'জেগে থেকে স্বপ্ন-টপ্ন দেখি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
লিওনেল মেসি
লিওনেল মেসি
গোলমুখে যত সপ্রতিভ, মাইক্রোফোনের সামনে ততটাই উসখুস! লিওনেল মেসির দীর্ঘ সাক্ষাৎকার যেকোনো ক্রীড়া সাংবাদিকের জন্য তাই মহার্ঘ্যই। ইয়াহু স্পোর্টসের জন্য সেটাই করে ফেললেন স্প্যানিশ ক্রীড়ালেখক গুইলেম বালেগ। তাতে উঠে এল মেসির এই সময়ের যাপিত জীবনের গল্প...

দ্বিতীয় সন্তানের জন্মের দিনে আপনার অনুভূতি কী ছিল?

লিওনেল মেসি: অদ্ভুত সব অনুভূতি হয়েছিল আমাদের। সব মিলে দিনটা আমাদের জন্য খুবই আনন্দের ছিল।

মেসির গড়পড়তা একটা দিন কীভাবে কাটে?

মেসি: বাকি দশজনের মতোই অনুশীলন করা, পরিবার-বন্ধুদের সঙ্গে সময় কাটানো।

থিয়াগো ও মাত্তেও আসার পর ফুটবল নিয়ে আপনার ভাবনায় কি কোনো পরিবর্তন এসেছে?

মেসি: ফুটবলীয় দৃষ্টিভঙ্গি থেকে তেমন কোনো পরিবর্তন হয়নি। বাবা হিসেবে দায়িত্বটা একটু বেড়েছে। আমি এখনো হারতে ঘৃণা করি। তবে এখন জানি, বাসায় ফিরলে দুই ছেলেকে দেখলে পরাজয়ের ক্লান্তি ভুলে যেতে পারব।

ফুটবল বিশ্বে এখন নতুন নতুন বিতর্ক, যেসব ব্যাপার গুরুত্ব দেওয়া উচিত নয়, সেগুলো অনেক বেশি গুরুত্ব পাচ্ছে

মেসি: হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন একটা সমাজে বাস করছি, যেটা ঘণ্টায় হাজার কিলোমিটার বেগে ছুটছে। তবে ফুটবল এখনো খুবই জনপ্রিয়, প্রতিদিনই এটা বিস্তৃত হচ্ছে। অনেকের কাছে এটা নিশ্বাস ফেলার একটা জায়গাও।

দলে আপনার ভূমিকা বদলে যাচ্ছে, এই ব্যাপারটা কীভাবে দেখেন? নাকি সেটা এমনিই হচ্ছে?

মেসি: না, একদমই না। প্রতি ম্যাচের আগে যেটা করা দরকার আমরা সেটাই করি। কখনো কখনো বল কেড়ে নেওয়ার জন্য আমাদের নিচে নেমেও খেলতে হয়। আবার কখনো গোল করার জন্য সামনে উঠে আসতে হয়।

রোনালদোর সঙ্গে একই সময়ে খেলাটা কি আপনাকে সাহায্য করেছে?

মেসি: এসব তো মানুষের বানানো। রোনালদোর সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আমার মনে হয় সেও এ রকম কিছু মনে করে না। আমি শুধু দলের ভালোর কথাটাই ভাবি। দলের জন্যই চেষ্টা করে যাই।

আর্জেন্টিনার সঙ্গে আপনার সম্পর্কটা কি ভালোবাসা-ঘৃণার?

মেসি: আমি আসলে ঠিক জানি না। কারণ, আর্জেন্টিনার সংখ্যাগরিষ্ঠ মানুষ খুবই আবেগপ্রবণ। তারকাদেরও আমরা সেভাবেই দেখি। কেউ কেউ আছে যারা আমাদের অপমান করে, জাতীয় দলে খেলাটাকেও বেশি গুরুত্ব দেয় না। কিন্তু তাদের প্রতিও আমার কোনো অভিযোগ নেই, কারণ সবারই অধিকার আছে নিজের মতো থাকার।

যেকোনো সময়ের যে কাউকে আর্জেন্টিনায় আপনার সঙ্গে খেলার জন্য বেছে নেওয়ার সুযোগ থাকলে কাকে নিতেন?

মেসি: বেছে নেওয়ার মতো অনেকেই আছে। একজনকে নিলে বাকিদের জন্য সেটা সম্মানজনক হবে না। সবাই জানে, এই খেলায় কাদের ওপর সবার নজর আছে। তাদেরই আমিও নিজের দলে নেব।

অন্য কোনো লিগে খেলার কথা কি কখনো ভেবেছেন?

মেসি: এখনই খুব বেশি দূরে তাকাতে চাই না। আমি বর্তমান নিয়েই থাকতে চাই, আর এই মুহূর্তে আমি বার্সেলোনায় ও স্প্যানিশ লিগে আছি। এখানে আমি ভালোই আছি।

টেলিভিশনে খেলা কতটা দেখা হয়?

মেসি: হ্যাঁ, আমি টিভিতে খেলা দেখতে ভালোবাসি। অনেক দেখা হয়।

জেগে থেকে আপনি কোন স্বপ্নটা বেশি দেখেন?

মেসি: জেগে থেকে স্বপ্ন-টপ্ন বেশি দেখি না। আমি পরিবারের সঙ্গে শান্তিতে থাকতে চাই, সেটাই আমার কাছে বড়। অবশ্যই নিজের কিছু আশা-আকাঙ্ক্ষা তো আছেই, তবে সেটা একান্তই ব্যক্তিগত।

মাঠে কাদের মুগ্ধ করার চেষ্টা করেন। ভক্ত, বাবা-মা, ছেলে নাকি স্ত্রীকে? কার কাছ থেকে প্রশংসা পেতে বেশি ভালো লাগে?

মেসি: আমার কাউকে মুগ্ধ করার দরকার নেই। আমি এ জন্য খেলি না। সত্যি কথা বললে খেলাটাকে ভালোবাসি বলে তো বটেই, এটা আমার কাজ বলেই খেলি। আমি আশা করব, আমার ছেলেরাও ব্যাপারটা বুঝতে পারবে।’

এবার চোট পাওয়ার পর কেমন লেগেছিল?

মেসি: খুবই অদ্ভুত, অন্য কিছুর সঙ্গে মিলই নেই। আমি বুঝতে পেরেছিলাম, ওটা সাদামাটা কোনো চোট ছিল না, বেশ গুরুতরই ছিল।

এখন কেমন আছেন?

মেসি: অনেকটাই ভালো। চোটের জন্য বাইরে বসে থাকাটা একজন খেলোয়াড়ের সবচেয়ে বাজে অভিজ্ঞতা। তবে আমি ব্যাপারটা শুরু থেকেই মেনে নিয়েছি, সবচেয়ে ভালোভাবে ফেরার চেষ্টা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শতভাগ ফিটনেস ফিরে পাওয়া।

কখন ফিরতে পারবেন বলে মনে হচ্ছে?

মেসি: প্রতিদিনই উন্নতি করছি। তবে কোনো সময় বেঁধে দিতে চাই না, কারণ ব্যাপারটা আমার হাতে নেই। ডাক্তাররা যখন ঠিক করবেন পুরোপুরি সেরে উঠেছি, তখনই মাঠে নামব।