>নব্বই দশকে স্টিক হাতে শাহবাজ আহমেদের সঙ্গে মাতিয়ে গেছেন ঢাকার হকি। এবার তাহির জামান এসেছেন চার দিনের একটা কোচিং কোর্স পরিচালনা করতে। কাল বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে কোর্সের সমাপনী শেষে সাবেক পাকিস্তানি তারকার কথায় উঠে এল অতীত স্মৃতিচারণাও
*আপনি বিশ্ব হকি ফেডারেশনের সিনিয়র কোচ হিসেবে ঢাকায় এসেছেন। তা বাংলাদেশের নবীন কোচদের কেমন দেখলেন?
তাহির জামান: ভালোই। নবীনদের আগ্রহ অনেক, হকি-জ্ঞানও ভালো। আমি তাদের একটা কথাই বলেছি, ‘কোচ শুড গো টু ফিল্ড।’ মাঠে গিয়ে আপনি আপনার অভিজ্ঞতা বিনিময় করুন খেলোয়াড়দের সঙ্গে। এর বিকল্প নেই। এমন কোর্স যত হবে, ততই ভালো।
*কোচের চোখ দিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স কেমন দেখছেন?
তাহির: সত্যি বলতে, সম্প্রতি ঢাকায় বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ দলের কাছে আরও ভালো কিছু আশা করেছিলাম। উল্টো ওমানের কাছে হেরেছে বাংলাদেশ। এমনিতে বাংলাদেশ দলে স্কিলের ঘাটতি নেই। সবচেয়ে বড় সমস্যা মানসিক।
*শারীরিক-মানসিক উন্নতির জন্য বাংলাদেশের খেলোয়াড়দের তো ইউরোপে পাঠানো হচ্ছে...
তাহির: ইউরোপ যাওয়াই তো বড় নয়, সেখানে গিয়ে তারা কী করছে, কোথায় খেলছে, সেটা দেখতে হবে। খেলোয়াড়দের যদি ইউরোপের কোনো প্রিমিয়ার লিগে খেলানো যায়, তাহলে সেটা ফল দিতে পারে। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়েরা ইউরোপে নিচের দিকের লিগে খেলে বলে শুনেছি, এতে কোনো লাভ হয় বা হবে বলে আমি মনে করি না।
*আপনি যখন ঢাকায় খেলেছেন, সেই সময়ের তুলনায় বর্তমান সময়ে কী পার্থক্য দেখেন? বাংলাদেশের হকি এগোল, না পেছাল?
তাহির: এভাবে বলা কঠিন। তবে একটা বড় পার্থক্য তো আমি দেখি, আগে মানসম্মত খেলোয়াড় ছিল অনেক বেশি। এখন এটা কমে গেছে।
*ঢাকায় আপনার সবচেয়ে মধুর স্মৃতি কোনটি?
তাহির: ছিয়ানব্বইয়ে মোহামেডানের হয়ে টানা তৃতীয় প্রিমিয়ার লিগ শিরোপা জয়। তা ছাড়া আন্তর্জাতিক হকি ফেডারেশনের পরামর্শক হিসেবে ঢাকায় সপ্তাহ দুয়েক কাজ করেছি বাংলাদেশ দলের সঙ্গে। সেবার আমরা এশিয়ান গেমসের কোয়ালিফাইং পর্বে চ্যাম্পিয়ন হই।
*ঢাকায় এমন কিছু কি আছে, যা মিস করেন?
তাহির: (হাসি) অবশ্যই বিরিয়ানি। তা সেটা হাজীর বা নান্নার বিরিয়ানি, যেটাই হোক না কেন।
*জানেন তো অক্টোবরে ঢাকায় এশিয়া কাপ হবে?
তাহির: হ্যাঁ, এটা দারুণ এক সুখবর বাংলাদেশের হকির জন্য। ৩১ বছর পর ঢাকায় এশিয়া কাপের মতো মেগা ইভেন্ট হচ্ছে। এখানে ভালো করলে খেলোয়াড়েরা জাতীয় হিরো হয়ে যাবে। ওদের উচিত সেই সুযোগ নেওয়া। ফেডারেশনও নিশ্চয়ই এটার বাণিজ্যিক দিকটি দেখবে। এখানে কিছু আয় করে তৃণমূলে খরচ করা যাবে।