'জার্সিটা এখনো বাড়িতে আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মাইক ফিস্টার
মাইক ফিস্টার

২০ বছর আগে বাবার সঙ্গে ঢাকায় ছিলেন। ঢাকা লিগে খেলার স্মৃতিটা তাঁকে পেছনে ফিরিয়ে নেয়। বাংলাদেশের সাবেক কোচ অটো ফিস্টারের ছেলে মাইক ফিস্টারকে একটু আবেগই যেন ছুঁয়ে গেল পরশু

 ২০ বছর পর আপনি বাংলাদেশে এলেন। এবার আপনার পরিচয় ফিফার সিনিয়র ডেভেলপমেন্ট ম্যানেজার। তো কেমন লাগছে পুরোনো জায়গায় এসে?
মাইক ফিস্টার: আমার তো খুবই ভালো লাগছে। এখানে বাবার সঙ্গে এসেছিলাম। তখন অনেক বন্ধু হয়ে গিয়েছিল। সেসব দিনের কথা মনে পড়ছে। বাংলাদেশকে দ্বিতীয় বাড়িই মনে হয়।
 একটা স্মৃতি নিশ্চয়ই একটু বেশিই দোলা দিচ্ছে। আপনি ঢাকার প্রিমিয়ার লিগে কয়েকটি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ বয়েজের জার্সি গায়ে...
মাইক: ওহ্, ওটা কীভাবে ভুলি বলেন! আমি যে ৮ নম্বর জার্সিটা পরে এখানে খেলেছিলাম, সেটা এখনো জার্মানিতে আমার বাড়িতে আছে। মাঝে মাঝে দেখি পুরোনো স্মৃতি। সম্ভবত ছয়টি ম্যাচ খেলা হয়েছে ওই জার্সি পরে।
 আপনার বাবার কথা বলুন। তিনি তো চিরস্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের ফুটবলে—
মাইক: জানি। বাবার হাত ধরে ১৯৯৫ সালে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতেছিল, সেটা আসে মিয়ানমার থেকে। আমার সবই স্পস্ট মনে আছে। বাবা এখন আলজেরিয়ায় সেখানকার চ্যাম্পিয়ন দলের সঙ্গে যুক্ত আছেন।
 এমনিতে আপনাদের কথাবার্তায় বাংলাদেশ প্রসঙ্গটা আসে?
মাইক: মাঝেমধ্যে প্রসঙ্গক্রমে আসে। হয়তো সারা জীবনই আসবে। বাবা এখানে তিন বছর ছিলেন। সেই তিনি ৭৮ বছর বয়সেও খুবই সক্রিয় একজন মানুষ। এখনো তিনি নিজেকে পৃথিবীর সেরা কোচ ভাবেন!
 আপনার বাবা যেখানে রেখে গিয়েছিলেন বাংলাদেশের ফুটবল, সেই জায়গা থেকে অনেক নিচে নেমে গেছে এখন। এটা জেনে খারাপ লাগছে না আপনার?
মাইক: খুব খারাপ লাগছে। আসলে আমি তো এখানকার ফুটবলের একজন ভক্ত। তবে মজার ব্যাপার কি জানেন, ২০ বছর আগে যে অবকাঠামো ছিল, তার কিছুই এখনো বদলায়নি।
 কীভাবে বুঝলেন?
মাইক: এটা না বোঝার কিছু নেই। বাংলাদেশ ভুটানের কাছে হারল তো এসব কারণেই। আমি একটা উদাহরণ দিই, ২০ বছর আগে আমি এখানে অন্যদের সঙ্গে বাংলাদেশ বয়েজের অনুশীলনে যেতাম রিকশায় চড়ে। ক্লাবের মাঠ না থাকায় একেক দিন একে জায়গায় আমরা যেতাম সেই রিকশায়। এখনো তো সেই একই অবস্থা। এখনো খেলার মাঠের তীব্র অভাব। আগের চেয়েও নাকি মাঠ কমেছে। তাহলে ফুটবলের উন্নতি কীভাবে হবে বলুন!
 আপনি নিশ্চয়ই জেনেছেন, জেলা পর্যায়ে খেলা নেই আগের মতো। যে কারণে খেলোয়াড় উঠে আসছে না। তা ছাড়া বাফুফের এসব নিয়ে পর্যবেক্ষণ নেই। এটাকে কীভাবে দেখছেন?
মাইক: জেলার ফুটবল কতটা গুরুত্বপূর্ণ, একটা তথ্য দিলেই বুঝতে সুবিধা হবে। এই যে ব্রাজিল বিশ্বকাপ জিতল জার্মানি, এই দলের মাত্র একজন খেলোয়াড় ছিলেন রাজধানীর। বাকিরা সবাই উঠে এসেছেন দেশের চারপাশ থেকে। বাংলাদেশে এটা নেই, আর নেই বলেই জাতীয় দলের এমন ভগ্নদশা।
 ফুটবল উন্নয়নে সরকারের বড় ভূমিকা দরকার। আপনি কি জানেন বাফুফের সঙ্গে সরকারের সম্পর্ক আন্তরিক নয়।
মাইক: এমনটা হওয়া উচিত নয়। একটা দেশের ফুটবল উন্নয়নে সরকারের ভূমিকা অবশ্যই প্রয়োজন। বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে আমি সেই পরামর্শই দিয়েছি।