
ভুটান ম্যাচের জন্য আরও খেলোয়াড় দেখতে চান ক্যাম্পে। এ জন্য চলতি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ তাঁর কাছে সবচেয়ে বড় মাধ্যম হয়ে উঠেছে। চট্টগ্রামে এসে তাই দলগুলোর খেলা দেখছেন টম সেন্টফিট। গত তিন দিনের অভিজ্ঞতা নিয়ে কাল এম এ আজিজ স্টেডিয়ামে বসে কথা বললেন ৪৩ বছর বয়সী জাতীয় দলের বেলজিয়ান কোচ
* আপনি তো প্রতিদিনই খেলা দেখছেন হাতে কাগজ-কলম নিয়ে। তো খেলা দেখে কেমন লাগছে?
টম সেন্টফিট: প্রথমেই বলব, লিগটা অবশেষে শুরু হওয়ায় আমি খুবই খুশি। সবকিছু খুব সুন্দরভাবে চলছে। প্রথম ম্যাচের গতিটা একটু ধীর ছিল, আস্তে আস্তে গতি বাড়ছে। গতকাল (পরশু) যেমন ঢাকা আবাহনী আর চট্টগ্রাম আবাহনীর ম্যাচটা আমার খুব ভালো লেগেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উপভোগ্য ম্যাচ ছিল এটি।
* আপনি জাতীয় দলের জন্য খেলোয়াড় দেখছেন। এই কদিনে তেমন নতুন কোনো খেলোয়াড় চোখে পড়েছে?
সেন্টফিট: হ্যাঁ, নতুন খেলোয়াড় চোখে পড়ছে। তবে এক রাউন্ড দেখে তো আর চূড়ান্ত কিছু বলা যাবে না। দ্বিতীয় রাউন্ডেও ওই খেলোয়াড়েরা ভালো করলে হয়তো আমি তাদের ভুটান ম্যাচের ক্যাম্পে নিতে পারি। একই সঙ্গে পুরোনোদেরও নতুন করে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আমার জন্য এটা দারুণ অভিজ্ঞতাই বলতে পারেন।
* নতুন খেলোয়াড়দের মধ্যে দু-একটা নাম কি বলা যায়?
সেন্টফিট: নাম বলা যাবে না। এটা এখন আমার কাছেই থাক। তবে বলতে পারি, আরামবাগ, মোহামেডান, উত্তর বারিধারাসহ অন্য দলগুলোর কিছু নতুন খেলোয়াড়কে আমার কাছে প্রতিভাবান মনে হয়েছে। দেখি, ওরা শেষ পর্যন্ত আমার নোটবইয়ে থাকতে পারে কি না।
* এমনিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভাবে ঢাকার বাইরে আয়োজনকে কীভাবে দেখছেন। যদিও এটা পেশাদার লিগ হচ্ছে না, হচ্ছে আসলে টুর্নামেন্ট।
সেন্টফিট: পেশাদার ব্যাপারটা আসলে অনেক বড়। এ নিয়ে কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হবে। তবে বাংলাদেশের বাস্তবতায় বাফুফে যদি মনে করে এভাবে লিগ আয়োজন করলে ভালো হবে, তাহলে করতেই পারে। সাংগঠনিকভাবে আয়োজনটাকে খারাপ লাগছে না। এটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো ফলই আনবে বলে মনে হচ্ছে।
* আপনি বাংলাদেশ জাতীয় দলের কোচ। এখানে নিশ্চয়ই সবার মনোযোগ পাচ্ছেন। কাল দেখলাম অনেকে আপনার সঙ্গে ছবি তুলছেন...
সেন্টফিট: হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগছে। অনেকে দেখে এগিয়ে এসে ছবি তোলে, কথা বলে। আসলে বাংলাদেশের মানুষ বেশ অতিথিপরায়ণ। সবাই খাওয়াতে চায়। কিন্তু সব খেতে পারলেও ঝাল খাবার খেতে পারছি না (হাসি)।
* কক্সবাজার গিয়েছেন? পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতে না গেলে মনে হয় কিছু একটা মিস করবেন...
সেন্টফিট: ওমা, তাই! এভাবে তো কখনো ভাবিনি। দেখি পরে কোনো এক সময় যেতে পারি কি না। আগামীকাল (আজ) ঢাকায় যাব, পরশু আবার চট্টগ্রামে ফিরে দ্বিতীয় রাউন্ডের সব কটি ম্যাচ দেখে রোববার দেশে যাব কয়েক দিনের জন্য। আমার স্ত্রী সন্তানসম্ভবা।
* কবে নাগাদ সুসংবাদ শুনব আমরা?
সেন্টফিট: সব ঠিক থাকলে আগামী ১০ সেপ্টেম্বর সন্তান ভূমিষ্ঠ হতে পারে। ঢাকায় ভুটান ম্যাচ ৬ সেপ্টেম্বর। ওই ম্যাচ জেতা হবে আমার জন্য বিশেষ কিছু। জানেন, এটা আমার প্রথম সন্তান। সত্যি বলছি, আসলে আর অপেক্ষা সইছে না। ওর কাছে থাকাটা একটু দরকার। হাসপাতালে চেকআপের ব্যাপার আছে। তাই এখন না গিয়ে পারছি না।