>

প্রিমিয়ার লিগে এবারও বিদেশি ফুটবলারদের জয়জয়কার। সর্বোচ্চ গোলদাতার তালিকায় প্রথম নয়জনই বিদেশি। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে মোহামেডানের তৌহিদুল আলমের সঙ্গে ৮ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে সাজিদুর রহমান। লিগ নিয়ে কথা হলো আরামবাগের এই স্ট্রাইকারের সঙ্গে
*স্থানীয় খেলোয়াড়দের মধ্যে আপনি এবার যৌথ সর্বোচ্চ গোলদাতা হবেন ভাবতে পেরেছিলেন?
সাজিদুর রহমান: চোটের কারণে মাঠে নেমেছি লিগের প্রথম চার ম্যাচ পর। তাই সর্বোচ্চ গোলদাতা হওয়ার কোনো লক্ষ্য ছিল না। তবে একটা সময় টার্গেট করেছিলাম ১০ গোল করব।
*১৮ ম্যাচে মাত্র ৮ গোল। একজন স্ট্রাইকারের জন্য এটি যথেষ্ট মনে করেন?
সাজিদুর: অবশ্যই নয়। তবে আমাদের এখানে সব দলেই বিদেশি স্ট্রাইকার। আরামবাগেই আমাকে খেলতে হয়েছে উইংয়ে। বিদেশিদের টপকে তাই গোল করার সুযোগ কমই আসে। তারপরও আমাদের আরও চেষ্টা করতে হবে।
*এমনিতে বিদেশিরাই ম্যাচের ভাগ্য গড়ে দেন এখানে। আপনি নিজে কী মনে করেন, কতটা গুরুত্বপূর্ণ হতে পেরেছেন দলের জন্য?
সাজিদুর: এবার শেখ রাসেলের বিপক্ষে আমার গোলেই আরামবাগ জিতেছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড টাইসনের থ্রু ধরে প্রায় শূন্য ডিগ্রি থেকে কোনাকুনি শটে গোলটা করেছি। ফেনী সকারের সঙ্গে ৫-১ গোলের জয়ে আমার দুই গোল। এটিও ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ।
*আপনার জার্সি নম্বর ৩১। এটা কেন?
সাজিদুর: গতবার চ্যাম্পিয়নশিপ লিগে আরামবাগ আমাকে ৯ নম্বর জার্সি দিয়েছিল। এবার ব্রাজিলিয়ান স্ট্রাইকার টাইসন এলে ওকে দিয়ে দেওয়া হয় সেটি। আমি চোটের কারণে বাইরে থাকায় ক্লাব ওভাবে আমাকে এবার বিবেচনায় রাখেনি। তাই কর্মকর্তারা একটা জার্সি দিয়ে দেন। বিশেষ কোনো কারণ নেই।
*আপনার শুরুটা কেমন ছিল?
সাজিদুর: তৃতীয় বিভাগে কদমতলায়, দ্বিতীয় বিভাগে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের হয়ে খেলেছি। ছয় বছর আগে প্রথম বিভাগে ওয়ান্ডারার্সে নাম লিখিয়েও নানা কারণে খেলতে পারিনি। গতবার প্রিমিয়ারের দল রহমতগঞ্জে ছিলাম। কিন্তু জন্ডিস হওয়ায় মাঠের বাইরে ছিলাম। ফিট হওয়ার পর গত চ্যাম্পিয়নশিপ লিগে আরামবাগ আমাকে লোনে নেয়।
*শুনেছি, আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে। সেই কষ্টটা আসলে কেমন ছিল?
সাজিদুর: রাজশাহীর টিকাপাড়া থেকে একটা ছেলের ঢাকায় এসে জায়গা করে নেওয়া সহজ নয়। তৃতীয় বিভাগ-দ্বিতীয় বিভাগে টাকাপয়সা পেতাম না। বাসায় গেলে ক্লাব থেকে হয়তো ১-২ হাজার টাকা দিত। শুরুতে বুট কেনার জন্য দিত ৪-৫ হাজার টাকা। অনেক কষ্ট করেছি। ফ্লোরে ঘুমাতাম। খাওয়াদাওয়া ভালো ছিল না।
*এখন নিশ্চয়ই পেছনের কথা ভাবলে ভালো লাগে?
সাজিদুর: হ্যাঁ, ভালো লাগে। জীবনে কিছুটা পরিবর্তন এসেছে। আসলে আমার বাবা মোহাম্মদ মারফুর রহমানের প্রেরণাতেই এত দূর আসা। ক্যানারি ওয়ার্ফের ট্রায়ালের সময় এক সপ্তাহ ছিলেন আমার সঙ্গে বিকেএসপিতে। ওখানে অতিথি রাখা যেত না। বাবা বিকেএসপির বাইরে থাকতেন।
*ক্যানারি ওয়ার্ফের হয়ে ইংল্যান্ড সফর করে এসেছেন। সেই অভিজ্ঞতা কেমন?
সাজিদুর: ২০০৬ সালে অনূর্ধ্ব-১৪ ক্যানারি ওয়ার্ফের হয়ে প্রশিক্ষণ নিতে প্রথম ঢাকায় আসি। আমাদের চিফ কো-অর্ডিনেটর ছিলেন সংগঠক ফজলুর রহমান বাবুল ভাই। কোচ গোলাম সারোয়ার টিপু। আমরা ইংল্যান্ডে যাই ২০০৮ সালের অক্টোবরে। ওয়েস্ট হাম একাডেমি, বেকহাম একাডেমি দেখানো হয় তখন আমাদের।