'টেকনিকে ঘাটতিই বড় সমস্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঢাকায় এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে ফুটে উঠেছিল বাংলাদেশের গোলকিপিং দুর্বলতা। সামনে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে তা কাটিয়ে উঠতে কাজ করছেন ক্রিস্টিয়ান শোয়েচলার। জার্মানির এই গোলরক্ষক কোচের ক্লাসে এরই মধ্যে গিয়েছেন জনা পনেরো গোলরক্ষক

ক্রিস্টিয়ান শোয়েচলার।
ক্রিস্টিয়ান শোয়েচলার।

 গোলরক্ষকদের নিয়ে কাজ করছেন। শুরুতে কোন দিকটার ওপর জোর দিচ্ছেন?
ক্রিস্টিয়ান শোয়েচলার: অনেক কিছু নিয়েই কাজ করতে হবে। সামনে খেলা আছে জাতীয় দলের। প্রথমে দেখতে হবে জাতীয় দলে আসতে পারে কারা। সেই বাছাই-ই করছি এখন।
 গত কয়েক দিনে কী ধারণা পেলেন?
শোয়েচলার: সবকিছু এখনো আমার কাছে পরিষ্কার নয়। আগে তো সবাইকে দেখতে হবে। তাই নিয়মিত প্রিমিয়ার লিগের ওপর চোখ রাখছি। এই কদিনে ১৫ জনের মতো গোলরক্ষককে শেখ জামাল মাঠে এনে দেখেছি। একেকটি সেশন করেছি দুই ঘণ্টারও বেশি সময় ধরে।
 আগামী মাসে ঢাকায় কিরগিজস্তান ও তাজিকিস্তানের সঙ্গে ম্যাচ আছে। কোনো নতুন গোলরক্ষক কি দেখা যেতে পারে?
শোয়েচলার: এখনই বলা কঠিন। নতুন গোলকিপার দেখা গেলেও নাম বলতে পারব না। কাউকে আমার খুব ভালো লাগলে হেড কোচের সঙ্গে আলোচনা করার ব্যাপার আছে। তবে আপনার প্রশ্নটাকে উড়িয়ে দিচ্ছি না।
 এমনিতে বাংলাদেশের গোলকিপারদের বড় সমস্যা কী ধরা পড়েছে আপনার চোখে?
শোয়েচলার: মূল সমস্যা হলো, টেকনিকের ঘাটতি। বিশেষ করে সেট পিসে কীভাবে সাড়া দিতে হবে অনেক ক্ষেত্রেই তা তাদের অজানা। ফলে ভুল হয়ে যাচ্ছে এবং গোল হচ্ছে। এই দিকটি নিয়েই আসলে আমাদের বেশি কাজ করতে হবে।
 কিরগিজস্তান ও তাজিকিস্তানের কোনো ভিডিও কী দেখেছেন?
শোয়েচলার: এটা নিয়ে কাজ চলছে। অবশ্যই আমরা প্রতিপক্ষের ভিডিও দেখে সবকিছু বিশ্লেষণ করে নিজেদের পরিকল্পনা সাজাব।
 এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে আপনি ছিলেন। এই নিয়ে দ্বিতীয়বার এলেন। সামগ্রিকভাবে আপনার অভিজ্ঞতা কেমন?
শোয়েচলার: অভিজ্ঞতা খারাপ বলব না। এ দেশে প্রতিভা আছে। তবে গোলকিপারদের কিছু টেকনিক্যাল জ্ঞান থাকা জরুরি। এটার ঘাটতি থাকায় সম্প্রতি এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে ওরা ভালো করতে পারেনি। বিশেষ করে প্রতি-আক্রমণের সময় কীভাবে সামলাতে হবে, কোন পরিস্থিতিতে কীভাবে পোস্ট থেকে বেরোতে হবে, এসব গড়বড় হয়ে গিয়েছিল।
 ওই আসরে তিন ম্যাচে বাংলাদেশ দল ৮ গোলের ৬টিই খেয়েছে ফ্রি-কিক ও কর্নারে। এই সমস্যা আসলেই কাটিয়ে ওঠা সম্ভব?
শোয়েচলার: অবশ্যই সম্ভব। তবে খেলোয়াড়দের আরও অনেক কিছু জানতে হবে। সেট পিসে কীভাবে পজিশন নিতে হয়, কোন বলে আপনি কী ধরনের সাড়া দেবেন এগুলো হাতে-কলমে শেখার বিকল্প নেই। কিছু সময় আমি দেখি, তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। মাঠে মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে মাশুল দিতে হয়। তাই আবার মূল কথাটা বলি, গোলকিপারদের টেকনিক্যালি সমৃদ্ধ হতেই হবে। এর বিকল্প নেই।
 গোলকিপিং কোচের পেশাটা কেমন লাগে আপনার?
শোয়েচলার: আমি গোলকিপার ছিলাম। অল্প বয়সে খেলা ছেড়ে কোচ হয়েছি। ১৬ বছর ধরে এ নিয়ে কাজ করছি। বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের গোলকিপার কোচ ছিলাম। আফ্রিকার কয়েকটি ক্লাব দলে কাজ করার অভিজ্ঞতা আছে। সত্যি বলতে, কাজটা আমার খুব ভালো লাগে, উপভোগ করি।