
বাংলাদেশে একমাত্র কোচ হিসেবে উয়েফা ‘এ’ সনদ আছে তাঁর। স্থানীয় কোচরা এখন যে উচ্চ পারিশ্রমিক পান, সেটির সূচনাও তাঁর হাত ধরে। অথচ সেই মারুফুল হকের ঠিকানা এখন মাঝারি মানের দল আরামবাগ। তাঁর নতুন ঠিকানা, দেশের ফুটবল কোচিংয়ের সর্বশেষ অবস্থা ও অন্যান্য প্রসঙ্গে তিনি মুখোমুখি প্রথম আলোর
* গত লিগে শেখ রাসেলের কোচ ছিলেন। প্রথম ছয় ম্যাচে ১ পয়েন্ট পেয়ে পদত্যাগ করেছিলেন। মাঝে শোনা গিয়েছিল বাইরে চলে যাবেন। কিন্তু হঠাৎ আরামবাগে যোগ দিলেন...
মারুফুল হক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটা একাডেমির সঙ্গে সম্প্রতি কথা হচ্ছিল। স্কাইপিতে ইন্টারভিউও দিলাম ওদের। কিন্তু পারিশ্রমিক নিয়ে বনিবনা হয়নি। আমি মাসে ১৬ হাজার ডলার চাইলাম, ওরা ১০ হাজার ডলার দিতে চাইল। তাই আরামবাগে এলাম।
* বাংলাদেশে ব্যতিক্রমী উদাহরণ গড়ে নিজের উদ্যোগ এবং অর্থায়নে আপনি উয়েফা ‘এ’ সনদ নিয়েছেন। সবাই ভাবছিলেন আপনি ওপরের দিকে যাবেন, কিন্তু এক অর্থে তো পেছনের দিকে হাঁটতে হলো, কেন?
মারুফ: দেখুন, জীবনের বাঁক বদলে যায় মাঝেমধ্যে। সবকিছু পরিকল্পনা মেনে চলে না। ভাগ্যই হয়তো আমাকে আরামবাগে এনেছে। দলটির সঙ্গে দিন কয়েক আগে এক বছরের চুক্তিও হয়ে গেছে।
* কিন্তু উয়েফার সনদ নেওয়ার পর আপনাকে নিয়ে তো স্থানীয় দলগুলোর কাড়াকাড়িই পড়ার কথা! সেটা তো দেখলাম না...
মারুফ: সব ক্লাবের নিজস্ব পছন্দ আছে। আমার বলার কিছু নেই। তবে আমি সব সময় ভেবে এসেছি, সম্মান ও সম্মানী প্রত্যাশা অনুযায়ী পারিশ্রমিক পেলে ছোট দল হলে ক্ষতি কী? আরামবাগ দুটোই আমাকে দিচ্ছে।
* কথাটা কি মন থেকে বলছেন? কোচের পছন্দও তো থাকতে পারে...
মারুফ: মন থেকে বলছি। ২০০৮ সালে মোহামেডানে আমি ছিলাম আনকোরা কোচ। কাজ করেছি প্রতিষ্ঠিত খেলোয়াড়দের নিয়ে। এখন নিজে প্রতিষ্ঠিত, কিন্তু কাজ করব অপ্রতিষ্ঠিতদের নিয়ে। ইউরোপে এমন অনেক প্রতিষ্ঠিত কোচই আছেন, যাঁরা ছোট বা মাঝারি দলে কাজ করেন। কোচের কাজ তো আসলে খেলোয়াড়ের পারফরম্যান্সে উন্নতি আনা।
* শুনেছি আরামবাগ আপনাকে ৩৫ লাখ টাকায় চুক্তিবদ্ধ করেছে। সাইফুল বারী নাকি চট্টগ্রাম আবাহনী থেকে ৪০ লাখ পাচ্ছেন?
মারুফ: চুক্তির অঙ্কটা বলতে চাই না। আমি কাজের দিকটাকেই গুরুত্ব দিই বেশি। আরামবাগে আমার কাজের ক্ষেত্র বেড়েছে। ধরুন, বড় দলে মামুনুল ইসলামকে আমি এখন আর কী শেখাব? বরং আরামবাগে একজন নবীনকে নিজের মতো গড়তে পারব। যদিও দলটা একেবারেই নতুন হচ্ছে এবার।
* আপনি চ্যাম্পিয়ন দল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন আগে। ভালোই হলো, এবার একটা অন্য রকম পরীক্ষা হবে, কী বলেন?
মারুফ: পরীক্ষা আগেও দিয়েছি। তবে এটাই আমার সবচেয়ে বড় পরীক্ষা জানি। ২০০৮ সালে কোচিংয়ে এসে মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল, মুক্তিযোদ্ধার মতো দলে কাজ করেছি। সাফল্য পেয়েছি। সেই পর্ব শেষ। এখন নিজেকে নতুন করে প্রমাণ করাতে চাই।
* কোচিংয়ে প্রথম এসে যে অবস্থা দেখেছিলেন, এখন কী পার্থক্য দেখেন?
মারুফ: পার্থক্য অবশ্যই আছে। একদিকে কোচ বেড়েছে, এটা ভালো দিক। তবে কোচের কাজের ক্ষেত্র কমছে, এটা হতাশার। বিদেশি কোচ নিচ্ছে বেশ কয়েকটি দল। শীর্ষ কয়েকজন বাদে বাকিরা সম্মান ও সম্মানী ঠিকঠাক পাচ্ছেন বলে মনে হয় না। তবে হ্যাঁ, আগের তুলনায় খেলোয়াড় নির্বাচন, একাদশ গঠন, ইত্যাদিতে কোচের ভূমিকা বেড়েছে।