বাংলাদেশের যুবারা সিরিজটিকে নিয়েছিল প্রতিশোধের মিশন হিসেবে। সেই মিশন সফল করে দল দেশে ফিরেছে কাল দুপুরে। আগামী বছর দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে এই দল। অধিনায়ক মেহেদী হাসান শোনালেন প্রতিশোধ নেওয়ার গল্প, বিশ্বকাপ প্রস্তুতি আর সম্ভাবনার কথা

কেমন কাটল সফর?
মেহেদী হাসান: খুব ভালো। ওয়ানডে সিরিজ জিতেছি। শ্রীলঙ্কা আমাদের এখানে এসে সিরিজ হারিয়ে গিয়েছিল আমাদের। সবার তাই জেদ ছিল যে, ওদের দেশে গিয়ে হারিয়ে আসব। জেদটা কাজে লেগেছে। টেস্ট সিরিজে তো বৃষ্টির জন্য খেলাই হলো না। তার পরও সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে।
শুরুটা হয়েছিল তো প্রথম দুই ম্যাচ হেরে...
মেহেদী: সবারই প্রথম শ্রীলঙ্কা সফর, মানিয়ে নিতে একটু সময় লেগেছে। প্রথম ম্যাচটিতে আমরা আসলে সেভাবে বুঝে উঠতে পারিনি। ব্যাটিং-বোলিং কোনোটিই ভালো হয়নি। দ্বিতীয় ম্যাচে আমাদের জেতা উচিত ছিল। বোলাররা দারুণ বোলিং করেছিল, মাত্র ১৮০ ছিল টার্গেট। কিন্তু শুরুতেই অনেক উইকেট হারিয়ে ফেলি। পরে শাহানূর দারুণ ব্যাটিং করে (৭২) একাই জিতিয়ে দিচ্ছিল, অল্পের জন্য হেরে যাই।
০-২ থেকে ৩-২ করে ফেরার গল্প?
মেহেদী: কোচ, টিম ম্যানেজমেন্টের সবাই আমাদের উৎসাহ দিয়ে গেছেন। বাবুল স্যার (কোচ মিজানুর রহমান) সব সময় বলেছেন যে, আমরাই জিতব সিরিজ। শুধু আত্মবিশ্বাস যেন না হারাই। আমরাও মনোবল হারাইনি।
অধিনায়ক হিসেবে আপনি সবাইকে কী বলেছিলেন?
মেহেদী: টিম মিটিংয়ে আমি একটা কথা বলেছিলাম, একটা ম্যাচ জিতলেই সব পাল্টে যাবে। ০-২ হওয়ার পর সবাইকে বলেছি, তৃতীয় ম্যাচটা জিতলে আমরাই সিরিজ জিতব। বলেছিলাম, প্রতিটি ম্যাচ আমাদের বাঁচা-মরার, জিততেই হবে। দলের সবার মধ্যেও ওই আত্মবিশ্বাস দেখেছি। এ জন্যই পেরেছি। সহজে সিরিজ জিতলে অন্য রকম ভালো লাগা কাজ করত। তবে এভাবে জিতেও খুব ভালো লেগেছে।
টেস্ট সিরিজটা ঠিকমতো খেলাই হলো না, হতাশ নিশ্চয়ই?
মেহেদী: কলম্বোয় যে ১০ দিন ছিলাম, আবহাওয়া খুব ভালো ছিল। কিন্তু ডাম্বুলা ও ক্যান্ডিতে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। পুরো খেলতে পারলে খুব ভালো হতো। এমনিতেই বড় দৈর্ঘ্যের ম্যাচ খুব বেশি খেলার সুযোগ হয় না আমাদের। আর বড় দৈর্ঘ্যের ম্যাচেই শেখার সুযোগ বেশি।
গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আপনি অধিনায়ক ছিলেন। পরে অনেকেই এসেছে নতুন। ওদের কেমন দেখলেন?
মেহেদী: নতুন বলতে আসলে ওদের সেভাবে নতুন বলা যায় না। সবাই অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ খেলে এসেছে। একটা প্রক্রিয়ার মধ্যেই ছিল সবাই। শাহানূর যেমন খুব ভালো খেলেছে। ওর সঙ্গে অনূর্ধ্ব-১৭ দলে একসঙ্গেই খেলেছি, খুব ভালো বন্ধু আমার। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলে এসেছে একটু পরে। সালেহ খুব ভালো বোলিং করেছে, সনজিৎ সাহাও। জাকির ভালো খেলেছে, পুরোনোদের মধ্যে শান্ত ভাই (নাজমুল হোসেন) দারুণ ব্যাটিং করেছেন।
আপনি নিজেও খুব ভালো বোলিং করেছেন, কিন্তু ব্যাটিংটা ভালো হয়নি...
মেহেদী: ভালো হয়নি বলতে থিতু হয়েও আউট হয়েছি প্রায় সব ইনিংসে। ৩০-৪০ করে আউট হয়েছি কয়েকবার। এটা নিয়ে আমি কোচদের সঙ্গে কথা বলেছি। সেই শিক্ষা কাজে লাগিয়ে পরের সিরিজে লম্বা ইনিংস খেলার চেষ্টা করব।
আগামী বছর দেশের মাটিতে বিশ্বকাপ, প্রস্তুতি ঠিক পথে এগোচ্ছে?
মেহেদী: এখনো পর্যন্ত খুব ভালো হচ্ছে। এরপর দক্ষিণ আফ্রিকা আসবে আমাদের এখানে, আমরাও যাব। ক্যাম্প তো হবেই। গত বিশ্বকাপে আমরা ভালো করতে পারিনি শুধু ছোট ছোট কিছু ভুলের কারণে। এবার যেন সেসব না হয়, সেই চেষ্টা থাকবে। দেশের মাটিতে বিশ্বকাপ, ভালো করতেই হবে। সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করব আমরা বিশ্বকাপের আগে আগে। তবে খুব ভালো করতে চাই।