
মালয়েশিয়া ম্যাচে সহজ সুযোগ হারিয়ে সমালোচিত হয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে গোল না পেলেও গোলে অবদান রেখে সেটি পুষিয়ে দিয়েছেন অনেকটাই। দলে নিজের ভূমিকাই বদলে গেছে বলছেন জাহিদ হাসান এমিলি। চলমান বঙ্গবন্ধু কাপসহ নানা বিষয়ে কথা বললেন বাংলাদেশ দলের স্ট্রাইকার
শ্রীলঙ্কা ম্যাচটা আপনার ওপর চাপ কমিয়েছে মনে করেন?
জাহিদ হাসান এমিলি: একটু চাপ কমিয়েছে বৈকি। মালয়েশিয়ার সঙ্গে সুযোগ নষ্ট করে খারাপ লেগেছে। শ্রীলঙ্কা ম্যাচে গোল না পেলেও জাহিদের ক্রসটা বুক দিয়ে হেমন্তকে নামিয়ে দিলাম, ও দারুণ গোল করল। দলের জয়ে অবদান রাখার একটা তৃপ্তি অবশ্যই আছে।
কিন্তু আপনার কাছে দল গোল চায়। সেই গোল তো পাচ্ছেন না। অনেকেই আপনার গোল না পাওয়ার সমলোচনা করেন...
এমিলি: দেখুন, একজন স্ট্রাইকার প্রতিদিন গোল পাবে না। আমি এক ম্যাচে খারাপ করে পরের ম্যাচে কী করলাম, সেটাই আসল। আমি দলকে কোনো না কোনোভাবে ঠিকই সহায়তা করছি। দলে আমার ভূমিকা অনেকটাই বদলে গেছে।
সেটি কী রকম?
এমিলি: একক স্ট্রাইকার হিসেবে আমিই খেলি বাংলাদেশ দলে। কিন্তু আক্রমণে অন্যদের অংশগ্রহণটা সব সময় হয় না। যেমন আক্রমণে জাহিদ ও সোহেল রানা খেলে দুই পাশে। ওরা ক্রস করলে আমি একা পড়ে যাই। ওরা আক্রমণে আসতে পারে না, প্রতিপক্ষের তিন-চার ডিফেন্ডার বলটা পেয়ে যায়। এটা একটা সমস্যা, যা অনেকে সাদাচোখে খেয়াল করে না।
শ্রীলঙ্কা ম্যাচে আপনাকেই মাঠের সেরা খেলোয়াড় বলেছেন প্রতিপক্ষ কোচ। তার পরও গোল করার তৃষ্ণাটা নিশ্চয়ই কমে যায়নি আপনার...
এমিলি: গোল তো অবশ্যই করতে চাই। কিন্তু চাইলেও অনেক সময় পারি না। এটা সবাইকে বুঝতে হবে। আমি যত দিন জাতীয় দলে খেলব, দলের জয়ের জন্য অবদান রেখে যাব। এটাই আমার প্রতিজ্ঞা।
কিন্তু বঙ্গবন্ধু কাপের সেমিফাইনালে উঠতে না পারলে জাতীয় দল ছাড়তে চেয়েছিলেন কেন?
এমিলি: দেশের মাটিতে এমন একটা টুর্নামেন্ট হচ্ছে, আমরা সেমিফাইনালে খেলতে পারব না, এটা মন থেকে মানা কঠিন। তাই সালাউদ্দিন ভাইকে আমি আর মামুনুল বলেছিলাম, দলকে সেমিফাইনালে নেবই। নইলে জাতীয় দলই ছেড়ে দেব। এটা আমাদের জেদেরই বহিঃপ্রকাশ।
এত দিন জাতীয় দলে ১০ নম্বর জার্সিটা আপনি পরতেন। সেটি কোচ দিয়েছেন হেমন্তকে। খারাপ লাগছে না?
এমিলি: ১০ বছর ধরে জাতীয় দলে খেলছি, ১০ নম্বরটা আমার গায়ে ছিল। সেটি কোচ হেমন্তকে দিয়েছেন, এটা কোচের সিদ্ধান্ত। আসলে আমার পজিশনে ৯ নম্বর জার্সিটাই উপযুক্ত। তাই কোচ হয়তো সেটাই দিয়েছেন আমাকে।
আপনি পঞ্চাশের বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। গোল মাত্র ১৬-১৭টি। এটা কি পর্যাপ্ত মনে করেন?
এমিলি: আমার হিসাবমতে ১৮টি গোল করেছি। আসলে আন্তর্জাতিক ফুটবলে গোল করা অনেক কঠিন। দু-একটা ব্যতিক্রম বাদে গড়পড়তা স্ট্রাইকাররা ৭০-৭৫টি ম্যাচ খেলে হয়তো ৩০-৩৫টা গোল করেন। সে হিসাবে আমার গোটা পঁচিশেক গোল হলে হয়তো ভালো হতো।
ভবিষ্যতে প্রত্যাশা অনুযায়ী গোল বাড়াতে পারবেন?
এমিলি: এখন আমরা নিয়মিতই আন্তর্জাতিক ম্যাচ খেলছি। এটা অনেক কাজে আসছে। এই ধারা অব্যাহত থাকলে গোল এমনিই আসবে।
দেশের মাটিতে বাফুফের আয়োজনে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছেন। এটাকে কীভাবে দেখছেন?
এমিলি: দারুণ অনুভূতি হচ্ছে। নিজের দর্শকদের সামনে খেলার আনন্দই আলাদা। সালাউদ্দিন ভাই টুর্নামেন্টটা করছেন, এ জন্য তাঁকে অনেক ধন্যবাদ।