'জিমন্যাস্টিকসেও পদক জিতেছিলাম'
দেশের সেরা ফুটবলার হওয়ার পেছনে অনেক গল্প লুকিয়ে আছে তাঁর। বিকেএসপিতে জাতীয় দলের ক্যাম্পে বসে গল্পের ঝাঁপিটাই খুলে দিলেন মামুনুল ইসলাম।সঙ্গে ছিলেন মাসুদ আলম
বিকেএসপির ছাত্র ছিলেন। সেই বিকেএসপিতে বসেই সাক্ষাৎকার দিচ্ছেন। কেমন লাগছে?
মামুনুল ইসলাম: দারুণ। অনেক স্মৃতি মনে ভিড় করছে। কোচ অমল স্যার মেরেধরে আমাদের ফুটবল শেখাতেন। তাঁকে তো বটেই, খুব মিস করি সুফিয়া ম্যাডামকেও (সাবেক দ্রুততম মানবী)। উনি খুব শাসন করতেন। এখানকার কঠোর নিয়মকানুন...বন্ধুদের সঙ্গে মুড়ি-চানাচুর খাওয়া...। ভীষণ মনে পড়ছে।
কিন্তু এখানে আপনি ভর্তি হয়েছিলেন জিমন্যাস্টিকসে। সেই গল্পটা শুনি...
মামুনুল: সেই ’৯৭ সালের কথা। পড়ি ক্লাস ফাইভে। তিন বছরের জিমন্যাস্টিকস জীবনে ফেডারেশনের অধীনে ঢাকায় তিনটি প্রতিযোগিতায় অংশ নিয়ে ফ্লোর এক্সারসাইজে একটা ব্রোঞ্জও পেয়েছিলাম। জিমন্যাস্টিকস এখনো মাঝেমধ্যে করি, টিভিতে দেখি।

ফুটবলই আপনার ধ্যানজ্ঞান। অথচ শুরুতেই একটু ওলট-পালট ছিল...
মামুনুল: ঘটনাচক্রে ওটা হলেও জিমন্যাস্টিকস শাপেবরই হয়েছে আমার জন্য। শরীর হয়েছে রাবারের মতো, কোমরের স্ট্রেংথসহ অনেক শক্তি বেড়েছে। এটা কাজে লাগিয়ে ফুটবল খেলা তুলনামূলক সহজই। তখন সপ্তাহে এক-দুদিন ফুটবল খেলতাম। একদিন স্যাররা আমার ফুটবল দেখে পছন্দ করলেন। সেই শুরু।
ফুটবলে আগ্রহ জন্মাল কীভাবে?
মামুনুল: আমার মামা সাইফুদ্দিন চৌধুরী ঢাকায় শীর্ষ পর্যায়ে ফুটবল খেলতেন। আরেক মামা শাহানউদ্দিন চৌধুরী ছিলেন দেশের দ্রুততম মানব। বাবা ক্রীড়া সংগঠক। তিন বছর বয়স থেকেই তাঁদের হাত ধরে মাঠে যাওয়া। চট্টগ্রাম শহরের কদমতলীতে আমাদের নিজস্ব ক্লাব আছে কল্লোল সংঘ, বাবা দীর্ঘদিন এটির সেক্রেটারি ছিলেন। ওনার শখ ছিল আমি ফুটবলার হই। নিজের আগ্রহ তো ছিলই।
আপনার নানু আপনাকে সূর্য বলে ডাকতেন। ছোটবেলাতেই সূর্যের আলো ছড়ানোর আভাস ছিল নাকি!
মামুনুল: দাদা-নানা—দুই পরিবারেই খুব আদুরে ছিলাম। তিন ভাইয়ের মধ্যে আমি বড়। মেজোটা মারুফুল শেখ রাসেলে ক্রিকেট খেলে। ছোটটা কোরআনে হাফেজ। নানু আমার ছোট ভাইকে ডাকতেন চাঁদ, আমাকে সূর্য। আমার মধ্যে সূর্যের আলো হয়তো দেখেছেন (হাসি)।
সেই আলো কতটা ছড়াতে পেরেছেন?
মামুনুল: কিছুটা তা বটেই। আমার যুগে এক নম্বর স্থানে উঠে আইডল হতে চেয়েছি। নিজেকে অবশ্য আইডল ভাবি না। অনেক পথ বাকি। তবে দুঃখ হয়, ফুটবলের ভরা যৌবনের সেই আশির দশকের আগে কেন জন্মাইনি। এমন সময় জন্মেছি, মানুষের ধারণা ফুটবল পেছনে চলে গেছে। তবে আমি বলব, ফুটবল পেছনে নয়, ফুটবলে এখনো অনেক সুপারস্টার আছে।
কিন্তু সাফের ট্রফিটাও তো আপনারা এনে দিতে পারছেন না। এটাও তো সত্য...
মামুনুল: এই অতৃপ্তিটা এবার দূর করতে চাই। ২০১০-এ এসএ গেমসে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের একাদশের নিয়মিত সদস্য হয়ে সব ম্যাচই জিতেছিলাম। কোনো গোল হয়নি বাংলাদেশের বিপক্ষে। এটা ইতিহাস। আশা করি, আসছে সাফে পারব। বঙ্গবন্ধু কাপেও চমক দেখাতে উদ্গ্রীব আমরা। আমি তো আশার আলো দেখছি।
সেই আলোটা আসলে কেমন?
মামুনুল: শেখ জামাল, শেখ রাসেলের মতো টিম ঘরোয়া প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়েছে, দেশের বাইরে ভালো করেছে। কোচরা সাফল্য পাচ্ছেন। ম্যানচেস্টার ইউনাইটেড যে ট্রেনিং করে আমরাও এখন সেটা করি। এগুলো ভালো দিক।
তাহলে ঘরোয়া ফুটবলে আপনাদের খেলা দর্শক টানে না কেন?
মামুনুল: মাঝখানে লিগ হতো না নিয়মিত, দক্ষ সংগঠকের অভাব ছিল। একটা গ্যাপ তৈরি হয়েছে। তবে ফুটবল কয়েক বছর ধরে নিয়মিত হচ্ছে। সম্প্রতি বেশ কিছু প্রীতি ম্যাচ আয়োজন করেছে ফেডারেশন, এটা চলতে থাকলে দর্শক আসবেই। ১৬৫ থেকে ফিফা র্যা ঙ্কিং ১৩০-১৪০-এ উঠিয়ে আনা সম্ভব।
কিন্তু অনেকে বলেন, এই প্রজন্মে মেধাবী ফুটবলার কম। আত্মনিবেদনের অভাব। যা করতে হবে পরের প্রজন্মকেই...
মামুনুল: এটা ঠিক নয়। ফুটবলারদের মেধা ও আন্তরিকতা আছে। নইলে ২০১১ সালে এশিয়ার সেরা বিশে যাওয়ার সুযোগ আমরা নিজেরাই কীভাবে করে নিয়েছিলাম লেবাননকে ঢাকায় হারিয়ে। কিন্তু ওদের মাঠে পারলাম না। ভারতের আগের ফুটবলাররা খালি পায়ে খেলে দেশকে তোলেন এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে। আমাদের পূর্বসূরিরা উপমহাদেশেই রেখে গেছেন বাংলাদেশকে, সেখানেই আমরা ঘুরপাক খাচ্ছি।
এখন তাহলে করণীয় কী?
মামুনুল: দেখুন, ক্রিকেটে সবার আগ্রহই ওদের এগিয়ে দিয়েছে। ফুটবলেও এটা দরকার। সরকারকে এগিয়ে আসতে হবে। ভারতে সবাই ফুটবলকে টেনে তুলতে মাঠে নেমেছে। বাংলাদেশেও এটা হলে আগামী চার-পাঁচ বছরে বড় পরিবর্তন আসবে।
অনেক দিন থেকেই তো খেলছেন। আমাদের ফুটবল-কাঠামোয় কোনো পরিবর্তন দেখছেন?
মামুনুল: তেমন পরিবর্তন কই! আমরা কখনো ইউরোপে ট্রেনিংয়ের সুযোগ পাইনি। ভারত অহরহ ইউরোপে দৌড়ায়, এমনকি নেপালও। ইন্ডিয়ান সুপার লিগে খেলার সুযোগ না পেলেও অ্যাটলেটিকো ডি কলকাতার সঙ্গে থেকে অনেক শিখেছি। শারীরিকভাবে অনেক স্ট্রং হয়েছি। আমাদেরও ভালো সুযোগ-সুবিধা দরকার। এগুলো না দিয়ে খেলোয়াড়ের দিকে অভিযোগের আঙুল তোলা উচিত নয়।
আঙুল তোলা মানে কী বোঝাচ্ছেন?
মামুনুল: আমি নাকি পাঁচ হাজার টাকার জন্য খেলতে চাইনি সাফে! অথচ আমি ইনজেকশন নিয়ে ভারতের সঙ্গে শেষ দিকে মাঠে নেমে কর্নার থেকে গোল করিয়েছি। এসব বদনামের প্রতিবাদ করে অনেকের বিরাগভাজন হয়েছি। আমি কিন্তু কথা বলেছি ২৫ জন খেলোয়াড়ের হয়ে। ফেডারেশন তাই এখন ভালো টি-শার্ট দিচ্ছে, সুযোগ-সুবিধা বাড়িয়েছে। প্রতিবাদ না করলে তো এগুলো আসত না। এটা করেই যাব, তাতে জাতীয় দলে আমার অধিনায়কত্ব চলে গেলেও আপত্তি নেই।
মাঝখানে খেলা ছাড়তে চেয়েছিলেন কেন?
মামুনুল: সময় দিতে পারিনি বলে স্ত্রীর রাগ ছিল। নানা বিষয়ে সবাই অহেতুক দোষ দিচ্ছিল বলে হতাশায় খেলা ছাড়তে চেয়েছিলাম। ফেসবুকে একদিন স্ট্যাটাসও দিই। তবে এখন সমস্যামুক্ত। রাস্তায় বেরোলে লোকে চেনে, ছবি তোলে। এখন আমি অনেক সুখী।
ক্রিকেটারদের এত গ্ল্যামার। ফুটবলার হিসেবে খারাপ লাগে না?
মামুনুল: একটু কষ্ট তো লাগেই। বিলবোর্ডে শুধু সাকিব, তামিম, মুশফিকদের ছবি দেখি। দুঃখের বিষয়, ফুটবলারদের নিয়ে বিলবোর্ড নেই। ফুটবলারদের আইডল হিসেবে উপস্থাপন না করলে তরুণেরা কেন আসবে?
সেই চেষ্টা কি ফুটবলারদের আছে?
মামুনুল: নেই বলব না। আমি যেমন আরমান ভাইয়ের সঙ্গে খেলার স্বপ্ন নিয়ে বড় হয়েছি, যেটা পূরণ হয়নি। উনিই আমার আইডল। এমন আইডল তো এখন ফুটবলাররা সামনে তেমন একটা পায় না।
ইন্ডিয়ান সুপার লিগের কথা বলছিলেন। ওখানকার কোন স্মৃতিটা বেশি মনে পড়ে?
মামুনুল: আইএসএলের ট্রফি হাতে নেওয়া, গার্সিয়ার অটোগ্রাফসহ জার্সি, দেল পিয়েরো-মাতেরাজ্জিদের মতো খেলোয়াড়ের সঙ্গে পরিচয়, দাদার (সৌরভ গাঙ্গুলী) করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে শচীন টেন্ডুলকারের সঙ্গে সেলফি তোলা স্মরণীয়।
ব্যক্তি মামুনুল সম্পর্কে জানতে চাই। তাঁর পছন্দ...
মামুনুল: হিন্দি ছবি, মোশাররফ করিমের নাটক, অরিজিৎ সিংয়ের গান, আলু-টমেটো ভর্তা, শাহরুখ খান...আর অবশ্যই কোচ মারুফ ভাইয়ের দেওয়া মিডফিল্ড বইটা।