাগ জয়ের সম্ভাবনা থাকে, ৫০ ভাগ হারেরও। কিন্তু আমার সঙ্গে যেটি হয়, আমি সেই গোলরক্ষকদের মধ্যে একজন, যার কাছে সবাই প্রত্যাশা করে সে নিশ্চয়ই একটি বা দুটি পেনাল্টি ঠেকিয়ে দেবে! আর আমি যদি সেটিতে ব্যর্থ হই, তাহলে মিডিয়া কঠিন প্রতিক্রিয়া দেখাবে। কাজেই পেনাল্টির আগে আমি নির্ভার থাকতে পারি না।
সতীর্থদের মধ্যে সবচেয়ে বড় জোকার কে ছিলেন? গাত্তুসো...?
বুফন: হ্যাঁ, রিনো (গাত্তুসো) ছাড়া কে আবার! এখনো আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব, সে সব সময়ই আমাকে হাসাতে পারে।
যদি ফুটবলার না হতেন, তাহলে কী হতেন?
বুফন: উম...আমার কোনো ধারণা নেই। কারণ, আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতাম। কখনো ভাবিনি, এটি বাস্তব হবে না।
এক দশক ধরে আপনি ও ইকার ক্যাসিয়াস বিশ্বের সেরা দুই গোলরক্ষক। এরপর কোন দুজনকে দেখতে পাচ্ছেন?
বুফন: আমার জো হার্টকে ভালো লাগে। সে এখনো তরুণ এবং ভবিষ্যতে একজন দারুণ গোলরক্ষক হতে পারে। বাকি তরুণ গোলরক্ষকদের মধ্যে আমার পছন্দ থিবো কোর্তোয়া।
আপনি ইতালির হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ব্রাজিলে ছিল আপনার পাঁচ নম্বর বিশ্বকাপ। ২০১৮ রাশিয়াতে কি সেটি ছয় নম্বর হতে যাচ্ছে?
বুফন: হ্যাঁ, ছয় নম্বর হতেও পারে। (হাসি) তবে আমি এখনো এ নিয়ে ভাবিনি। দেখা যাক!