'টি-টোয়েন্টি মানেই চার-ছক্কা না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
অলক কাপালি
অলক কাপালি
‘অলকের ঝলক’ কথাটা একসময় ঘুরত ক্রিকেটাঙ্গনে। সেই অলকও কোথায় হারিয়ে গেলেন, সেই ঝলকও আর দেখা যাচ্ছিল না। অবশেষে তা ফিরে এল বিপিএল ফাইনালে। শেষ ওভারের নাটকে জিতে অলক কাপালি চ্যাম্পিয়ন করে দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। কথা বললেন তা নিয়েই

* অসাধ্যসাধনের পর তো একটা দিন কেটে গেল। শেষ ওভারে ম্যাচ জিতিয়ে দলকে চ্যাম্পিয়ন করার অনুভূতিটা এখন কেমন মনে হয়?
অলক কাপালি: আমার কাছে কিন্তু অসাধ্য কিছু মনে হয়নি। শেষ ওভার পর্যন্ত খেলা গেলে জিতব, এই বিশ্বাস ছিল। ড্যারেন স্টিভেন্সকেও ব্যাটিংয়ের সময় সেটা বলেছি।
* অনেক দিন পর পাদপ্রদীপের আলোয় আসার মতো কিছু করলেন। একটু রোমাঞ্চ তো নিশ্চয়ই কাজ করছে...
অলক: এবার যখন প্রথমে বিপিএলে সুযোগ পেলাম না, আমার লক্ষ্যই ছিল কোনো একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে কিছু করে দেখানো। সেদিক দিয়ে অবশ্যই ভালো লাগছে। বিশেষ করে ভালো লাগছে সালাউদ্দিন ভাই, পাইলট ভাই আর মাশরাফির সম্মান বাঁচাতে পেরে। আমাকে দলে নিতে তাঁরা অনেক লড়াই করেছেন। তাঁদের মুখরক্ষা করাটা জরুরি ছিল।
* অলক কাপালি শেষ হয়ে গেছেন—এটা অনেকেরই ধারণা। এসব শুনতে কেমন লাগে?
অলক: আসলে একটা সিরিজ বা একটা টুর্নামেন্টের পারফরম্যান্স দিয়ে সবকিছু বিবেচনা করা ঠিক নয়। এ বছর প্রথম শ্রেণির ক্রিকেটের চৌদ্দ শর ওপর রান করেছি। দুটি ডাবল সেঞ্চুরি করেছি, আরেকটা ইনিংসে ১৭৫ করেছি। অনেক ম্যাচেই হয়তো আমি পরের দিকে নেমেছি বা ব্যাট করার জন্য মাত্র ৩-৪ ওভার পেয়েছি। এখন নেমেই তো আর রান করা যায় না। বিপিএলে আন্দ্রে রাসেলও তা পারেনি।
* ঘরোয়া ক্রিকেটে ভালো করার পরও প্রধান নির্বাচক বলেছিলেন, তাঁদের প্ল্যান ‘বি’তেও আপনি নেই...
অলক: হয়তো তাঁরা আমাকে নিয়ে আর চিন্তা করছেন না, সে জন্যই ওই কথা বলেছেন। জাতীয় দলে নতুনরা এসে ভালো খেলছে। আমার জন্য সুযোগও কম। তবে আমার বিশ্বাস, ভালো খেললে সবই সম্ভব। একটা মৌসুম ভালো খেললেই বাংলাদেশ দলে ঢোকার সুযোগ আসতে পারে। সামনে বিসিএল, প্রিমিয়ার লিগ আছে। ভালো খেললে নিশ্চয়ই সুযোগ আসবে।
* আইসিএল থেকে ফেরার পর আর ভালোভাবে জাতীয় দলে আসতে পারেননি। এলেও জায়গা ধরে রাখতে পারেননি। আইসিএলটা কি এখনো অভিশাপ হয়ে আছে আপনার জন্য?
অলক: (হাসি) আসলে সবকিছুই কেন যেন আমার ওপরে এসে পড়েছে। আইসিএলে খেলা অনেকেই কিন্তু পরে ভালো সুযোগ পেয়েছেন। শাহরিয়ার নাফীস, নাজিমউদ্দিনরা বিভিন্ন পর্যায়ে খেলেছে। সুমন ভাই (হাবিবুল বাশার) তো এখন নির্বাচকই।
* আইসিএলের সেঞ্চুরিটার কথা মনে আছে? টি-টোয়েন্টির ব্যাটিং কি তখন থেকেই প্রিয়?
অলক: টি-টোয়েন্টিতে চারে ব্যাট করলেই আমি ভালো খেলি। বিপিএলে দুটি ম্যাচে চারে ব্যাট করে দুটিতেই অপরাজিত থেকেছি। আইসিএলেও চারে ব্যাট করে সাফল্য পেয়েছিলাম। পাওয়ার প্লে, স্লগ ওভার দুটিই পাওয়া যায় তখন। তবে আমার মনে হয় টি-টোয়েন্টি মানেই শুধু চার-ছক্কা না। অনেক সময় উইকেটে থেকে লম্বা সময় খেলে আসতে হয়।
* প্লেয়ার্স বাই চয়েজে কোনো ফ্র্যাঞ্চাইজি না নিলেও পরে কুমিল্লা-রংপুরের মধ্যে রীতিমতো টানাটানি হলো আপনাকে নিয়ে। কেন?
অলক: কুমিল্লা ভিক্টোরিয়ানসই আমার সঙ্গে প্রথমে কথা বলে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা আমি জানতাম না। এর মধ্যে রংপুর রাইডার্স ডাকায় আমি তাদের অনুশীলনে যোগ দিই। পরে যখন জানলাম কুমিল্লা আগেই বিসিবিকে আমাকে নেওয়ার ব্যাপারে ই-মেইল করেছে, তখন তাদের হয়ে খেলার সিদ্ধান্ত নিলাম। মাশরাফি, সালাউদ্দিন ভাইও খুব করে চেয়েছিলেন, আমি কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলি।