'টি-টোয়েন্টিটা একটু বেশি বেশিই হয়ে যাচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বিখ্যাত বাবা, তার চেয়েও বিখ্যাত চাচা সম্পর্কে এত বলতে হয়েছে যে, প্রথমেই শর্ত দিয়ে দিলেন, ক্রিকেটিং ফ্যামিলি-সংক্রান্ত কোনো প্রশ্ন করা যাবে না। তাতে কী, এর বাইরেও প্রশ্নের অভাব আছে নাকি! বিনা দ্বিধায় সেই শর্তে রাজি হয়ে কাল সকালে দিল্লির ‘দ্য ললিত’ হোটেলে শন পোলক-এর মুখোমুখি বসলেন উৎপল শুভ্র
দিল্লির ‘দ্য ললিত’ হোটেলে প্রথম আলোর মুখোমুখি শন পোলক l ছবি: উৎপল শুভ্র
দিল্লির ‘দ্য ললিত’ হোটেলে প্রথম আলোর মুখোমুখি শন পোলক l ছবি: উৎপল শুভ্র

শুভ্র: আপনি তো ক্রিকেটের যুগ বদলের সন্ধিক্ষণে বিদায় নিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন, আইপিএলও...

পোলক: প্রথম আইপিএলটা খেলেছিলাম, তবে সেটি আমার ক্যারিয়ারের শেষে এসে। তখন খেলাটা এত একপেশে ছিল না, বোলারদেরও কিছু করার ছিল। কিন্তু গত কিছুদিন ব্যাটিংটা এমন বিধ্বংসী হয়ে গেছে যে কী বলব! কখনো মনে হয়, এখন কয়েকটা ম্যাচ খেলতে পারলে খারাপ হতো না! বোলারদের তুলাধোনা হতে দেখি আর ভাবি, আমি ওর জায়গায় থাকলে কী করতাম? কোনো একটা উপায় কি বের করতে পারতাম!

শুভ্র: আপনাকে জিজ্ঞেস না করেই একটা কথা বলে দিচ্ছি, আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ ২০০৩ বিশ্বকাপ। যখন শ্রীলঙ্কার বিপক্ষে হিসাবে ভুল করে ‘টাই’ করার পর বিদায় নিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।

পোলক: মজার ব্যাপার কি জানেন, খেলার সময় জয়-পরাজয় নিয়ে এত আচ্ছন্ন হয়ে থাকতাম, খেলা ছাড়ার পর কিন্তু সেসব এত বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না। উল্টো করে যদি বলি, ২০০৩ বিশ্বকাপ ও এর পরের সময়টা বরং আমার জন্য ভালো ছিল। বিরূপ ওই সময়, বিশ্বকাপ থেকে বিদায়, গায়ে ডাকওয়ার্থ-লুইসের একটা দাগ লেগে যাওয়া...আমার কাছে কিন্তু ডাকওয়ার্থ-লুইসের পাতাটাই ছিল না। ওটা ছিল কোচদের কাছে। তবে অধিনায়ক হিসেবে সব দায় তো আমারই। ওই সময়টায় নিজের সম্পর্কে অনেক কিছু জেনেছি। অমন কঠিন সময় আপনাকে ভেঙেচুরে দিতে পারে না, বরং নতুন করে গড়তে পারে। অনেক কিছু শেখা যায়। জীবন শুধুই ফুলশয্যা হলে আপনি নিজের সম্পর্কে জানতে পারবেন না। আক্ষেপের কথা যদি বলেন, আমাদের সব বিশ্বকাপ অভিযানই তো তা-ই। আমরা প্রায় প্রতিবারই জেতার মতো দল নিয়ে নেমেছি, কিন্তু প্রতিবারই সেই একই গল্প।

শুভ্র: ঠিক এই প্রশ্নটাই করতাম এরপর। বিশ্বকাপে এসে দক্ষিণ আফ্রিকার এমন মুখ থুবড়ে পড়ার কোনো কারণ কি আপনি খুঁজে পান?

পোলক: এটা অনেক কিছুর সংমিশ্রণ। বিশ্বকাপ জিততে ভাগ্যের একটু ছোঁয়া লাগে, যা আমরা অনেকবারই পাইনি। বিশ্বকাপ জিততে নির্দিষ্ট একটা সময়ে সামর্থ্যের পূর্ণ প্রকাশ ঘটাতে হয়, যা আমরা পারিনি। একটা নির্দিষ্ট কারণ বলা কঠিন। একদিন না একদিন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জিতবেই। তত দিন পর্যন্ত এই বোঝাটা নিয়েই আমাদের পথ চলতে হবে। সংবাদমাধ্যম, সাধারণ জনগণ এটা মনে করিয়ে দেবেই, তাতে চাপ আরও বাড়বে।

শুভ্র: দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ঘোর অন্ধকারের সময়টায় আপনি অধিনায়ক হয়েছিলেন। হানসি ক্রনিয়ে ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করার পর অধিনায়কত্ব পেয়ে আপনার কী মনে হয়েছিল?

পোলক: খুব কঠিন এক সময়। আমি তখন সহ-অধিনায়ক ছিলাম ঠিকই, কিন্তু অধিনায়ক হবই, এই নিশ্চয়তা তো ছিল না। হলেও আমি ভেবেছিলাম আরও তিন-চার-পাঁচ বছর পর। ক্রনিয়ের ওই ঘটনা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ভিত ধরে নাড়া দিয়েছিল। অধিনায়ক হিসেবে আমার কাজ ছিল, সেটিকে পেছনে ফেলে সবাইকে সামনের দিকে তাকাতে বলা। তবে কাজটা খুব কঠিন ছিল। কারণ ওই ঘটনার পর অধিনায়কের অনেক ক্ষমতাই কেড়ে নেওয়া হয়েছিল। দল নির্বাচনে কোনো ভূমিকা রাখার সুযোগও। তবে সব মিলিয়ে অধিনায়কত্বের সময়টা আমি উপভোগই করেছি। ট্যাকটিকস ঠিক করা, এর সঙ্গে দলের প্রশাসনিক দিক সামলানো—ভালোই লাগত এসব।

শুভ্র: ক্রনিয়ের ওসব কাণ্ডের কথা জানার পর নিজেকে প্রতারিত মনে হয়নি?

পোলক: বিস্ময়টাই বেশি ছিল। তবে আমার মনে হয় না, কোনো ম্যাচ পাতানো ছিল। ক্রনিয়ে সম্ভাব্য গেমপ্ল্যান, একাদশ এমন সব বিষয়ে প্রচুর তথ্য দিয়েছে। এটাও ঠিক হয়নি। আমি এভাবে দেখি, আমরা সবাই রক্ত-মাংসের মানুষ, সবাই ভুল করি। ক্রনিয়ে অন্তত নিজের কৃতকর্মের দায়িত্ব নেওয়ার মতো সাহস দেখিয়েছে। এসবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিশ্ব ক্রিকেটে আরও অনেকেই তা করেনি। এ জন্য আমি ওকে শ্রদ্ধা করি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ওর যে অবদান, সেটির জন্যও আমার শ্রদ্ধা আছে।

শুভ্র: ক্যালিস-বাউচার এমন আরও অনেকের সঙ্গে কথা বলেও ক্রনিয়ে সম্পর্কে একটা শ্রদ্ধাবোধ টের পেয়েছি। আপনিও দেখছি তাঁদের দলেই। কেন, একটা লোক, যাঁকে আপনারা আদর্শ মানতেন, তিনি অমন সব কাণ্ড করেছেন, তারপরও শ্রদ্ধাটা আসে কোত্থেকে?

পোলক: ব্যাপারটা এভাবে দেখুন, আপনি যখন দলে নতুন এসেছেন, ক্রনিয়ে তখন অধিনায়ক। আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছাপ রাখার চেষ্টা করছেন, তখন ক্রনিয়ে ও বব উলমার আপনার ক্যারিয়ার গড়ে দেওয়ার চেষ্টা করছেন। ডেবুট্যান্ট থেকে একদিন আপনি দলের সিনিয়র খেলোয়াড়, দেশকে ম্যাচ জেতাচ্ছেন...ক্রনিয়ে কাউকে কিছু তথ্য দিয়েছে বলে আপনি এসব কিছু উড়িয়ে দিতে পারেন না। আমরা হতাশ হয়েছিলাম, হতবাকও, কিন্তু আমরা সবাই ভুল করি। হ্যাঁ, এটা ছিল অনেক গুরুতর ভুল। তাতেও বাকি সবকিছু মিথ্যা হয়ে যায় না।

শুভ্র: ক্রিকেট পরিবারে জন্ম আপনার। ছোটবেলা থেকে অনেক ক্রিকেটারকে দেখেছেন, পরে খেলেছেন অনেকের সঙ্গে, এখনো দেখছেন। তাঁদের মধ্য থেকে যদি সেরা পাঁচ বেছে নিতে বলি...

পোলক: এটা খুব কঠিন। আমি যে সময়ে খেলেছি, ওই সময়ে খেলতে পারার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। কী সব খেলোয়াড় ছিল! বোলিংয়ের কথা যদি বলি, ওয়াসিম ও ওয়াকার, কার্টলি ও কোর্টনি...স্পিনারদের কথা বললে দুই মুশতাক, ওয়ার্ন, মুরালিধরন...ব্যাটিংয়ের কথা বললে লারা, টেন্ডুলকার, শেবাগ, গিলক্রিস্ট, পন্টিং, দুই ওয়াহ...কাকে ছেড়ে আমি কাকে নেব! লোকে এখনো এসে বলে, নব্বইয়ের শেষের ওই সময়টায় আমাদের খেলা তারা কেমন উপভোগ করত!

শুভ্র: আপনি নিজে বিখ্যাত এক পেস জুটির অংশীদার। আপনার দেখা সেরা পেস জুটি কোনটি?

পোলক: বিশ্বের যেকোনো মাঠে যেকোনো উইকেটে বোলিং করতে হবে, এটা ভেবে কোনো জুটিকে বেছে নিতে বললে আমি বলব, ওয়াসিম ও ওয়াকার। একজন ডানহাতি, আরেকজন বাঁহাতি, নতুন বলে সুইং করাতে পারত, পুরোনো বলে রিভার্স সুইং, ফ্ল্যাট উইকেট বলুন বা সিমিংবান্ধব উইকেট—সবখানেই দুর্দান্ত। সবকিছু মিলিয়ে ওরাই সেরা।

              ম্যাচ     রান    সর্বোচ্চ    গড়    উইকেট   সেরা      গড়

টেস্ট          ১০৮   ৩৭৮১    ১১১    ৩২.৩১    ৪২১     ৭/৮৭    ২৩.১১

ওয়ানডে     ৩০৩   ৩৫১৯    ১৩০    ২৬.৪৫   ৩৯৩    ৬/৩৫   ২৪.৫০

টি-টোয়েন্টি   ১২     ৮৬     ৩৬*    ১২.২৮    ১৫     ৩/২৮    ২০.৬০